আলীমের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল
মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৪ এপ্রিল। ওই দিন পর্যন্ত তিনি জামিনে থাকবেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার আলীমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ আমলে নিয়ে আদেশ দেন। আলীমের উপস্থিতিতে দেওয়া আদেশে বলা হয়, আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ, তদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি ও অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র পরীক্ষা করে বিচারের জন্য প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। এ জন্য কার্যপ্রণালি বিধিমালার ২৯(১) বিধি অনুসারে তাঁর বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হলো। ২৪ এপ্রিল রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে শুনানি করবে।এই আদেশের পর আলীমের জামিনের মেয়াদ বাড়ানোর আরজি জানিয়ে আসামিপক্ষের আইনজীবী মুন্সী আহসান কবীর ট্রাইব্যুনালে বলেন, আসামি কখনো জামিনের অপব্যবহার করেননি। তিনি ট্রাইব্যুনালের দেওয়া সব শর্ত মেনে চলছেন এবং তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতা করেছেন। শারীরিক অবস্থা বিবেচনা করে ট্রাইব্যুনাল তাঁকে জামিন দিয়েছেন, দিনে দিনে তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত জামিনের বিরোধিতা করে বলেন, এত দিন আসামির বিরুদ্ধে তদন্ত চলছিল। এখন তদন্ত শেষ, ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন। তাঁকে স্বাস্থ্যগত যেসব কারণে জামিন দেওয়া হয়েছিল, আসামিপক্ষ সেসব কারণ উল্লেখ করে গোলাম আযমেরও জামিন চেয়েছিল। কিন্তু অভিযোগ আমলে নেওয়ায় ট্রাইব্যুনাল গোলাম আযমের জামিন মঞ্জুর করেননি। কয়েকটি মামলার উদাহরণ দিয়ে কৌঁসুলি আরও বলেন, বিচার প্রক্রিয়ার এই স্তরে জামিনের কোনো নজির নেই।শুনানি শেষে ট্রাইব্যুনাল আলীমের জামিনের মেয়াদ ২৪ এপ্রিল পর্যন্ত বাড়ান। এই আদেশে বলা হয়, মানবিক কারণে আসামিকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছিল। তিনি এসব শর্তের কোনো অপব্যবহার করেননি।আবদুল আলীমকে গত বছরের ২৭ মার্চ জয়পুরহাটে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শারীরিক অবস্থা বিবেচনায় ৩১ মার্চ ট্রাইব্যুনাল তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেন। এসব শর্তের মধ্যে রয়েছে: আলীমের পাসপোর্ট ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে জমা থাকবে, বনানীতে ছেলে ফয়সাল আলীমের বাসায় থাকতে হবে এবং ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ঠিকানা পরিবর্তন করা যাবে না, গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে পারবেন না, একাত্তরে নির্যাতিত কোনো ব্যক্তি বা সাক্ষী বা রাজনৈতিক ব্যক্তি বা দলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৭৪টি অভিযোগ এনে রাষ্ট্রপক্ষ চলতি বছরের ১৫ মার্চ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ওই দিন রানা দাশগুপ্ত সাংবাদিকদের বলেছিলেন, একাত্তরে আলীম জয়পুরহাট মহকুমা শান্তি কমিটির প্রধান ও রাজাকার বাহিনীর কমান্ডার ছিলেন। তাঁর বিরুদ্ধে জয়পুরহাটের কাদিরপুরে গণহত্যার (ওই ঘটনায় ৩৩৭ জন নিহত হন) সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।