আলীমের নির্দেশে জব্বল হোসেনকে হত্যা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী মো. গোলাম রসূল। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে আলীমের নির্দেশে শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর সদস্যরা তাঁর শ্বশুর জব্বল হোসেনকে চরম নির্যাতন করে হত্যা করে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গোলাম রসূলের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জবানবন্দিতে গোলাম রসূল (৫৯) বলেন, তাঁর বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি থানার ধরইল গ্রামে। একাত্তরে তিনি উচ্চমাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। কনভেনশন মুসলিম লীগের নেতা আবদুল আলীম একাত্তরের ১৬ থেকে ১৯ এপ্রিলের মধ্যে জামায়াতে ইসলামী, নেজামী ইসলামী এবং সত্তরের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে পরাজিত দলের সদস্যদের নিয়ে জয়পুরহাটে শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠন করেন। আলীম ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান। ওই সময় পাঁচবিবি থানায়ও তাঁর নির্দেশে শান্তি কমিটি গঠিত হয়। শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর সদস্যরা পাকিস্তানি সেনাদের সঙ্গে যোগসাজশে পাঁচবিবিতে বিভিন্ন ধ্বংসাত্মক কাজ ও লুটতরাজ চালায়। এসব তিনি দেখেছেন ও লোকমুখে শুনেছেন।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ২০ এপ্রিল তিনি গ্রামের বাড়ি ধরইলে ছিলেন। সেদিন ছিল মঙ্গলবার, পাঁচবিবিতে হাটবার। তাঁর বাড়ি থেকে পাঁচবিবির দূরত্ব ছিল পশ্চিম দিকে পাঁচ-ছয় কিলোমিটার। পাকিস্তানি সেনাদের বহর সেদিন ঘোড়াঘাট থেকে পাঁচবিবি যায়। আলীমের নেতৃত্বে শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর সদস্যরা পাকিস্তানি সেনাদের সহযোগিতা করে। সেনাদের গুলিতে কয়েকজন মারা যান। ভয়ে তিনি বাড়ির দক্ষিণে বাঁশঝাড়ে গিয়ে লুকান।গোলাম রসূল জবানবন্দিতে বলেন, মে মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রামে কর্মরত তাঁর শ্বশুর জব্বল হোসেন আহত অবস্থায় গ্রামে যান। তিনি ইপিআরের (ইস্ট পাকিস্তান রাইফেলস) সুবেদার হিসেবে কর্মরত ছিলেন; হাতে, পায়ে, ঊরুতে ও মাথায় আঘাত পেয়েছিলেন। গোপনে তাঁর চিকিৎসা করানো হয়। শ্বশুরের কাছ থেকে তিনি জানতে পারেন, ২৬ মার্চ থেকেই চট্টগ্রামে যুদ্ধ শুরু হয়ে যায়। ইপিআরের অস্ত্রাগারের চাবি ছিল পাকিস্তানি সেনাদের কাছে। এতে ইপিআরের বাঙালি সেনারা নিজেদের অসহায় মনে করে পাকিস্তানি সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। তাঁর শ্বশুর চাবি পেয়ে অস্ত্রাগার খুলে দেন। বাঙালি সেনারা আত্মরক্ষার জন্য অস্ত্র হাতে নেন। এ সময় পাকিস্তানি সেনারা ইপিআরের বাঙালি সেনাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। ওই গুলিতেই তিনি আহত হন।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, তাঁর (সাক্ষী) বাড়িতে থাকা নিরাপদ মনে না করে শ্বশুর পরিবারসহ পাশের গ্রামের নাজিমুদ্দীনের বাড়িতে আশ্রয় নেন। কিন্তু বিশেষ সূত্রের মাধ্যমে খবর পেয়ে মহকুমা শান্তি কমিটির চেয়ারম্যান আলীম তাঁর শ্বশুরকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পাঁচবিবিতে অবস্থিত পাকিস্তানি সেনা ক্যাম্পের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর সদস্যরা গাড়ির বহর নিয়ে নাজিমুদ্দীনের গ্রামে আক্রমণ করে তাঁর শ্বশুরকে ধরে নিয়ে যায়। সেদিন সম্ভবত ২০ নভেম্বর, ঈদের দিন। ওই বিশেষ সোর্সের নাম ছিল আলামুদ্দিন।গোলাম রসূল বলেন, ঘটনা জানতে পেরে তিনি শাশুড়িকে নিয়ে শাওনলাল বাজলার গদিঘরে শান্তি কমিটির ক্যাম্পে গিয়ে আলীমের সঙ্গে দেখা করেন। আলীমকে অনেক অনুরোধ করে শ্বশুরের অবস্থান জানতে চান। আলীম তাঁকে জানান, জব্বল হোসেনকে বগুড়া গোয়েন্দা শাখায় রাখা হয়েছে। তিনি (সাক্ষী) ও তাঁর শাশুড়ির বারবার অনুরোধের পরিপ্রেক্ষিতে আলীম একটি চিঠি লিখে খামে ভরে তা বগুড়া নিউমার্কেটের মালিক রফিক খান বিহারিকে দিতে বলেন। রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, চিঠিতে কী লেখা ছিল তা তাঁর জানা নেই। পরে তাঁরা বগুড়া যান। রাস্তাঘাটের অবস্থা খারাপ থাকায় বগুড়া পৌঁছাতে দুই দিন লাগে। রফিক খান বিহারির সঙ্গে দেখা করে তাঁকে চিঠি দিলে তিনি তাঁদের গোয়েন্দা শাখা ও বগুড়া কারাগারসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেন। কিন্তু শ্বশুরের খোঁজ মেলে না। পরে তাঁরা বাড়ি ফিরে আবার আলীমের সঙ্গে পরপর দুদিন দেখা করেন। আলীম তাঁদের রেগে গিয়ে বলেন, ‘তোমার শ্বশুর চট্টগ্রামে পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধ করেছেন, অতএব তাঁকে ছাড়া যাবে না।’ আলীমের সঙ্গে দেখা করে ফেরার পথে তাঁর সঙ্গে চিকিৎসক ফরিদ আহমেদের দেখা হয়। ফরিদ আহমেদ তাঁদের নিশ্চিত করেন, আলীমের নির্দেশে শান্তি কমিটির সদস্য ও রাজাকারেরা জব্বল হোসেনকে চরম নির্যাতন করে হত্যা করে। জবানবন্দি শেষে গোলাম রসূলকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান। আজ মঙ্গলবার আবার তাঁকে জেরা করা হবে।