আলেপ্পোই আসাদের কফিনের পেরেক
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেছেন, সিরিয়ার আলেপ্পো শহরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ যেভাবে মরিয়া হামলা শুরু করেছেন, এতে এই শহরই হবে তাঁর কফিনের পেরেক। গত রোববার তিউনিসিয়া যাওয়ার পথে সামরিক বিমানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আজ সোমবার বিবিসি অনলাইনের এক খবরে এ কথা জানানো হয়। তিউনিসিয়া দিয়ে শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে প্যানেট্টার পাঁচ দিনের সফর। সিরিয়ার সবচেয়ে বড় শহর আলেপ্পোতে প্রচণ্ড যুদ্ধ চলছে। আসাদের অনুগত সেনারা বিদ্রোহীদের হটানোর চেষ্টা করছেন। প্যানেট্টা বলেন, সিরিয়ার সংকট দিন দিন গভীর হচ্ছে। এতে দ্রুত নিজের মৃত্যু ডেকে আনছেন আসাদ। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মনে হয়, নিজের দেশের মানুষের ওপর এই মর্মান্তিক হামলা চালাতে থাকলে শেষ পর্যন্ত তা আসাদের জন্য কফিন রচনা করবে। নিজের দেশের মানুষের সঙ্গে আসাদ যা করছেন তাতে এটা স্পষ্ট যে, তাঁর শাসনকাল শেষ হতে যাচ্ছে। টিকে থাকার সব বৈধতা হারিয়েছে তাঁর সরকার।’জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভ্যালেরি আমোস বলেন, ‘আলেপ্পো থেকে প্রায় দুই লাখ মানুষ পালিয়ে গেছে। কত লোক যে আটকা পড়ে আছে, তার কোনো হিসাব নেই।’ তিনি জানান, শহরের মানুষের জরুরি ভিত্তিতে খাবার, পানিসহ অন্যান্য রসদ প্রয়োজন। প্যানেট্টার এই পাঁচ দিনের সফরসূচিতে রয়েছে তিউনিসিয়া, মিসর, ইসরায়েল ও জর্ডান। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, আসাদের পতনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মতি অর্জন ও গণতন্ত্রের পথে যাওয়ার একটি শান্তিপূর্ণ পরিবর্তন ত্বরান্বিত করাই তাঁর এ সফরের লক্ষ্য।