আলীমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন
মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ সোমবার সূচনা বক্তব্য উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাসগুপ্ত ও এ কে এম সাইফুল ইসলাম সূচনা বক্তব্য উপস্থাপন করেন।সূচনা বক্তব্যে রাষ্ট্রপক্ষ বলেছে, ১৯৭১ সালে আবদুল আলীম তত্কালীন বগুড়া জেলার জয়পুরহাট মহকুমায় একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা ছিলেন। তাঁর নেতৃত্বে সেখানে শান্তি কমিটি গঠিত হয়। তিনি পাকিস্তান সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে জয়পুরহাট মহকুমার সব থানায় মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, হিন্দু সম্প্রদায়সহ সাধারণ মানুষকে হত্যা, দেশত্যাগে বাধ্য করাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে করেছেন। রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের পর আসামি পক্ষের আইনজীবী এ ই এম খলিলুর রহমান তাঁদের সাক্ষীর তালিকা ও মামলার নথিপত্র উপস্থাপনের জন্য ট্রাইব্যুনালের কাছে সময় আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাঁদের ৬ আগস্ট মামলার নথি ও সাক্ষীর তালিকা উপস্থাপন করার তারিখ ধার্য করেন। একই দিন রাষ্ট্রপক্ষকে তাদের সাক্ষী ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।