আলো-অন্ধকারে সিসা লাউঞ্জ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলক্ষেতে থাকেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া রাবিদ মাহবুব। বন্ধুদের সঙ্গে একদিন গিয়েছিলেন এলাকার অভিজাত এক হোটেলের সিসা লাউঞ্জে। আপেলের স্বাদে ভরা ধোঁয়া নেওয়ার পর তাঁর মাথা কেমন ঝিমঝিম করতে থাকে। আরও কয়েকবার গিয়ে কমলা, স্ট্রবেরি, মিন্ট স্বাদের ধোঁয়া প্রাণভরে নিয়েছিলেন তিনি। বাসায় এসে মা-বাবার কাছেও বলতেন। তাঁরাও বিষয়টিকে বাঁকাচোখে দেখেননি। নগরের অনেক সিসা লাউঞ্জ মাদক নেওয়ার জায়গা হিসেবে ব্যবহূত হচ্ছে—এমনটা জেনে টনক নড়ে তাঁদের। এরপর আর লাউঞ্জমুখো হননি রাবিদ।নগরের একশ্রেণীর তরুণ-তরুণী ক্রমে ঝুঁকে পড়ছে সিসায়। অনেক সিসা লাউঞ্জ তরুণদের বিপথগামী করছে বলে জানান মাদক প্রতিরোধে কাজ করেন এমন বিশেষজ্ঞরা। সিসা লাউঞ্জের অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনও নীরব বলে তাঁরা অভিযোগ করেন।গ্রাহক কারানগরের অভিজাত এলাকাগুলোয় গড়ে উঠছে একের পর এক সিসা লাউঞ্জ। তরুণদের আনাগোনা আছে—এমন জায়গা বেছে নিচ্ছেন লাউঞ্জ ব্যবসায়ীরা। তাই যেসব এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেসব এলাকায় সিসা লাউঞ্জ বেশি। বনানীর একাধিক সিসা লাউঞ্জের কর্মীরা জানান, তাঁদের লাউঞ্জে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ-তরুণীরা বেশি আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সিসা লাউঞ্জের একজন কর্মকর্তা অবশ্য দাবি করেন, তাঁদের লাউঞ্জে মধ্যপ্রাচ্যের পর্যটকেরাও আসেন। একই বিষয়ে খিলক্ষেতের একটি সিসা লাউঞ্জ থেকে দাবি করা হয়, তাদের এখানে আগে তরুণেরা বেশি আসত। এখন সব বয়সের গ্রাহক আসে। ভিনদেশি অনেকেই তাদের লাউঞ্জে আসেন।বনানীর একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে জানা গেছে, কোনো কোনো শিক্ষার্থী সিসা লাউঞ্জে যান, এমন অভিযোগ তাদের কাছেও আসে। এটাকে তারা কোনোভাবেই প্রশ্রয় দেয় না। এ বিষয়ে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী-কল্যাণবিষয়ক কর্মকর্তা ফারহানা রহমান জানান, শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী মনোভাব গড়ে তুলতে তাঁরা প্রায়ই সেমিনার ও শোভাযাত্রার আয়োজন করে থাকেন।মাদকের প্রথম ধাপ?নগরের একাধিক সিসা লাউঞ্জের কর্মকর্তারা দাবি করেন, বিভিন্ন ফলের ফ্লেবার সিসার মূল উপাদান। আপেল, আম, মিন্ট, স্ট্রবেরি, আঙুর প্রভৃতি ফ্লেবারের সিসা পাওয়া যায়। অনেকটা হুঁকোর প্রক্রিয়ায় সিসা নেওয়া হয়।মধ্যপ্রাচ্য থেকে নগরে সিসার উপাদান আনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এ বিষয়ে দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে থাকা উত্তরার বাসিন্দা ইমরান আহমেদ জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলোয় বয়স্ক পুরুষ ও নারীদের সিসা নিতে দেখা যায়। কিন্তু ঢাকায় তরুণেরা সিসা লাউঞ্জে বেশি যাচ্ছে। এটা ভালো লক্ষণ নয়।