আলীমের বিরুদ্ধে লাইলী বেগমকে জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী লাইলী বেগমের জেরা শেষ হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক লাইলী বেগমকে জেরা করেন। শারীরিক কারণে জামিনে থাকা আলীম আজ ট্রাইব্যুনালে হাজির ছিলেন।এর আগে লাইলী বেগম গত সোমবার জবানবন্দি দেন। এ সময় তিনি বলেন, একাত্তরে আলীমের নির্দেশে তাঁর বাবা শহীদ ডাক্তার আবুল কাশেমকে রাজাকারেরা হত্যা করে।আজ জেরায় আইনজীবী লাইলী বেগমের কাছে জানতে চান, ‘একাত্তরে আপনার ছেলে-মেয়ে কয়জন ছিল?’—এ প্রশ্নে লাইলী বেগম বলেন, ‘এক মেয়ে ও দুই ছেলে।’ আপনার বাবাকে ধরে নিয়ে যাওয়ার সময় আপনাদের বাড়িতে যাঁরা ছিলেন তাঁদের কেউ বেঁচে আছেন কি না?—এ প্রশ্নে তিনি বলেন, ‘না’।আইনজীবী মত (সাজেশন) দেন, ‘আপনার বাবাকে ধরে নিয়ে যাওয়ার সময় জয়পুরহাটে কোনো রাজাকার ক্যাম্প ছিল না? এর জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’ আইনজীবী বলেন, ‘আপনার বাবার মৃত্যুর পর আপনার বড় ভাই নজরুল ইসলাম বিজ্ঞপ্তি দিয়েছিলেন, আপনার বাবার মৃত্যুর জন্য পাকিস্তানি সেনারা দায়ী, অন্য কেউ নন।’ জবাবে লাইলী বলেন, ‘এটা ঠিক নয়।’‘বাবাকে ছাড়িয়ে আনতে আতিকুল্লা বিহারী নামের এক লোককে পাঁচ হাজার টাকা দেওয়ার যে কথা বলেছেন, সেই টাকা কোথায় পেয়েছিলেন?’—এমন প্রশ্নের জবাবে লাইলী বেগম বলেন, তাঁরা নিজেরাই পারিবারিকভাবে জোগাড় করেছিলেন। এ ছাড়া আইনজীবী মত দেন, ‘একাত্তরের এপ্রিল থেকে আলীম জয়পুরহাটের আমদই গ্রামে ৪-৫ মাস আত্মগোপন করে ছিলেন।’ জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’ এ মামলায় ১৮ মার্চ রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী দিলীপ কুমার চক্রবর্তীকে আসামিপক্ষের অবশিষ্ট জেরা শেষ করার দিন ধার্য আছে।