আলু নিয়ে বিপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের বোরো চাষিদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশই আলু বিক্রি করে বোরো চাষের খরচ জোগাড় করে। আলুর দাম না পাওয়ায় এসব কৃষক বিপাকে পড়েছেন। আর এর প্রভাব পড়তে পারে বোরো চাষে।সরকারি-বেসরকারি হিসাবে ৩০ শতাংশ বোরো চাষি জমি থেকে আলু তুলে বিক্রি করে সেই টাকা বোরো চাষে বিনিয়োগ করে থাকেন। উৎপাদন খরচেরও কম দামে এই আলু এখন বিক্রি করতে হচ্ছে তাঁদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে চার লাখ ৬০ হাজার হেক্টর জমিতে আলু চাষ হবে, এমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ করা হয়েছে চার লাখ ৩৩ হাজার হেক্টর জমিতে। ওই জমিতে এ বছর ৮৩ লাখ ২৬ হাজার মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন, মাঠপর্যায়ে কৃষকেরা প্রতি কেজি আলু দুই থেকে তিন টাকা দরে বিক্রি করছেন। অথচ সেই আলু ভোক্তারা প্রতি কেজি ১০ থেকে ১২ টাকা দরে কিনছেন। বাংলাদেশ কন্দাল (আলুজাতীয়) গবেষণা কেন্দ্রের হিসাবে, প্রতি কেজি আলুর উৎপাদন খরচ পড়েছে পাঁচ থেকে ছয় টাকা। দু-তিন হাত ঘুরে হিমাগারের খরচ জুগিয়ে বস্তা ও পরিবহন খরচ যোগ করে প্রতি কেজি আলু ১০ টাকায় বিক্রি করতে না পারলে কৃষকের লোকসান হবে বলে সংস্থাটির এক হিসাবে দেখা গেছে।