আলীমের বিরুদ্ধে অষ্টম সাক্ষীর জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী বিউটি খানমের জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবী। আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই জেরা হয়। এই মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ১৫ জানুয়ারি ধার্য করা হয়েছে।আবদুল আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। বিউটি খানমকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক ও খলিলুর রহমান। জেরার সময় বেশ কয়েকবার একই প্রশ্ন করলে সাক্ষী অসন্তোষ প্রকাশ করেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, আপনারা নিজেদের মধ্যে ঠিক করে নেবেন কে কোন প্রশ্ন করবেন।জেরা শেষ হলে আসামিপক্ষের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ১৫ জানুয়ারি ধার্য করেন ট্রাইব্যুনাল।বিউটি খানম জবানবন্দিতে বলেছিলেন, একাত্তরে আলীমের নির্দেশে তাঁর বাবা জব্বল হোসেনকে হত্যা করা হয়। বাবাকে বাঁচাতে তাঁর মা আলীমের পা ধরে কান্নাকাটি করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।