আলীমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী মো. মোজাম্মেল হোসেনকে জেরা শেষ করেছে আসামিপক্ষ।আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মোজাম্মেল হোসেনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। অসুস্থতার কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।আইনজীবী সাক্ষীকে প্রশ্ন করেন, ‘একাত্তরে আপনাকে আটকের পর তালিকা ধরে যখন নাম ডাকা হয়, তখন আপনাকে কত নম্বরে ডাকা হয়েছিল?’ এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, এটা তাঁর মনে নেই। ‘আলীমের তালিকাটি রিয়াজ মৃধার কাছে কবে যায়, বলতে পারবেন?’ এ প্রশ্নে সাক্ষী বলেন, ‘না’।আইনজীবী মত (সাজেশন) দেন, ‘রিয়াজ মৃধাকে আলীমের তালিকা দেওয়ার কথা এবং ওই তালিকা ধরে আপনার নাম ধরে ডাকার কথা ঠিক নয়।’ জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’জেরার শেষ পর্যায়ে আইনজীবী মত দেন, ‘আপনি আলীমের বিরুদ্ধে রাজনৈতিক কারণে মিথ্যা সাক্ষ্য দিলেন।’ জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’জেরা শেষে এ মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৮ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। মোজাম্মেল হোসেন গতকাল বুধবারও জবানবন্দি দিয়েছেন।