আলীমের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৩ এপ্রিল
বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৩ এপ্রিল দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার এ দিন ধার্য করেন। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।আজ রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির করতে পারেনি। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত বিষয়টি জানালে ট্রাইব্যুনাল বলেন, ‘ট্রাইব্যুনাল-২-এ এখন মামলার সংখ্যা কম। এভাবে ধার্য দিনে সাক্ষীরা হাজির না হলে আমাদের হাতে কোনো কাজ থাকে না। তাই পরবর্তী সময় যাতে ধারাবাহিকভাবে সাক্ষীরা হাজির হয়, সে বিষয়ে খেয়াল রাখবেন।’ পরে এ মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৩ এপ্রিল দিন পুনর্নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। ১০ এপ্রিল এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী মোজাম্মেল হোসেন জবানবন্দি দেন।আবদুর রাজ্জাক খানকে জেরা অব্যাহতএকই ট্রাইব্যুনালে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী আবদুর রাজ্জাক খানকে আসামিপক্ষের জেরা অব্যাহত রয়েছে। আজ তাঁকে তৃতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। এ সময় আসামির কাঠগড়ায় মুজাহিদ হাজির ছিলেন। পরে জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আগামী রোববার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।