আলীমের জামিন রোববার পর্যন্ত
বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের জামিনের মেয়াদ আগামী রোববার পর্যন্ত বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে শুনানি শুরু করেছে রাষ্ট্রপক্ষ।আজ মঙ্গলবার বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে, আলীমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি ছয় সপ্তাহ মুলতবি করার আরজি জানান তাঁর আইনজীবী তারিকুল ইসলাম।এ ছাড়া তাঁর জামিনের মেয়াদ বাড়ানোরও আবেদন করা হয়।ট্রাইব্যুনাল-২ বলেন, আগামী রোববার আলীমের পূর্ণাঙ্গ জামিন আবেদনের ওপর শুনানি হবে। কারণ, জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন এ ট্রাইব্যুনালে গ্রহণযোগ্য নয়।ট্রাইব্যুনাল-১ আলীমকে জামিন দিয়েছিলেন। এ জন্য সেখানে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করলেই হতো। এ ট্রাইব্যুনাল আরেকটি স্বতন্ত্র ট্রাইব্যুনাল হওয়ায় এখানে নতুন করে আবার জামিনের আবেদন করতে হবে। তার পরও ট্রাইব্যুনাল-২ নিজ ক্ষমতাবলে জামিনের মেয়াদ রোববার পর্যন্ত বৃদ্ধি করেন।এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী রানা দাস গুপ্ত অভিযোগের বিষয়ে শুনানি শুরু করেন। ট্রাইব্যুনালে আলীমের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।