আলীমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষীর জেরা শেষ
বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী নুরুল ইসলামকে জেরা শেষ করেন আসামি পক্ষের আইনজীবী খলিলুর রহমান। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই জেরা হয়। অসুস্থতার কারণে জামিনে থাকা আবদুল আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।বর্তমানে আপনি জয়পুরহাট জেলা আওয়ামী লীগের কোন পদে আছেন—আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন তিনি উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে আছেন।জেরার শেষ পর্যায়ে আইনজীবী মত (সাজেশসন) দেন, আবদুল আলীমের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আপনি সাক্ষ্য দিয়েছেন। জবাবে তিনি বলেন, ‘এটা সত্য নয়।’ পরে এ মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য কাল বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।৮ অক্টোবর রাষ্ট্রপক্ষের সাক্ষী নুরুল ইসলাম তাঁর জবানবন্দিতে বলেন, একাত্তরের মে মাসের শেষ দিকে পাকিস্তানি সেনা, স্থানীয় রাজাকার ও শান্তি কমিটির সদস্যরা কয়েকজন হিন্দুকে শান্তি কমিটির কার্যালয়ে ধরে নিয়ে নির্যাতন করে। পরে আলীম এবং পাকিস্তানি সেনাদের নির্দেশে তাঁদের খঞ্জনপুর কুঠিবাড়িতে নিয়ে গুলি করে হত্যা করা হয়।