আলীমের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য কাল
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে আজ সোমবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২০তম সাক্ষী সরদার আবদুল হাফিজ। জেরা শেষে এ মামলার পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাফিজের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। জবানবন্দিতে আবদুল হাফিজ বলেন, তাঁর বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়। বর্তমানে তিনি জয়পুরহাট জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি। একাত্তরে তিনি রামদেও বজলা সরকারি উচ্চবিদ্যালয়ে পড়তেন। সত্তরের সাধারণ নির্বাচনে মফিজ চৌধুরী, আব্বাস আলী খান ও আবদুল আলীম অংশ নেন। এতে আওয়ামী লীগের প্রার্থী মফিজ চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হন। আলীম কোন দলের হয়ে নির্বাচন করেন, তা তিনি জানেন না।মুক্তিযুদ্ধে তাঁর দুই ভাই সরদার মোহাম্মদ আবদুল ওয়াজেদ ও সরদার আবদুল আউয়াল অংশ নেওয়ায় পাকিস্তানি সেনা ও স্থানীয় বিহারিরা ২৫ এপ্রিল তাঁদের বাড়িতে গিয়ে ব্যাপক গোলাগুলি চালায় এবং অগ্নিসংযোগ করে। এতে তাঁর অন্য দুই ভাই সরদার আবদুল মজিদ ও সরদার আবদুল বাশার গুলিতে আহত হন।এ সময় তিনি আহত ভাইদের নিয়ে তাঁদের খালাতো ভাই সামসুল আলম মোল্লার বাড়িতে আশ্রয় নেন। একাত্তরের সেপ্টেম্বরে তিনি স্কুলে গেলে তাঁদের প্রধান শিক্ষক গুলির শব্দ শুনে সবাইকে পালাতে বলেন। এ সময় তিনি বাড়িতে গেলে বাড়ির সামনে পাকিস্তানি সেনাদের পাহারা দিতে থাকা অবস্থায় দুটি ট্রাক দেখতে পান। ওই দুই ট্রাকে তিনি ১১ জন যুবককে চোখেমুখে কালি মাখা অবস্থায় দেখেন। তিনি বাড়িতে যাওয়ার পর তাঁর মা ট্রাকে থাকা ওই যুবকদের মধ্যে তাঁর দুই ভাই আছেন কি না তা দেখতে বললে তিনি সেখানে তাঁর দুই ভাইকে খুঁজে পাননি। পরে ট্রাক দুটি শহর থেকে পূর্ব দিকে ক্ষেতলালের রাস্তা ধরে চলে যায়। জবানবন্দির শেষ পর্যায়ে তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর তাঁর এক ভাই ফিরে এলেও আরেক ভাই আর ফিরে আসেননি।জবানবন্দি শেষে ট্রাইব্যুনাল হাফিজের কাছে জানতে চান, তিনি কেন সাক্ষী দিতে এসেছেন। এ প্রশ্নে সাক্ষী বলেন, তদন্ত কর্মকর্তা বলেছেন, তাই তিনি এসেছেন।ট্রাইব্যুনাল আবার জানতে চান, ‘আপনি তদন্ত কর্মকর্তার কাছে যা বলেছেন, তা কি ট্রাইব্যুনালে বলেছেন?’ এ প্রশ্নে তিনি হ্যাঁ-সূচক জবাব দেন।জবানবন্দি শেষে হাফিজকে আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক একটি মাত্র প্রশ্ন করেন। আইনজীবী জানতে চান, ‘এ মামলার তদন্ত কর্মকর্তা আপনার যে জবানবন্দি রেকর্ড করেছেন, তা কি পড়ে শুনিয়েছিলেন?’ এ প্রশ্নে তিনি বলেন, ‘না।’ জেরা শেষে এ মামলার পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।