তরুণদের সিসা লাউঞ্জে যাওয়ার বিষয়টিকে ভালো চোখে দেখছেন না মাদক ও নেশা নিরোধ সংস্থার (মানস) প্রতিষ্ঠাতা সভাপতি অরূপ রতন চৌধুরী। তিনি বলেন, ‘শহরের সিসা লাউঞ্জগুলো সিসার সঙ্গে মাদকের কোনো উপাদান ব্যবহার করছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। না হলে তরুণেরা এটার দিকে ঝুঁকছে কেন?’ তিনি আরও বলেন, ‘ধূমপানকে যেমন মাদকের প্রাথমিক সোপান হিসেবে দেখা হয়, তেমনি সিসার নামে গাঁজা, তামাক, অ্যালকোহলের ব্যবহার হতে থাকলে সিসাও মাদকের প্রাথমিক সোপানে পরিণত হবে। সিসার পরে দেখা যাবে তরুণেরা ইয়াবা, হেরোইন, কোকেনে আসক্ত হয়ে পড়ছে। এমনটা হলে সিসা-কালচারকে কোনোভাবেই উৎসাহিত করা উচিত নয়।’ একই বিষয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক (সাইকো) এম এ মোহিত কামাল জানান, যারা নিয়মিত সিসা নেয়, তারা আসক্ত হচ্ছে। সিসায় আসক্ত বেশ কয়েকজন তরুণ নিরাময়ের জন্য তাঁর কাছে এসেছে। এর মধ্যে মেয়েও আছে। সিসায় আসক্তদের ঘুম কম, ব্যবহার উগ্র—এমন অভিযোগ করেন অভিভাবকেরা। অথচ সিসা নেওয়াকে অনেকেই ফ্যাশন হিসেবে দেখছেন। এটা আশঙ্কার দিক। তরুণেরা যাতে ফ্যাশনের নামে নেশার পথে পা না বাড়ায়, সেদিকে অভিভাবকদের নজর দেওয়া উচিত বলে মনে করেন এম এ মোহিত কামাল।নগরে সিসা লাউঞ্জ আছে কয়টি? এর প্রকৃত কোনো হিসাব নেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে (ঢাকা মেট্রো উপ-অঞ্চল)। তবে অধিদপ্তরের একটি সূত্র জানায়, গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, মোহাম্মদপুর, বেইলি রোড, খিলক্ষেত, উত্তরা এলাকায় সব মিলিয়ে প্রায় ২০০ সিসা লাউঞ্জ রয়েছে। এর মধ্যে বনানীতেই রয়েছে প্রায় অর্ধশত সিসা লাউঞ্জ।মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদক ব্যবসার অভিযোগে ধানমন্ডির একটি সিসা লাউঞ্জের বিরুদ্ধে ২০০৮ সালে তারা মামলা করেছে। সেই মামলা এখনো চলছে।খোঁজ নিয়ে দেখা গেছে, বনানীর একাধিক রেস্তোরাঁ ও আবাসিক ভবনে সিসা লাউঞ্জ গড়ে উঠেছে। কোনো কোনো লাউঞ্জে গ্রাহকদের জন্য আলাদা খুপরিঘর থাকে। সেখানে মাদকসেবীরা গোপনে মাদক নেওয়ার সুযোগ পাচ্ছে। আবার তরুণ-তরুণীরা নিরিবিলি সময় কাটানোর জায়গা হিসেবে ব্যবহার করছে সেসব সিসা লাউঞ্জ।অধিদপ্তরের ভাষ্যনগরের সিসা লাউঞ্জগুলো ঢাকা সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স করে ব্যবসা করছে। এ ক্ষেত্রে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে কোনো অনুমোদন নিতে হয় না। সিসা লাউঞ্জের আড়ালে মাদক ব্যবসা এবং তা মাদক নেওয়ার স্থান হিসেবে ব্যবহূত হচ্ছে—এমন একাধিক অভিযোগ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরেও (ঢাকা মেট্রো উপ-অঞ্চল) এসেছে বলে জানান এর উপপরিচালক মুজিবুর রহমান পাটোয়ারী। তিনি জানান, বর্তমান আইনে সিসা লাউঞ্জের বিরুদ্ধে তাঁরা কিছু করতে পারছেন না। তবে সিসায় মাদকের কোনো উপাদান ব্যবহূত হচ্ছে কি না, তা তাঁরা যাচাইয়ের উদ্যোগ নিয়েছেন। সিসায় মাদকের উপকরণ থাকলে সিসা লাউঞ্জ বন্ধ করে দেওয়া হবে। যেসব সিসা লাউঞ্জ মাদকের ব্যবসা করছে, তাদের হাতেনাতে ধরার চেষ্টা চলছে বলে তিনি জানান।