আলুর স্বস্তি কেড়ে নিচ্ছে চাল-তেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাত দিন আগে এক কেজি আলু কিনলাম ১২ টাকায়। আজ একই আলু প্রতি কেজি পাঁচ টাকা দরে ১০ কেজি কিনে নিলাম। কিন্তু আলুর দামের স্বস্তিটা নষ্ট করে দেয় চাল, তেল। দুই সপ্তাহ আগে পাল্লা দিয়া চাল ও তেলের দাম বাড়ছে। একটুও দাম কমল না।’ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ হারুন গতকাল রোববার পলাশী বাজারে নিত্যদিনের বাজার করতে এসে এভাবেই বাজারদরের অস্বস্তির কথা জানালেন। গতকাল রাজধানীর পলাশী, হাতিরপুল, নিউমার্কেট, নবাবগঞ্জ ও জিগাতলা কাঁচাবাজারে যার সঙ্গেই কথা হয়েছে, সবারই একই মত। আলুর দাম কমলেও চাল ও তেলের দাম যেভাবে বেড়েছে, তাতে বাজেট ঠিক রাখতেই হিমশিম খেতে হচ্ছে।চিকন চালের মোটা দাম: সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ও খোঁজ নিয়ে জানা গেছে, গত এক মাসে বাজারের সবচেয়ে ভালো নাজিরশাইল চাল ও মিনিকেট চালের দাম দুই দফায় মোট আট থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা জানান, এক মাস আগে প্রতি কেজি নাজিরশাইল চালের দাম ছিল ৪৮ টাকা। এখন এই চাল বিক্রি হচ্ছে ৫৬ টাকায়। গত এক মাসে এভাবে নাজিরশাইল ও মিনিকেট চালের দাম দফায় দফায় বৃদ্ধির কারণ জানতে চাইলে হানিফ রাইস শপের মালিক মোহাম্মদ হানিফ প্রথম আলোকে বলেন, ‘আমরা চালের দাম বাড়ার ব্যাপারে কিছুই জানি না। আমরা চাল কিনি বাবুবাজারের মোকাম থেকে। ওনারাও দাম বাড়তির কারণ বলেন না। শুধু বলেন, মিল থেইকা দাম বাড়তি পইড়া যায়।’ রাজধানীর পলাশী, হাতিরপুল ও নিউমার্কেট বাজারের কয়েকটি চালের খুচরা বিক্রেতা হচ্ছে চাঁদপুর জেনারেল স্টোর, হানিফ রাইস শপ, ইকবাল রাইস, সাবিহা স্টোর ও দিনাজপুর রাইস। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক মাস আগে মিনিকেট এক নম্বর চাল বিক্রি হয়েছে প্রতি কেজি ৪৪ ও ৪৫ টাকায়। একই চাল এখন নিউমার্কেট বাজারে ৫২ টাকা।ভোজ্যতেলে অস্বস্তি: ভোজ্যতেল সয়াবিন রূপচাঁদা, ফ্রেশ ও তীরের পাঁচ লিটারের প্রতি বোতল ১০-১২ দিন আগেও বিক্রি হয়েছে পাইকারি ৫১০ ও খুচরা ৫২০ টাকায়। সেই তেলের দাম এখন ৫৭০ টাকা।সয়াবিনের দাম বৃদ্ধির কারণ হিসেবে পলাশী বাজারের সাবিহা স্টোরের মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এক সপ্তাহ ধরে ভোজ্যতেলের সরবরাহ অনিয়মিত ছিল। কয়েকদিন তেল সরবরাহ ছিল না। সরবরাহকারীরা বাড়তি দামের ব্যাপারে তাঁদের বলেছেন, সরকারের সঙ্গে আলোচনা করেই এই দাম নির্ধারণ করা হয়েছে। আলুর দামে স্বস্তি: বাজারে প্রতিদিনই আলুর দাম কমছে। এক মাস আগে প্রতি কেজি আলু ১০ থেকে ১২ টাকায় বিক্রি হয়েছে। একই আলু ১৫ দিন আগে থেকে আট টাকা দরে বিক্রি হচ্ছে। তবে কারওয়ানবাজারে ২০ কেজি আলু কিনলে প্রতি কেজি পাঁচ টাকা।জিগাতলা বাজারে ক্রেতা সিদ্দিকুর রহমান বলেন, ‘আলুর দাম কম দেখে বেশি করে কিনে নিছি। বাড়লেও যাতে সমস্যা না হয়। চাল আর তেলের দাম বাড়তি দেইখা কমাইয়া লইছি। এইটার দাম কমব। এরপর কিনব।’ বাজারে রসুনের দামও কমেছে। প্রতি কেজি রসুন এখন ১৬০ থেকে কমে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম দুই সপ্তাহ ধরে ২৮ টাকায় স্থিতিশীল রয়েছে। তবে আটা ও ময়দার দাম কেজিপ্রতি দুই থেকে তিন টাকা বেড়েছে।