স্বাধীনতার পরই আবদুল্লাহ আবু সায়ীদ ছোট পরিসরে শুরু করেছিলেন পাঠচক্র। ১৯৭৮-এ তা লাভ করল সাংগঠনিক রূপ, শুরু হলো বিশ্বসাহিত্য কেন্দ্রের যাত্রা, ১৯৮০ সালে হলো এর আনুষ্ঠানিক উদ্বোধন। বাংলাদেশের স্বাধীনতার পর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের মনে হয়েছিল, নানা সাক্ষাৎকারে আর লেখায় তিনি বলেছেন, বাংলাদেশের এখন নির্মাণের সময়। আর নির্মাণের জন্য দরকার হবে নির্মাতা, আলোকিত মানুষ, যারা নিজেদের গড়ে তুলবে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থগুলো পাঠ করে, শিল্প-সংস্কৃতিচর্চার মাধ্যমে যাদের হূদয়ে সদাজাগ্রত থাকবে সুকোমল বৃত্তি, ইতিহাস-দর্শন ইত্যাদির চর্চার মাধ্যমে যারা হয়ে উঠবে মননশীল মানুষ। বাংলামোটরের কাছে গাছগাছালিঢাকা লাল ইটের ওই অপরূপ ভবনটি পাঠাগারের মাধ্যমে আলোর শিখা জ্বেলে দিয়েছে অসংখ্য পাঠকের হূদয়ে, কেন্দ্রের বইপড়া কর্মসূচির আওতায় বই পড়েছে লাখ লাখ শিক্ষার্থী, এখন সারা দেশে প্রতিবছর পাঠ্যবইয়ের বাইরের নির্বাচিত বই পড়ছে লক্ষাধিক তরুণ-তরুণী। বিশ্বসাহিত্য কেন্দ্র চালু করেছে ভ্রাম্যমাণ পাঠাগার, সুসজ্জিত গাড়ি ‘আলো আমার আলো ওগো’ গান বাজিয়ে বইয়ের পসরা সাজিয়ে হাজির হচ্ছে লোকালয়ে লোকালয়ে, পাঠকেরা সেখানে হাজির হচ্ছে নিয়মিত, বই নিচ্ছে, ফেরত দিচ্ছে, মাঝেমধ্যে আবার সব পাঠক একত্র হয়ে আলোচনা করছে, সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের ওই লাল ভবনটি এখন নেই। সেখানে গড়ে উঠছে বহুতল ভবন। যেটা আশা করা যায়, নির্মাণকাজ শেষ হওয়ার পর হয়ে উঠবে বাংলাদেশের সংস্কৃতি ও মননচর্চার একটা সপ্রাণ কেন্দ্র হিসেবে। সেখানে চলচ্চিত্র দেখানো হবে, শুদ্ধ সংগীতের চর্চা হবে, শিল্পকলা বা দর্শন নিয়ে আলোচনা হবে, চলচ্চিত্র কিংবা আবৃত্তির কর্মশালা হবে, এসব কর্মকাণ্ড আগেও হয়েছে, বড় ভবনে আরও বড় পরিসরে জমজমাট-ভাবে আয়োজিত হবে অদূর ভবিষ্যতে, সেই স্বপ্ন এখন কেবল আবদুল্লাহ আবু সায়ীদের নয়, আমাদের সবার। ২০০৪ সালে ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন আবদুল্লাহ আবু সায়ীদ, ইউনেসকোর মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে কেন্দ্র, কিন্তু এসব স্বীকৃতি মোটেও এই সংগঠনের সাফল্যের মাপকাঠি নয়, মানুষের হূদয়ের শুশ্রূষা করে এই প্রতিষ্ঠানটি, আর একজন মানুষও যদি বদলে যায়, তার দ্বারা ঘটে যেতে পারে বড় ইতিবাচক পরিবর্তন। মানুষের হূদয়কে আলোকিত করে এই প্রতিষ্ঠান, বাংলাদেশের কোণে কোণে লক্ষ প্রদীপ জ্বলে উঠছে নীরবে, যার আলোকশিখায় আলোকিত হয়ে উঠছে পুরো বাংলাদেশেরই ভবিষ্যৎ।কিন্তু কেবল বই পড়লেই চলবে না, কাজ করতে হবে, সাহসে বুক বেঁধে এগিয়ে যেতে হবে মানুষের কল্যাণে, দেশের প্রয়োজনে, সেই শিক্ষাটাও কিন্তু বিশ্বসাহিত্য কেন্দ্র আর আবদুল্লাহ আবু সায়ীদ সর্বদা দিয়ে চলেছেন কেন্দ্রের সদস্যদের। ‘সাইকেলে চড়ে দেশটাকে দেখতে বেরিয়ে পড়ো’ থেকে শুরু করে ‘পরিবেশ রক্ষার আন্দোলনে শরিক হও’, নানা বার্তায় সদস্যদের উদ্বুদ্ধ করে চলেছেন কেন্দ্রের পরিচালক। বিশ্বসাহিত্য কেন্দ্রের শুরুর দিকে যে ছেলেমেয়েরা আসত ভীরু পায়ে, চোখে চশমা, বুকে বই, আজ তারা বড় হয়েছে এবং কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়েছে দেশে-বিদেশে। দেশের বাইরেও গড়ে উঠছে বিশ্বসাহিত্য কেন্দ্রের শাখা। আর এই প্রাক্তন সদস্যরা যে পেশাতেই থাকুন না কেন, দেশের জন্য মানুষের জন্য তাঁদের যে একটা আলাদা দরদ আছে, নানা সামাজিক মানবিক কাজে-কর্মে তাঁরা তার পরিচয় দিয়ে যাচ্ছেন কখনো নিভৃতে, কখনো বা উচ্চকিতভাবে।আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।