আলীমের বিরুদ্ধে ২৫তম সাক্ষীকে জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের ২৫তম সাক্ষী অজিত মোহন্তকে আসামিপক্ষের জেরা শেষ হয়েছে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের (একজন সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অজিত মোহন্তকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক অসুস্থতার জন্য জামিনে আছেন আলীম। তবে আজ তিনি ট্রাইব্যুনালে হাজির ছিলেন।‘জয়পুরহাটে আলীমের বাড়ি আছে আপনি চেনেন?’ আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, ‘হ্যাঁ, থানার কাছে।’ ‘মাওলানা জসিম কী স্বাধীনতাবিরোধী ছিলেন?’ এ প্রশ্নে সাক্ষী জানান, তিনি স্বাধীনতাবিরোধী ছিলেন কি না, তা তিনি জানেন না। তবে সত্তরের সাধারণ নির্বাচনে তিনি আলীমের সমর্থক ছিলেন। আইনজীবী মত (সাজেশন) দেন, আলীমের কোনো চাতাল ছিল না। জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’আইনজীবী আবার মত দেন, ‘একাত্তরে আলীম শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন না, আপনি দেশে ছিলেন না এবং আপনি একটি কুচক্রী মহলের ইন্ধনে নিজের চাকরি রক্ষার জন্য মিথ্যা সাক্ষ্য দিলেন।’ জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’জেরা শেষে এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।