আলীমকে ২১ জুলাই ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামিনে থাকা বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমকে আগামী ২১ জুলাই ফের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জামিনের কোনো শর্ত ভঙ্গ না করায় ট্রাইব্যুনাল তাঁর জামিন আদেশ বহাল রেখে হাজিরের এ নতুন দিন ধার্য করেন। আজ বৃহস্পতিবার বেলা ১০টা ৩৮ মিনিটে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ দিন ধার্য করেন। একই সঙ্গে ট্রাইব্যুনাল ওই দিন তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দিতে প্রসিকিউশনকে আদেশ দেন। এর আগে সকাল ১০টার দিকে তিনি হুইল চেয়ারে করে ট্রাইব্যুনালে হাজির হন। গত ৩১ মার্চ ট্রাইব্যুনাল আবদুল আলীমের বয়স ও স্বাস্থ্যগত দিক বিবেচনা করে কয়েক দফা শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন। তবে শর্ত ভঙ্গ করলে তাত্ক্ষণিক জামিন বাতিল করে কারাগারে পাঠানো হবে বলে জানানো হয়েছিল। আলীমের ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় এক লাখ টাকা মুচলেকায় ওই দিন তাঁর জামিন মঞ্জুর করা হয়। একই সঙ্গে আজ ২৮ এপ্রিল আলীমকে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে তদন্ত সংস্থা প্রসিকিউশন প্যানেলের মাধ্যমে আলীমকে গ্রেপ্তার ও আটক রাখার জন্য ২৩ মার্চ ট্রাইব্যুনালে আবেদন করেন। পরদিন ট্রাইব্যুনাল ২৭ মার্চ শুনানির দিন ধার্য করেন। ওই দিন শুনানি নিয়ে ট্রাইব্যুনাল আলীমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আর গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেন। এরপর ২৭ মার্চ রাতে জয়পুরহাট শহরের সদর রোডের বাসভবন থেকে আবদুল আলীমকে গ্রেপ্তার করা হয়। জয়পুরহাট থেকে ২৮ মার্চ সকাল সাড়ে আটটার দিকে প্রিজন ভ্যানে করে তাঁকে প্রথম ট্রাইব্যুনালে আনা হয়।