বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গঠিত অভিযোগ পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে ২৮ জুন আদেশ দেওয়া হবে। আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে দুই সদস্যের ট্রাইব্যুনাল-২ এ বিষয়ে শুনানি শেষে এ তারিখ ধার্য করেন।এর আগে আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গঠিত অভিযোগ পুনর্বিবেচনার আবেদন জানান তাঁর আইনজীবী। আসামিপক্ষের আইনজীবী মুন্সি আহসান কবির বলেন, আলীমের বিরুদ্ধে গঠিত অভিযোগে তাঁকে রাজাকার ও শান্তি বাহিনীর আঞ্চলিক নেতা দেখানো হয়েছে। কিন্তু আনুষ্ঠানিক অভিযোগে আলীমকে জয়পুরহাট মহকুমার শান্তি কমিটির চেয়ারম্যান বলা হয়েছিল। তাই এটি সংশোধন হওয়া প্রয়োজন। না হলে আসামি ক্ষতিগ্রস্ত হবেন।পাল্টা যুক্তি দিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাসগুপ্ত বলেন, ‘আমরা আনুষ্ঠানিক অভিযোগে আসামি আলীমকে জয়পুরহাটের শান্তি কমিটির চেয়ারম্যান বলেছি। কিন্তু সাক্ষীদের জবানবন্দি ও তদন্ত প্রতিবেদন দেখে ট্রাইব্যুনাল যা সঠিক মনে করেছেন, তা-ই করেছেন।’ উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশের তারিখ ধার্য করেন।