আলীমের বিরুদ্ধে ২৪তম সাক্ষীকে জেরা শেষ
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার রাষ্ট্রপক্ষের ২৪তম সাক্ষী ভগীরথ চন্দ্র বর্মণকে জেরা শেষ করেছে আসামিপক্ষ।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ভগীরথ চন্দ্রকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জবানবন্দিতে বর্ণিত আফসারকে আপনি আগে থেকে চিনতেন? আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, ‘না’। আইনজীবী মত (সাজেশন) দেন, আলীম শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন না বা তাঁর আদেশে কড়ই কাদিপুর গ্রামে হত্যাকাণ্ড হয়নি। জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’আইনজীবী মত দেন, জয়পুরহাটের কড়ই গ্রামে একাত্তরে কোনো ঘটনা ঘটেনি। সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’জেরার শেষ পর্যায়ে আইনজীবী মত দেন, একটি কুচক্রী মহলের ইন্ধনে আর্থিকভাবে লাভবান হয়ে আপনি আলীমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিলেন। জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’জেরা শেষে এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।