আলুদ্বী গ্রামে গণহত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মিরপুরের আলুদ্বী গ্রামে গণহত্যার স্থান পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সদস্য ও রাষ্ট্রপক্ষের আইনজীবী (প্রসিকিউটর)। এই গণহত্যায় সহযোগিতা করার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলা হয়েছে।গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুর রহিম, সদস্য আবদুর রাজ্জাক খান, প্রসিকিউটর জেয়াদ আল মালুম প্রমুখ ঘটনাস্থলে যান। সঙ্গে ছিলেন ওই মামলার বাদী আমির হোসেন মোল্লা। তদন্ত সংস্থা এই প্রথম কোনো গণহত্যার স্থান পরিদর্শন করল।১৯৭১ সালের ২৪ এপ্রিল ভোররাতে পাকিস্তানি সেনাবাহিনীর একটি দল হেলিকপ্টারে করে আলুদ্বী গ্রামে অবতরণ করে, আরেকটি দল গ্রামটি ঘেরাও করে কামান ও মেশিনগান বসায়। ফজরের আজানের পর পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এদেশীয় দোসরেরা গুলি করতে করতে গ্রামে ঢোকে। একই সঙ্গে কামানের গোলা নিক্ষেপ ও মেশিনগান দিয়ে গুলিবর্ষণ চলে। গ্রামের যে কয়জন আশপাশের জলা ও ধানখেতে লুকানোর সুযোগ পেয়েছিল, তারাই কেবল বেঁচে গিয়েছিল। বাকিদের মধ্যে অনেকে মেশিনগানের গুলি বা কামানের গোলায় নিহত হয়। অনেককে ধরে লাইনে দাঁড় করিয়ে নৌঘাটে গুলি করে হত্যা করা হয়। তবে ধরার পরও কয়েকজনকে হত্যা করেনি। তাদের দিয়ে স্বজনদের মৃতদেহ আশপাশের পাঁচটি কুয়া ও জলাভূমিতে ফেলতে বাধ্য করে পাকিস্তানি বাহিনী।মুক্তিযুদ্ধের ৩৯ বছর পর এখন সেই সব কুয়া ও জলাভূমি নেই। সেগুলো ভরাট করে ঘর উঠেছে। তদন্ত সংস্থা গতকাল সেই সব স্থান পরিদর্শন করে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে।তদন্ত সংস্থা ও প্রসিকিউটর প্রথমে যান দক্ষিণপাড়ার সালাম বেপারীর বাড়িতে। তাঁর বাড়ির কুয়ায় সেদিন অনেক মৃতদেহ ফেলা হয়েছিল। কুয়াটি পরে তিনি ভরাট করে ঘর তোলেন। ওই দিনের বর্ণনা দিতে গিয়ে সালাম বলেন, ‘সেদিন বাইত (বাড়িতে) আছিলাম। ওমারে (এইদিকে) মেশিন (মেশিনগান), হেমারেও (ওইদিকেও) মেশিন বসাইছিল। গুলিতে বহুত মানুষ মারা গেছে। যখন গুলি আরম্ভ অইছে, কতক মানুষ দৌড়াইয়া বাড়িত আইছে, কতক মানুষ ধানখেতে পালাইছে। যারা বাড়িত আইছে সবাই মরছে। বহুত মানুষ মরছে, ঘেরাও কইরা গুলি কইরা মারছে।’ তিনি জানান, তাঁর বাড়ির কুয়ায় ফেলা মৃতদেহগুলো মুক্তিযুদ্ধের পর তুলে কুয়া ভরাট করে ঘর তোলেন তিনি।গ্রামের মোল্লাপাড়ার সিরাজ মোল্লার বাড়িটি তখন ছিল নিম্নাঞ্চল। সেদিন আলুদ্বী মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে ফেরার সময় যাদের গুলি করে মারা হয়েছিল, তাদের এখানে পোঁতা হয়েছিল। সিরাজ মোল্লা বলেন, ‘আমরা আগের দিন বিহারিদের গুলি করছিলাম। পরদিন তারা আইছে, আড়াই শ-তিন শ মানুষরে গুলি কইরা মারছে।’দেওয়ানপাড়ার আবদুল মান্নান দেওয়ানের বাড়ির কুয়ায়ও ফেলা হয়েছিল অনেক লাশ। সেখানেও ঘর তুলেছেন মান্নান। তিনি বলেন, ‘গেরামের লোক মাইরা মাইরা কুয়ায় ফেলছে। এইডা খালি জায়গা ছিল।’এরপর তদন্ত সংস্থা ও প্রসিকিউটর যান উত্তরপাড়ার দলিল উদ্দিন মোল্লার বাড়িতে। ওই বাড়িতে একটি পাকা কুয়া ছিল। ওই কুয়াতেই সবচেয়ে বেশি লাশ ফেলা হয়েছিল। একই এলাকার তফিল উদ্দিন মোল্লার বাড়ির কুয়ায়ও ফেলা হয়েছিল অনেক লাশ।এই এলাকার বাসিন্দা হারুন মাতবর বলেন, ‘ভোররাতে ঘেরাও করছে। খই ফোটার মতো গুলি করছে। আর লাইনে দাঁড় করায়া গুলি কইরা মারছে। পরে আমাগো লোকদের দিয়াই কুয়ার মধ্যে লাশ ফালাইছে। আমার বাপ-ভাইরে আমি নিজ হাতে কুয়ায় ফেলছি।’ সেনাবাহিনীর সঙ্গে কারা ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘যারা ওগো পক্ষে মিটিং-মিছিল করত, তারাই আইছিল।’মামলার বাদী আমির হোসেন মোল্লা বলেন, ১৯৭১ সালের ২৩ মার্চ বিহারিরা তাঁদের গ্রাম জ্বালিয়ে দিয়েছিল। পরে তাঁরা সাভারের একটি গ্রামে যান। কিন্তু এপ্রিলের শেষ দিকে ধান কাটার মৌসুমে তাঁরা অনেক শ্রমিক নিয়ে আলুদ্বী গ্রামে আসেন। ২৪ এপ্রিল ভোরে পাকিস্তান সেনাবাহিনী এ দেশীয় কিছু দালালকে নিয়ে গ্রামটি আক্রমণ করে। তখন তাঁরা কচুরিপানাভর্তি একটি খালে লুকিয়ে প্রাণ বাঁচান।এ দেশীয় দালাল কারা ছিল—এই প্রশ্নের জবাবে আমির হোসেন মোল্লা বলেন, আখতার গুণ্ডাকে তাঁরা খুব ভালো করে চিনতে পেরেছিলেন। তিনি জামায়াতের নেতা নিজামী, মুজাহিদ ও কাদের মোল্লাকে চিৎকার করে ডেকে নানা কথা বলেছিলেন। এসব তাঁরা স্পষ্ট শুনতে পেয়েছিলেন।পরিদর্শন শেষে প্রসিকিউটর জেয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন, তাঁরা গণহত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মানুষের সঙ্গে কথা বলেছেন। তদন্ত চলবে।