আলীমের বিরুদ্ধে ১৭ ঘটনার বর্ণনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে গতকাল বুধবার দ্বিতীয় দিন অভিযোগের বিষয়ে শুনানি করে রাষ্ট্রপক্ষ। তাতে আলীমের বিরুদ্ধে আনা ২৮টি মানবতাবিরোধী ঘটনায় ৭৪টি অভিযোগের মধ্যে ১৭টি ঘটনার বিবরণ তুলে ধরা হয়।গতকাল সকাল সাড়ে ১০টায় বিচারপতি ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর রানা দাস গুপ্ত ট্রাইব্যুনালে বলেন, একাত্তর সালে বগুড়া জেলার সাবেক জয়পুরহাট মহকুমার শান্তি কমিটির চেয়ারম্যান ও নেতা আবদুল আলীম পাকিস্তান সেনাবাহিনীর মেজর আফজালের সঙ্গে একাধিকবার গোপন বৈঠক করেন। তাঁকে সঙ্গে নিয়ে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় রাজাকার ও শান্তি কমিটির ক্যাম্পে আসেন। আলীমের লোকজন মুক্তিযুদ্ধের সমর্থক আওয়ামী লীগ ও হিন্দুদের ধরে ওই সব ক্যাম্পে জড়ো করত। তাঁর দেওয়া তালিকা ও নির্দেশ অনুযায়ী পাকিস্তানি সেনারা লাইনে দাঁড় করিয়ে লোকজনকে গুলি করে হত্যা করত। অভিযোগ উত্থাপন করে রানা দাস গুপ্ত বলেন, জয়পুরহাটের কড়াইকাদিপুর এলাকায় একাত্তরের ২৬ এপ্রিল আলীমের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় সহযোগীরা ৩৭০ জনকে হত্যা করে। জয়পুরহাটের পাহনান্দা এলাকায় বাহারউদ্দিনসহ ২২ জনকে এবং কোকতারা, ঘোড়াপা, বাগজানা ও কুটহাড়ায় ১৯ জনকে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের সময় মে মাসে জয়পুরহাটের পাহনান্দা মিশন স্কুলে আলীমের সহযোগিতায় ছয়জন হিন্দুকে হত্যা করা হয়। বাদশাহ গ্রাম, রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুম, কোকতারা পুকুরপাড়ে সমিরউদ্দিন মণ্ডলসহ ১০ জনকে আটক, এর মধ্যে নয়জনকে হত্যা করা হয়। একাত্তরের ১২ মে দোগাছি, চরবরকত, পেচুলিয়াসহ আশপাশের গ্রামে হামলা, অগ্নিসংযোগ, লুটসহ ছয়জনকে হত্যা করা হয়। দোগাছি, চরবরকত, জগদিপুর গ্রামসহ আরও কয়েকটি গ্রাম থেকে প্রায় ২০০ ছাত্র ও যুবককে ক্যাম্পে ধরে আনা হয়। তাঁদের লাইনে দাঁড় করিয়ে আসামি আলীম ও মেজর আফজাল উর্দু এবং বাংলায় ভাষণ দেন। নওদা গ্রামের ইলিয়াস উদ্দিন সর্দারসহ চারজনকে অপহরণ করে আটক ও হত্যা করা হয়। ধর্মীয় কারণে জয়পুরহাটের ক্ষেতলালের হিন্দু-অধ্যাষিত এলাকায় অগ্নিসংযোগ ও গণহত্যা সংঘটিত করে।প্রসিকিউটর আরও বলেন, আসামি আলীমের বাড়ির কাছের ক্যাম্পে প্রায় ২০০ পাকিস্তানি সেনা থাকত। ওই ক্যাম্পে আওয়ামী লীগ এবং হিন্দুদের ধরে এনে নির্যাতন করার পর হত্যা করা হতো। ওই সময় বেশ কিছু যুবতীকে টানা ১৫ দিন আটকে রেখে নির্যাতন করা হয়েছে। জয়পুরহাট সরকারি কলেজ ক্যাম্পে ২৬ জনকে ধরে এনে হত্যা করা হয়। বেলতলী গ্রামের ১৪ জনকে হত্যা করা হয়। তিনি বলেন, পূর্বরামচন্দ্রপুর গ্রামে ৩০০ জনকে আটকের পর ওই এলাকার এক পীর সাহেব ছুটে এসে সবাইকে ছাড়িয়ে নেন।প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, এসব তথ্য ওই এলাকার ক্ষতিগ্রস্ত এবং প্রত্যক্ষদর্শীরা তদন্ত কর্মকর্তাদের জানিয়েছেন। তিনি এসব ঘটনার ভিত্তিতে আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন।এ সময় ট্রাইব্যুনাল প্রসিকিউটরের কাছে জানতে চান, আসামি আলীমের বিরুদ্ধে আনা অভিযোগের সরাসরি সংশ্লিষ্টতা কোথায়। একাত্তর সালের কোন মাসে, কোন তারিখে, কে, কীভাবে এসব অপকর্ম করেছে, এর কোনো বিবরণ নেই কেন? কীভাবে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। জবাবে প্রসিকিউটর বলেন, তাড়াহুড়া করতে গিয়ে কিছু ভুল হয়েছে। ঘটনার বিবরণে দিন, তারিখ পরে ঠিক করে দেবেন বলে জানান।এ সময় আসামিপক্ষের আইনজীবী মুন্সি আহসানুল কবির এ বিষয়ে আপত্তি জানান।গতকাল বিকেল চারটা পর্যন্ত শুনানি চলার পর ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি করেন।