আলীমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষীর জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী মোস্তাফিজুর রহমান চৌধুরীকে জেরা করা শেষ করেছে আসামিপক্ষ।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ মঙ্গলবার মোস্তাফিজুর রহমানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।আহসানুল হক প্রশ্ন করেন, সাক্ষীর বড় ভাই নূর হোসেন চৌধুরী ১৯৭২ সালে দালাল আইনে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন কি না? জবাবে মোস্তাফিজুর রহমান ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।একাত্তরের শেষ দিকে পাকিস্তানি সেনারা আপনাকে (মোস্তাফিজুর) একবার গ্রেপ্তার করেছিলেন কি না—এ প্রশ্নের জবাবে মোস্তাফিজুর বলেন, ‘হ্যাঁ’। ওই সময় আপনাকে কোথায় আটক রাখা হয়—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জয়পুরহাট চিনিকলে সেনাবাহিনীর ক্যাম্পে।’ একাত্তরের সেপ্টেম্বর মাসের শেষ দিকে আপনার এক আত্মীয় আব্বাস আলী খান আপনাকে সেখান থেকে ছাড়িয়ে আনে, এটা ঠিক—এ প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ’।আইনজীবী মত (সাজেশন) দেন, একাত্তরে আপনার বড় ভাই পাকিস্তানি সেনাদের দালাল হওয়ার কারণে মুক্তিযোদ্ধারা আপনাদের বাড়িতে আগুন দেয়। জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’জেরার শেষ পর্যায়ে আইনজীবী আরও মত দেন, ১৯৭৭ সালে আপনি (মোস্তাফিজুর) আলীমের বিরুদ্ধে প্রচারপত্র বিতরণের সময় জনগণের হাতে লাঞ্ছিত হন এবং রাজনৈতিক কারণে ও একটি কুচক্রী মহলের ইন্ধনে আপনি আলীমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিলেন। এর জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’ জেরা শেষ হলে এ মামলার কার্যক্রম আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।