আলুর জায়গায় কলা!
জলবায়ুর পরিবর্তনের কারণে কলা হতে পারে বিশ্বের লাখ লাখ মানুষের সংকটকালীন খাদ্যের উত্স। এটি বিশ্বের উন্নয়নশীল অনেক দেশে আলুর বিকল্প হয়ে উঠতে পারে। নতুন এক গবেষণায় এমন দাবি করা হয়েছে বলে আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়।বিশ্ব খাদ্যনিরাপত্তা-বিষয়ক জাতিসংঘের একটি কমিটির অনুরোধে সাড়া দিয়ে আন্তর্জাতিক কৃষি গবেষণাবিষয়ক প্রতিষ্ঠান সিজিআইএআরের গবেষকেরা যৌথভাবে এ গবেষণা চালিয়েছেন। তাঁরা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ২২টি কৃষিপণ্যের ওপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব সম্পর্কে গবেষণা করে এ তথ্য পেয়েছেন। জলবায়ুর পরিবর্তনজনিত কারণে বেড়ে যাওয়া তাপমাত্রায় কাসাভা ও স্বল্পপরিচিত কাউপি গাছও খাদ্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে গবেষকেরা জানিয়েছেন। গবেষকেরা বলেন, পরিবর্তনশীল পরিস্থিতিতে মানুষকে প্রচলিত খাবারের তালিকা পরিবর্তন করে নতুন ও ভিন্ন ধরনের খাবারে অভ্যস্ত হতে হবে। গবেষকেরা ধারণা করছেন, সবচেয়ে বেশি ক্যালরি সরবরাহকারী খাদ্যের মধ্যে প্রধান তিনটি পণ্য ভুট্টা, চাল ও গমের উত্পাদন উন্নয়নশীল দেশে হ্রাস পাবে। তাপমাত্রা বাড়ার কারণে অপেক্ষাকৃত শীতল আবহাওয়ায় ভালো ফলন হওয়া আলুর উত্পাদন ব্যাহত হবে।গবেষকেরা বলছেন, পরিবর্তিত আবহাওয়ায় বিভিন্ন জাতের কলার চাষে ভালো ফল পাওয়া যাবে। যেসব এলাকায় বর্তমানে আলুর ফলন ভালো হয়, সেখানেও বিকল্প ফসল হিসেবে জায়গা করে নিতে পারবে কলা। এই গবেষণা দলের একজন ফিলিপ থর্নটন বিবিসিকে বলেন, সীমাবদ্ধতার পরও কিছু নির্দিষ্ট অঞ্চলে আলুর বিকল্প হিসেবে কলার উত্পাদন ভালো হবে। জলবায়ুর পরিবর্তনজনিত চাপ সহ্য করার ক্ষমতা থাকায় কাসাভা দক্ষিণ এশিয়ায় বিকল্প কৃষিপণ্য হতে পারে। তবে মানুষ নতুন এ পণ্য কীভাবে গ্রহণ করবে বা এটি কীভাবে তাদের খাদ্যতালিকায় স্থান করে নেবে, সেটাই ভাবার বিষয়। জলবায়ুর পরিবর্তন, কৃষি ও খাদ্যনিরাপত্তা গবেষণা গ্রুপের (সিসিএএফএস) প্রকল্প পরিচালক ব্রুস ক্যাম্পবেল বলেন, ভবিষ্যতে যে ধরনের পরিবর্তন হবে, অতীতে এমন পরিবর্তন হয়েছে। দুই দশক আগেও আফ্রিকার অনেক অঞ্চলে চাল পণ্য হিসেবে ব্যবহূত হতো না। কিন্তু এখন তা হচ্ছে। মানুষের মধ্যে চাল ব্যবহারের প্রবণতা বেড়েছে। এ ছাড়া চাল সহজপ্রাপ্য ও সহজেই রান্না করা যায়। আমিষের উত্স নিয়ে গবেষকেরা খানিকটা উদ্বেগ প্রকাশ করেছেন। সাধারণত সয়াবিন আমিষের সবচেয়ে বড় উত্স হিসেবে বিবেচিত হয়। কিন্তু তাপমাত্রা বেড়ে গেলে সয়াবিনের উত্পাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এর বিকল্প হতে পারে কাউপি, যা সাব-সাহারা আফ্রিকায় ‘গরিবের মাংস’ হিসেবে পরিচিত। খরাসহনশীল এবং উষ্ণ তাপমাত্রায় জন্মানো কাউপি সংগত কারণেই সয়ার বিকল্প হতে পারে। নাইজেরিয়া, নাইজারসহ কয়েকটি দেশের কৃষকেরা এরই মধ্যে তুলা উত্পাদন ছেড়ে কাউপির চাষ শুরু করেছেন।