আলীমের বিরুদ্ধে ২৬তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২৬তম সাক্ষী যোগেন চন্দ্র পালকে আজ বৃহস্পতিবার আসামিপক্ষের জেরা শেষ হয়েছে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ যোগেন চন্দ্রকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক অসুস্থতার কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। জেরা শেষে এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৬ জুন দিন ধার্য করা হয়।আলীমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত প্রথম আলো ডটকমকে জানান, ২৬তম সাক্ষী (যোগেন চন্দ্র পাল) রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী। পরবর্তী ধার্য দিনে রাষ্ট্রপক্ষের হয়ে জব্দ তালিকার কয়েকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। এরপর রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী দিলীপ কুমার চক্রবর্তীকে অবশিষ্ট জেরা করবে আসামিপক্ষ। সবশেষে এ মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হবে।আসামিপক্ষের আইনজীবীরা বারবার অনুপস্থিত থাকার কারণে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষীর জেরা অসমাপ্ত অবস্থায় তাঁর সাক্ষ্য গ্রহণ শেষ করার নির্দেশ দিয়েছিলেন। পরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে আবার জেরা করার অনুমতি দেন ট্রাইব্যুনাল।আবদুল আলীমের বিরুদ্ধে গত বছরের ১১ জুন মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের ১৭টি অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল-২।