আলীমের বিরুদ্ধে ২৩তম সাক্ষীকে জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার রাষ্ট্রপক্ষের ২৩তম সাক্ষী মোহাম্মদ আবদুল হাইকে আসামিপক্ষের জেরা শেষ হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবদুল হাইকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক অসুস্থতার কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।একাত্তরে কেন্দ্রীয় শান্তি কমিটির সদস্যসংখ্যা নিয়ে আইনজীবীর এক প্রশ্নের জবাব সাক্ষী বলেন, তা তিনি জানেন না। তবে কেন্দ্রীয় শান্তি কমিটির আহ্বায়ক ছিলেন খাজা খয়ের উদ্দিন, গোলাম আযম ও এ কে এম ইউসুফ। এ কে এম ইউসুফের দল সম্পর্কে সাক্ষী বলেন, তিনি রাজাকার বাহিনী গঠন করেছিলেন। জয়পুরহাটে কবে শান্তি কমিটি গঠিত হয়—এ প্রশের জবাবে তিনি বলেন, পাকিস্তানি সেনারা এপ্রিলে জয়পুরহাট দখলের পর সেখানে শান্তি কমিটি গঠিত হয়। আইনজীবী মত (সাজেশন) দেন, ‘আপনার বাবা একাত্তরে পাকিস্তানের সমর্থক ছিলেন।’ জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।জেরার শেষপর্যায়ে আইনজীবী মত দেন, ‘আপনার বর্ণিত ছবিতে আলীম নেই। আপনি একটি কুচক্রী মহলের ইন্ধনে, রাজনৈতিক কারণে ও অসত্ উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দিলেন।’ জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়। জেরা শেষ হলে এ মামলার পরবর্তী সাক্ষ্য নেওয়ার দিন আগামীকাল বৃহস্পতিবার ধার্য করেন ট্রাইব্যুনাল।