আলেপ্পোয় বিমান হামলায় নিহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার আলেপ্পো প্রদেশে আজ সোমবার বিমান হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। রাজধানী দামেস্কের জারামানা এলাকার একটি রাস্তার মোড়েও বোমা বিস্ফোরণ ঘটেছে। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে সিরিয়ায় নবনিযুক্ত আন্তর্জাতিক দূত লাখদার ব্রাহিমি বলেছেন, সিরিয়ায় তাঁর কূটনৈতিক দায়িত্বের সফলতা প্রায় অসম্ভব বলে তিনি ধরে নিয়েছেন। সিরিয়া সফরে আগামী শনিবার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে দেখা হবে বলে আশা করছেন তিনি। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, আলেপ্পোর আল-বাব শহরে একটি ভবনে বিমান হামলা হয়। এতে নিহত হওয়া ২৫ জনের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছে। দামেস্কের জারামানা উপশহরে বোমা হামলায় বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়। সিরিয়ায় ২০১১ সালের ১৫ মার্চ শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ২০ হাজার লোক নিহত হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহীরা। বিদ্রোহীদের সমর্থক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গত মাসে সবচেয়ে বেশি, পাঁচ হাজার, মানুষ নিহত হয়।