আলো ও শব্দে বাংলাদেশের হূদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের সাতই মার্চ। বাঙালির মুক্তির সনদ ঘোষণার দিন। সেদিন সকাল থেকে ছাত্র-শিক্ষক, কৃষক, গৃহিণী, বাবার কাঁধে চড়ে ছোট্ট ছেলেটি অথবা ছেলের হাতে হাত রেখে হাঁটতে কষ্ট হওয়া বাবা হাজির হয়েছেন ময়দানে। রেসকোর্স ময়দানে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণে বাঙালি জাতিসত্তার মহান অগ্রনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে ঘোষণা দিলেন, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।’ ভাষণে তাঁর প্রতিটি শব্দ প্রতিটি মানুষের বুকে বিঁধে যাচ্ছে। ছেলে-বুড়ো—সবার হাতে বাঁশের লাঠি। করতালি আর গগনবিদারী চিৎকারে মুখরিত ময়দানের চারপাশ। ময়দানের নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে দিনক্ষণ অনেক কিছুতেই এসেছে পরিবর্তন। সময়ের পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে সেই স্থান। আজকের সোহরাওয়ার্দী উদ্যান ফিরে যায় একাত্তরের সাতই মার্চ রেসকোর্স ময়দানে। শুধু সাতই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণেই নয়; বাংলা, বাঙালি ও বাংলাদেশের সৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে আয়োজন করা হয় লাইট অ্যান্ড সাউন্ড শো বাংলাদেশের হূদয় হতে। গত ২৫, ২৬ ও ২৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।লাইটের রংবেরঙের আলো-ছায়ার খেলা ও সাউন্ড কারুকাজে তুলে ধরা হয় বিভিন্ন বিষয়। ব্রিটিশ আমলে ঘোড়দৌড়ের জন্য তৈরি করা হয় তৎকালীন রেসকোর্স ময়দান। ইতিহাসের পথচলায় এই প্রান্তরটি পরিণত হয় বাংলাদেশের হূদয় উদ্যানে। এই প্রান্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধের উৎসভূমি। ইতিহাসে অমর গৌরব নিয়ে এখানে চিরন্তন শিখা প্রজ্বলিত। হাজার বছরের সংগ্রামের ধারায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ মাইলফলক। এই উদ্যানে বাঙালি জাতিসত্তার মহান অগ্রনায়ক বঙ্গবন্ধু সাহস ও প্রজ্ঞার অপূর্ব উচ্চারণে বজ্রকণ্ঠে ঘোষণা করেন স্বাধীনতা। সেই ঐতিহাসিক স্থান, যেখানে বীর বাঙালি ঊনসত্তরের গণ-অভ্যুথানের মাধ্যমে প্রিয় নেতা শেখ মুজিবুর রহমানকে কারাগার থেকে মুক্ত করে বাঙালি জাতির পক্ষ থেকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। এই সেই ইতিহাস প্রান্তর, যেখানে ধ্বস্তবিধ্বস্ত পরাজিত ৯৩ হাজার পাকিস্তানি সেনাসদস্য অস্ত্র সমর্পণ করে এই পবিত্র মাটির দিকে মাথা নত করে দাঁড়াতে বাধ্য হয়েছিল। পাকিস্তানি সেনাপতি নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেছিলেন। বিজয় হয় আমাদের মুক্তিযুদ্ধের। পাকিস্তানের কারাগারের মৃত্যুফাঁদ থেকে স্বাধীন স্বদেশে ফিরে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন এই ময়দানেই। ১৯৪৮ সালে ২১ মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাম্ভিক ঘোষণা দেন এই ময়দানেই। কী ছিল না এই আয়োজনে? ইতিহাসের সব কয়টি ঐতিহাসিক দিক নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শো বাংলাদেশের হূদয় হতে।দর্শকেরা প্রযুক্তির এই চমৎকার আয়োজনে মুগ্ধ হয়েছে। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহারা জাহান ও তাঁর বন্ধুরা। অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ইতিহাসসমৃদ্ধ আমাদের দেশ। ১৯৭১ সালে আমাদের মতো তরুণ, যাদের জন্ম হয়নি, তাদের কাছে সঠিক ইতিহাস ও মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় তুলে ধরতে হবে। তিনি বলেন, এখন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আরও শক্তিশালী করার দায়িত্ব আমাদের নিতে হবে। বাবার কাঁধে চড়ে অনুষ্ঠান দেখতে এসেছে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া সালমান সাদিক। ব্যবসায়ী বাবা আমজাদ হোসেন বলেন, ‘আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা।’ তিনি বলেন, ‘আমাদের সন্তানদের সঠিক ইতিহাস আমাদেরই জানাতে হবে। এ ক্ষেত্রে প্রযুক্তিই সহজে সঠিক ইতিহাস তুলে ধরতে পারে। কাজেই প্রযুক্তিকে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার কাজে ব্যবহার করা যায়।’ এর সঙ্গে বিজ্ঞানের বিষয়টি মাথায় রাখার কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোরশেদ। তিনি মনে করেন, বঙ্গবন্ধু নভোথিয়েটারে আলো ও শব্দের এমন প্রয়োগ দেখা যায়, যা দর্শকদের এই বিশ্ব সৃষ্টির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বর্তমানে যেহেতু এই প্রযুক্তির দাম কমে এসেছে, কাজেই এর মাধ্যমে জ্ঞানবিজ্ঞানের নানা বিষয় শিক্ষার্থীদের জন্য সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব বলে তিনি মনে করেন।সোহরাওয়ার্দী উদ্যানের ইতিহাস-নির্যাসকে সাধারণ মানুষকে সামনে তুলে ধরতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, ক্রিয়েশনস আনলিমিটেড ও গৌরবের প্রান্তর আয়োজন করেছে লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনী বাংলাদেশের হূদয় হতে। আয়োজকেরা বলেন, ইতিহাসের বিভিন্ন ঘটনার সাক্ষী সোহরাওয়ার্দী উদ্যান। আবেগঘন চিত্তে শ্রদ্ধাবনত শিরে এই মাটিতে এসে আমাদের বারবার দাঁড়াতেই হবে। ইতিহাসের এমন সহজ পাঠ আর কোথায় পাবে বাঙালি।কেমন করে হয় এই আয়োজনএমন একটি মনকাড়া আয়োজনের পেছনের মূল শক্তি প্রযুক্তির সমন্বয়। পুরো এলাকায় আলো ও শব্দের খেলা খেলতে হলে অনেকগুলো প্রজেক্টর ও স্পিকারের প্রয়োজন হয়। তবে এই ধরনের প্রদর্শনীর ক্ষেত্রে সব প্রজেক্টর একই সঙ্গে ছবি প্রদর্শন করে না। আবার তেমনি সব স্পিকারও একই শব্দ প্রচার করে না। কখনো সবগুলো, কখনো কয়েকটি প্রজেক্টর বা স্পিকার চালু থাকে। সিরিজ আকারে পর পর কয়েকটি স্পিকার যদি সাজানো থাকে এবং নির্দিষ্ট বিরতি দিয়ে একটির পর একটি স্টিকার থেকে কোলাহলের শব্দ শোনা গেলে দর্শকের মনে হয়, কোলাহলটি ক্রমশ দূরে সরে যাচ্ছে। একইভাবে প্রজেক্টর দিয়ে এমন দৃশ্যকল্প বানানো সম্ভব যে, মনে হবে ঘোড়াগুলো দৌড়ে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে। ছোট-বড় নানান আকারের সার্ভো মোটরের সাহায্যে স্পিকার বা প্রজেক্টরকে ওঠানামাও করানো যায়। ফলে কখনো আলো উজ্জ্বল হয় আবার কখনো তা ফিকে হয়ে আসে। যেহেতু, সম্পূর্ণ প্রদর্শনীতে একটি টানটান বহমানতা রাখা লাগে, কাজেই বলা যায়, মানুষের পক্ষে নির্দিষ্ট সময় পরপর সেই ওঠানামা বা অফ-অন করা সম্ভব নয়। কাজে সম্পূর্ণ কার্যক্রমকে একটি কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে সমন্বয় করতে হয়। কেন্দ্রীয় প্রোগ্রামটি অনেকগুলো সাব-প্রোগ্রামকে চালায়। কম্পিউটার প্রোগ্রামে মাইক্রো-কন্ট্রোলারচালিত মোটর সিস্টেমগুলো ইন্টারফেস করা থাকে। এই মোটরগুলো প্রজেক্টর ও স্পিকারের ওঠানামা, শব্দ বা আলোর তীক্ষতার পরিবর্তন এবং প্রয়োজনে অফ-অন করতে পারে। মূল প্রোগ্রামে সামান্য অদলবদল ঘটিয়ে ছবি ও শব্দ পরিবর্তন করে নানা রকম প্রদর্শনী করা যায়।বর্তমানে এর সঙ্গে লেজার প্রযুক্তি ব্যবহার করে বিষয়টি আরও আকর্ষণীয় করা সম্ভব হয়। সে ক্ষেত্রে দর্শকদের তিন মাত্রার অনুভূতিও হয়ে থাকে। বছর দশেক আগেও মাইক্রোকন্ট্রোলারভিত্তিক সার্ভো মোটর সিস্টেমে খরচ পড়ত বেশি। বর্তমানে এই প্রযুক্তির দাম অনেকটা কমে এসেছে। তাই এর প্রসারও বাড়ছে। নভোথিয়েটারে এরকম ব্যবস্থায় আকাশের ছবি ফুটিয়ে তোলা হয়।শিক্ষায় প্রয়োগআলো ও শব্দের এই প্রযুক্তির প্রয়োগ হতে পারে শিক্ষার ক্ষেত্রে। শিক্ষার্থীদের ত্রিমাত্রিক বিষয়ে ধারণা দেওয়ার ক্ষেত্রে এই প্রযুক্তি বিশেষভাবে ব্যবহার করা যায়। দেশে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করার জন্য এজাতীয় প্রযুক্তির ব্যাপক ব্যবহারের কথা ভাবা যেতে পারে। নভোথিয়েটার ও বিজ্ঞান জাদুঘরে এই প্রযুক্তিভিত্তিক স্থায়ী উপস্থাপনা চালু করা হলে তা বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আকর্ষণ আরও বাড়িয়ে দেবে।বিজ্ঞান প্রজন্ম ডেস্ক