আলু পচার ঘটনায় ক্ষতিপূরণ নির্ধারণ, সাড়া নেই মালিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের উত্তরা হিমাগারে পচে যাওয়া আলুর জন্য কৃষকদের ক্ষতিপূরণের হার নির্ধারণ করা হয়েছে। গত মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে দেওয়া প্রতিবেদনে তদন্ত কমিটি এই ক্ষতিপূরণের হার উল্লেখ করে। তবে হিমাগারের মালিকপক্ষ এতে সাড়া দেয়নি। সমস্যার দ্রুত সমাধান করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছে স্থানীয় চেহেলগাজী কৃষক কল্যাণ সমিতি। গতকাল বুধবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেয়।দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সামসুল আলম জানান, আলু পচে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার কৃষকের ক্ষতিপূূরণ নির্ধারণে ২৪ এপ্রিল উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। গত মঙ্গলবার এ কমিটি তাঁর কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে।কমিটির প্রধান সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল হোসেন তালুকদার জানান, উত্পাদন খরচ ও সংরক্ষণকালীন সময়ের বাজার দর বিবেচনা করে হিমাগারের পচে যাওয়া আলুর ক্ষতিপূরণের হার নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী কার্ডিনাল বা ইন্টারিকস জাতের প্রতি কেজি আলুর ক্ষতিপূরণ মূল্য ১৫ টাকা, দেশি জাতের ১৫ টাকা, ডায়মন্ড জাতের ১৪ টাকা ও গ্রানুলা আলুর প্রতি কেজির মূল্য ১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এই হারে কৃষকদের ক্ষতিপূরণ দিতে সুপারিশ করা হয়েছে।গতকাল দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে কৃষক কল্যাণ সমিতি। এতে সমিতির সভাপতি মো. আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, আবু তালহা, কাশেম আলী ও নূর ইসলাম উপস্থিত ছিলেন। নেতারা জানান, সমস্যার সমাধানে গত মঙ্গলবার বিকেলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কৃষক ও হিমাগারের মালিকপক্ষকে তাঁর কার্যালয়ে এক বৈঠকে ডাকেন। কৃষকেরা এতে উপস্থিত হলেও হিমাগারের মালিক জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ও ভূমি প্রতিমন্ত্রীর একান্ত সচিব (এপিএস) মির্জা আশফাক আসেননি। তাঁর প্রতিনিধি হিসেবে হিমাগারের সুপারভাইজার মোফার উদ্দিন আহমেদ উপস্থিত থাকলেও তিনি কিছু বলেননি।এ ব্যাপারে সুপারভাইজার বলেন, ‘মালিক ঢাকা থাকায় তাঁর প্রতিনিধি হিসেবে আমি ওই বৈঠকে যাই। কিন্তু আমি তো আর সরাসরি মালিক নই। এ জন্য বৈঠকে কোনো সিদ্ধান্ত দিতে পারিনি।’কৃষকদের দাবি, হিমাগারে আলু পচে যাওয়ার কারণ তদন্ত করে বের করতে হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবশ্যই শাস্তি দিতে হবে। হিমাগারের অব্যবস্থাপনার কারণে ক্ষতিগ্রস্ত আলু চাষি ও ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এর দ্রুত সমাধান না হলে মানববন্ধন, মিছিল, সমাবেশ চলবে। জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।