আলীমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৫ জুন
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে পারেনি। পরে সাক্ষী হাজির করতে আগামী ৫ জুন দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন। শারীরিক অসুস্থতার কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।আজ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত ট্রাইব্যুনালে বলেন, রাষ্ট্রপক্ষের ২২তম সাক্ষীকে হাজির করা যায়নি। পরে ট্রাইব্যুনাল সাক্ষী হাজিরের দিন পুনর্নির্ধারণ করেন। ২২ মে রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষী মো. আবদুল হামিদ সাকিদারের সাক্ষ্য নেওয়া শেষ হয়।মুজাহিদের পক্ষে যুক্তি উপস্থাপন কাল: একই ট্রাইব্যুনালে আজ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের এক সহকারী আইনজীবী গাজী এম এইচ তামিম ট্রাইব্যুনালে জানান এ মামলার যুক্তি উপস্থাপনকারী আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ‘ব্যক্তিগত কারণে’ ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি। পরে এ মামলার কার্যক্রম আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।