আলীমের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য ৬ মে
বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী আবদুস সোবাহান সরদারকে জেরা শেষ করেছে আসামিপক্ষ।রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৬ মে দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। শারীরিক অসুস্থতার কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। আজ আবদুস সোবাহান সরদারকে মাত্র পাঁচ মিনিট জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক।জেরায় আইনজীবী সাক্ষীকে মত (সাজেশন) দেন, ‘আপনি আপনার জবানবন্দিতে রাজাকারেরা আক্কেলপুর রেলস্টেশনে আলীমের কথা বলার এবং সোলেমান কবিরাজের মিলঘরে আলীমের বক্তৃতার যে কথাগুলো বলেছেন, তা মামলার তদন্ত কর্মকর্তাকে বলেননি।’ জবাবে সাক্ষী বলেন, তিনি বলেছেন।জেরার শেষ পর্যায়ে আইনজীবী আবারও মত দেন, সাক্ষী একটি কুচক্রী মহলের ইন্ধনে এবং আর্থিকভাবে লাভবান হয়ে এ মামলায় মিথ্যা সাক্ষ্য দিলেন। জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’ সোবাহানকে জেরা শেষে এ মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৬ মে দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।