আলীমের বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্য নেওয়া শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার রাষ্ট্রপক্ষের ৩৩ ও ৩৪তম সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। সাক্ষী দুজন হলেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার গ্রন্থাগারিক আনিসুর রহমান ও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার নবিবুর রহমান।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ এই দুই সাক্ষীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক অসুস্থতার কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জবানবন্দিতে সাক্ষীরা ট্রাইব্যুনালের সামনে বেশ কিছু নথি উপস্থাপন করেন। জবানবন্দি শেষে ৩৩তম সাক্ষী আনিসুর রহমানকে কোনো জেরা করেনি আসামিপক্ষ। তবে ৩৪তম সাক্ষী নবিবুর রহমানের জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান তাঁকে জেরা করেন। জেরা শেষে এ মামলার পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য ১১ জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। রানা দাশগুপ্ত আজ প্রথম আলো ডটকমকে জানান, ৩৩ ও ৩৪তম সাক্ষী ছিলেন এ মামলার জব্দ তালিকার শেষ সাক্ষী। পরবর্তী ধার্য দিনে এ মামলার শেষ সাক্ষী হিসেবে মামলার তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দেবেন।