আলেমদের একসঙ্গে মাঠে নামার পরামর্শ আমিনীর
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, আলেমরা একমত হয়ে মাঠে না নামলে আওয়ামী সরকারের দাসত্ব থেকে দেশকে মুক্ত করা যাবে না।আমিনী বলেন, উপমহাদেশের হাক্কানি ওলামাদের নেতৃত্বেই ব্রিটিশ খেদাও আন্দোলন সফল হয়েছিল। তেমনি আওয়ামী লীগের দাসত্ব থেকে দেশকে মুক্ত করতে হলে হক্কানি ওলামাদের মাঠে নামার কোনো বিকল্প নেই।আজ মঙ্গলবার বিকেলে লালবাগ কার্যালয়ে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ঢাকা মহানগরের বিভিন্ন থানার দায়িত্বশীলদের সঙ্গে বৈঠকে মুফতি আমিনী এসব কথা বলেন।আমিনী বলেন, ‘১৪৪ ধারা জারি করে কিংবা অগণতান্ত্রিক ও অন্যায় পদক্ষেপ নিয়ে সরকার জনতার কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না। আমাকে গৃহবন্দী রেখে কোরআন রক্ষার এই আন্দোলন দমানো যাবে না।’মুফতি আমিনী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে হাইকোর্টের প্রদত্ত রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘এই রায়ের মাধ্যমে দেশে অস্থিতিশীল ও সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হবে। জনগণ এই রায়কে স্বাগত জানাতে পারবে না। এই রায় সংবিধানসম্পর্কিত বিতর্ককে আরো উসকে দেবে।’বৈঠকে অন্যদের উপস্থিত ছিলেন কমিটির মহাসচিব মুহাম্মদ ওয়াক্কাস, মুফতি ফয়জুল্লাহ, আবুল কাশেম প্রমুখ।