আলীমের পুনর্বিবেচনার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আদেশ দেন।আদেশে বলা হয়, আসামিপক্ষ যেসব কারণ উল্লেখ করে পুনর্বিবেচনা চেয়েছে, সেগুলো একমাত্র বিচারের মাধ্যমেই নির্ণয় করা সম্ভব। এ জন্য অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। জামিনে থাকা আলীম আজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।১১ জুন তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এতে মানবতাবিরোধী অপরাধের ১৭টি অভিযোগ আনা হয়েছে।২০১১ সালের ২৭ মার্চ জয়পুরহাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ৩১ মার্চ ট্রাইব্যুনাল-১ তাঁর জামিন মঞ্জুর করেন। মামলাটি ট্রাইব্যুনাল-১ এ বিচারাধীন ছিল। চলতি বছরের ১৬ এপ্রিল মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। এরপর এই ট্রাইব্যুনাল থেকেও তিনি জামিন পান।এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ সব মামলার কার্যক্রম মুলতবি করা হয়েছে। গতকাল বুধবার এই ট্রাইব্যুনালের এজলাসের ফলস সিলিংয়ের একটি স্লাব খসে পড়ায় মামলার কার্যক্রম মুলতবি করা হয়। পরে গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা এসে এটি মেরামত করেন। আজও মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ চলায় সব মামলার কার্যক্রম মুলতবি করা হয়েছে।ট্রাইব্যুনাল-১-এর ডেপুটি রেজিস্ট্রার মেছবাহ উদ্দিন আহমেদ জানান, আগামী রোববার থেকে নির্ধারিত মামলার কার্যক্রম চলবে।