বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ‘অকাট্য’ প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। তবে আলীমের আইনজীবীর দাবি, তাঁকে রাজনৈতিকভাবে হয়রানির জন্যই এ অপরাধের মামলায় জড়ানো হয়েছে।আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বনানীর বাসায় আলীমকে জিজ্ঞাসাবাদ করেন চারজন তদন্ত কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তদন্ত কর্মকর্তারা ও আবদুল আলীমের আইনজীবী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল আলীম শর্তসাপেক্ষে জামিনে আছেন। তাঁর শারীরিক অসুস্থতার জন্য আজ তাঁর বনানীতে তাঁর বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করেন কর্মকর্তারা। তাঁর বিরুদ্ধে জয়পুরহাটে গণহত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কর্মকর্তা জেড এম আলতাফুর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেগুলো সম্বন্ধেই মূলত জানতে চাওয়া হয়। এ সময় একজন চিকিত্সক ও তাঁর আইনজীবী ছিলেন।বাকি তিনজন তদন্ত কর্মকর্তা হলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) হেলালউদ্দীন, এএসপি নুরুল ইসলাম ও পরিদর্শক আতাউর রহমান।আলীম অভিযোগ স্বীকার করেছেন কি না, জানতে চাইলে আলতাফুর বলেন, ‘এখানে উল্লেখযোগ্য কোনো কিছু ঘটেনি। জয়পুরহাট এলাকা থেকে তদন্ত দল যেসব তথ্য প্রমাণ সংগ্রহ করেছে, তা-ই যথেষ্ট। সেখানে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অকাট্য প্রমাণ রয়েছে। এখন তাঁর স্বীকার করা বা না করায় কোনো কিছু আসে যায় না।’আবদুল আলীমের আইনজীবী মুন্সি আহসান কবীর বলেন, তদন্ত কর্মকর্তারা সব সময়ই এ রকম অকাট্য প্রমাণ পাওয়ার কথা বলেন। তবে তিনি কখনোই এ রকম কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। তাঁর এ শারীরিক অবস্থায় তাঁকে রাজনৈতিকভাবে হয়রানির জন্যই এ মামলায় জড়ানো হয়েছে।