আলীমের বিরুদ্ধে আরও নয়টি ঘটনার বর্ণনা দিল রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানিতে গতকাল বৃহস্পতিবার আরও নয়টি ঘটনার বিবরণ দিয়েছে রাষ্ট্রপক্ষ।সকালে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত অভিযোগগুলো তুলে ধরেন। গত বুধবার প্রথম দিনে আলীমের বিরুদ্ধে ১৭টি ঘটনার বিবরণ দেয় রাষ্ট্রপক্ষ। তাঁর বিরুদ্ধে মোট ২৮টি ঘটনায় ৭৪টি অভিযোগ আনা হয়।গতকাল রাষ্ট্রপক্ষের অভিযোগ উত্থাপন শেষ হয়। আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম ৩০ দিনের সময় চেয়ে আবেদন করেন। ট্রাইব্যুনাল ৩ মে পর্যন্ত সময় মঞ্জুর করেন।শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, একাত্তরের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে যেকোনো সময় শান্তি কমিটির সদস্যরা আজিজুর রহমানকে আটক ও নির্যাতন করে। ট্রাইব্যুনাল জানতে চান, তিনি জীবিত আছে কি না? জবাবে কৌঁসুলি বলেন, জীবিত আছেন। জুলাই মাসের কোনো একদিন জয়পুরহাটের দক্ষিণ খাস পাহমদা গ্রামের আওয়ামী লীগের নেতা ফজলুর রহমানকে ধরে রাজাকার ক্যাম্পে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়। তিনি জীবিত আছেন এবং সাক্ষী হয়েছেন। একই গ্রাম থেকে ডা. আবুল কাশেমকে ধরে রাজাকার ক্যাম্পে নির্যাতনের পর হত্যা করা হয়। আগস্ট মাসের কোনো একদিন নারায়ণপাড়া গ্রাম থেকে খলিলুর রহমানকে ধরে নিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়।রাষ্ট্রপক্ষ আরও বলে, ৭ আগস্ট জয়পুরহাটের আক্কেলপুর থানার খঞ্জনপুর কুটিরহাট থেকে ফজলুল করিমসহ তিনজনকে রাজাকাররা ধরে সিও অফিসের সামনে নিয়ে যায়। সেখানে পাকিস্তানি মেজর আফজাল ও আসামি আলীম যান। ওই তিনজনের মুখে চুনকালি মেখে রাস্তায় ঘুরিয়ে খঞ্জনপুর কুটিরহাট ঘাটে তাঁদের হত্যা করা হয়। ২৫ আগস্ট পাঁচবিবি থেকে সৈয়দ আলী ফকির, সোলেমান আলী ফকির, আবদুস সালাম মণ্ডল, আবদুল খালেকসহ ২৭ জনকে রাজাকার ও পাকিস্তানি সেনারা ক্যাম্পে নিয়ে নির্যাতন করে। আলীমের নির্দেশমতো প্রতি রাতে তিন-চারজনকে জয়পুরহাট চিনিকলে পাক্কুগাছের নিচে হত্যা করা হয়। এভাবে ২৩ জনকে হত্যা করে পাকিস্তানি সেনারা। সৈয়দ আলী ফকির, সোলেমান আলী ফকির, আবদুস সালাম মণ্ডল ও আবদুল খালেক ভারতে পালিয়ে যাবেন না এবং মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করবেন না বলে অঙ্গীকারনামা দিয়ে রক্ষা পান।কৌঁসুলি বলেন, একাত্তরের সেপ্টেম্বরে বারঘটি থেকে রাজাকার ফজলুর রহমানের নেতৃত্বে ১১ যুবককে ধরে দুটি ট্রাকে করে আজিমুদ্দিন সরকারের বাড়ির সামনে নেওয়া হয়। খবর পেয়ে জয়পুরহাট জেলা রাজাকার কমান্ডার আবদুল আলীম সেখানে যান। সেখান থেকে জয়পুরহাট সরকারি ডিগ্রি কলেজের মাঠে নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর কাছে তাঁদের হস্তান্তর করা হয়। পরে তাঁদের হত্যা করা হয়। একাত্তরে ঈদের দিন পাঁচবিবি থানার রাজাকাররা নাজিউর রহমানের বাড়ি থেকে ইপিআরের আহত সুবেদার মেজর জব্বর হোসেনকে ধরে শান্তি কমিটির অফিসে নিয়ে যায়। আলীমের নির্দেশে তাঁকে হত্যা করা হয়।রানা দাশগুপ্ত এসব ঘটনার বর্ণনা দিয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে আলীমের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ গঠনের আবেদন জানান।এদিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গতকাল প্রথম আলোয় প্রকাশিত ‘আলীমের বিরুদ্ধে ১৭ ঘটনার বর্ণনা’ শীর্ষক প্রতিবেদনে তাঁর একটি বক্তব্যের বিষয়ে ট্রাইব্যুনালের নির্দেশনা চেয়ে আবেদন জানান। ট্রাইব্যুনাল তাতে সাড়া দেননি।