আলীমকে নিরাপত্তা হেফাজতে নিতে রাষ্ট্রপক্ষের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমকে ‘ন্যায়বিচারের স্বার্থে’ নিরাপত্তা হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল বুধবার এ আবেদন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত।আবেদনে বলা হয়, ‘অনলাইন পত্রিকা বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমের লিংক থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আল্লামা শফীর নেতৃত্বে হেফাজতে ইসলামের সাম্প্রতিক লংমার্চের সঙ্গে যে ষড়যন্ত্র জড়িত, তাতে যুদ্ধাপরাধে অভিযুক্ত আবদুল আলীমকে হিট করার জন্য তারা এরই মধ্যে পাকিস্তান থেকে স্নাইপার এনেছে। এই ঘটনা ঘটিয়ে দিতে পারলেই জামায়াতে ইসলামী দেখাতে পারবে যে এই ট্রাইব্যুনালে আটক ব্যক্তিরা নিরাপদ নন এবং এ বিচার পুরোই প্রহসন।’শুনানিতে রানা দাশগুপ্ত ওই সংবাদকে উদ্বেগজনক উল্লেখ করে ট্রাইব্যুনালকে তা আমলে নেওয়ার আরজি জানিয়ে বলেন, ন্যায়বিচারের স্বার্থে এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামি আবদুল আলীমের যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণের তাগিদে তাঁকে নিরাপত্তা হেফাজতে নেওয়া প্রয়োজন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, আপনি আলীমের জামিন বাতিলের কথা বলছেন না তো?রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, ‘আমরা তা বলছি না, তবে তাঁর নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রাইব্যুনালকে একটি সিদ্ধান্ত নেওয়ার আবেদন করছি।’ ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান, যেসব দিনে আলীমের মামলা রয়েছে, সেসব দিনে তাঁর যাতায়াতের সময় পুলিশি নিরাপত্তা দিলে হবে? জবাবে রানা দাশগুপ্ত এতে সম্মতি জানান।ট্রাইব্যুনাল আসামিপক্ষের আইনজীবী আহসানুল হকের কাছে জানতে চান, এ বিষয়ে কি তাঁদের আপত্তি আছে? জবাবে তিনি আপত্তি নেই বলে জানান।নিরাপত্তা নিতে আপত্তি আছে কি না, ট্রাইব্যুনালের এ প্রশ্নে আলীম বলেন, তাঁর আপত্তি নেই, তবে তিনি এ জন্য কোনো খরচ করতে পারবেন না। ট্রাইব্যুনাল বলেন, ‘আপনাকে খরচ করতে হবে না, রাষ্ট্রের খরচে আপনার নিরাপত্তা দেওয়া হবে।’ পরে আলীমের নিরাপত্তার বিষয়ে আদেশের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।পরে এক প্রশ্নের জবাবে রানা দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই ন্যায়বিচার হোক এবং আলীম নিরাপদে থাকুন। সে জন্যই আবেদনটি করা হয়েছে।’শারীরিক অসুস্থতার জন্য ২০১১ সালের ৩১ মার্চ থেকে জামিনে থাকা আলীম মামলার কার্যক্রমের দিনে ট্রাইব্যুনালে হাজির থাকছেন।