আলীমের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাবেক নেতা ও মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী হিসেবে মামলার তদন্ত কর্মকর্তা জেড এম আলতাফুর রহমানের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আলতাফুর রহমানের জবানবন্দি নেওয়া শুরু করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত।জবানবন্দিতে আলতাফুর রহমান বলেন, তিনি যথাযথ কর্তৃপক্ষের আদেশ পাওয়ার পরে এ মামলার তদন্ত শুরু করেন। এই তদন্ত শুরুর সময় তিনি মুক্তিযুদ্ধের ওপর বিভিন্ন বইপত্র ও পত্রিকা পড়েন। একাত্তরে দেশের অন্যান্য স্থানগুলোর মতো জয়পুরহাটেও বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। অপরাধ সংগঠনকারী কনভেনশন মুসলিম লীগের নেতা আবদুল আলীম। জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা ‘একাত্তরের ঘাতক-দালাল কে কোথায়’ বইটি উপস্থাপন করে বলেন, ওই বইয়ের ১৮২ পৃষ্ঠায় আবদুল আলীমের সঙ্গে মেজর আফজালের ছবি রয়েছে।জবানবন্দি অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়। এ মামলায় এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের ৩৪জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তদন্ত কর্মকর্তা ৩৫তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া শুরু করেছেন।