আলীমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ চলছে
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী মোস্তাফিজুর রহমান চৌধুরী। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে আলীম পাকিস্তানি সেনাদের নিয়ে তাঁদের বাড়িতে আক্রমণ করেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ মোস্তাফিজুর রহমানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক অসুস্থতার কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।জবানবন্দিতে মোস্তাফিজুর রহমান বলেন, তাঁদের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার দমদমা গ্রামে। তাঁর বাবা মেহের উদ্দিন চৌধুরী পাঁচবিবি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সত্তরের সাধারণ নির্বাচনে তাঁর বাবা ও দুই চাচা মিলে আওয়ামী লীগের প্রার্থী মফিজ চৌধুরীর নির্বাচনী প্রচারকের দায়িত্ব পালন করেন। নির্বাচনে প্রতিপক্ষ ছিলেন কনভেনশন মুসলিম লিগের প্রার্থী আবদুল আলীম। ওই নির্বাচনে আলীম পরাজিত হন।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, একাত্তরের ২০ এপ্রিল পাঁচবিবিতে পাকিস্তানি সেনারা প্রবেশ করলে আলীম সেনাদের নিয়ে তাঁদের বাড়ি আক্রমণ করেন। এ সময় আক্রমণকারীরা বাড়ির মালামাল লুট করে আগুন ধরিয়ে দেন। ওই সময় মোস্তাফিজুর জয়পুরহাটে ছিলেন। অ্যাডভোকেট আনিসুর রহমান নামের এক বন্ধুর কাছে তিনি বাড়িতে আগুন দেওয়ার খবর জানতে পারেন। তিনি আরও জানতে পারেন, তাঁদের বাড়িতে হামলার কারণে ওই দিন সাধারণ জনগণ আলীমের বাড়িতে আক্রমণ করে। কিন্তু আলীম পালিয়ে যান।ঘটনা শোনার পর মোস্তাফিজুর বিভিন্ন এলাকা ঘুরে বাড়িতে গিয়ে ঘরদোর ভস্মীভূত অবস্থায় দেখতে পান। এ সময় তাঁদের গ্রামের পাশে ছোট যমুনা নদীর তীরে তাঁর জেঠার ছেলে শামসুল হুদা চৌধুরীর সঙ্গে দেখা করে বাড়িতে আগুন দেওয়ার ঘটনা বিস্তারিত জানতে পারেন। পরের দিন তাঁর জেঠাতো ভাই ভারতে চলে গেলে চার দিন পর তিনিও ভারতে যান। সেখানে নারায়ণপুর শরণার্থী শিবিরে গিয়ে তিনি তাঁর বাবা-মাকে খুঁজে পান। দেশ স্বাধীন হলে তাঁরা দেশে ফিরে আসেন।সাক্ষী আরও বলেন, তিনি শুনেছেন যে একাত্তরের ২০ এপ্রিল আলীম ঘোরাঘাট এলাকা থেকে পাকিস্তানি সেনাদের আমন্ত্রণ জানিয়ে পাঁচবিবিতে আনেন। এ সময় সেনারা পাঁচবিবি বাজারে হামলা চালায়। এতে অনেক মানুষ প্রাণ হারান। তাঁদের মধ্যে ননী কুণ্ড ও ছাত্তার পাগল নামের দুজনের নাম তিনি শুনেছেন। জবানবন্দি শেষে মোস্তাফিজুর রহমানকে জেরার জন্য আগামীকাল ৯ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।কামারুজ্জামানের মামলায় যুক্তি উপস্থাপন হয়নিএকই ট্রাইব্যুনালে আজ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য থাকলেও তা হয়নি। পরে আগামীকাল মঙ্গলবার যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়।