আলীমের বিরুদ্ধে মামলা: দুই সাক্ষীর জবানবন্দি গ্রহণ
বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের মৃত দুই সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মৃত ওই দুই সাক্ষী হলেন দুলু তালুকদার ও আকাম উদ্দিন। আজ মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ-সংক্রান্ত আদেশ দেন।আজ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের নয় সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, আবেদনে উল্লেখিত ওই নয়জনের মধ্যে দুজন মারা গেছেন, দুজন গুরুতর অসুস্থ, চারজন নিখোঁজ এবং একজন অসুস্থ স্ত্রীর সঙ্গে দেশের বাইরে আছেন। তাঁরা সবাই মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন। এ অবস্থায় আইনের কথা উল্লেখ করে রানা দাশগুপ্ত নয়জনের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য ট্রাইব্যুনালে আবেদন করেন।আবেদনের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী তারিকুল ইসলাম। পরে ট্রাইব্যুনাল ওই নয় সাক্ষীর মধ্যে মৃত দুই সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করার আদেশ দেন। এ মামলায় আগামী বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য আছে।