আলো ছড়াবেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারায় তারায় খচিত বিশ্বকাপের আকাশ। সেই তারাদের মধ্যে সবচেয়ে বেশি আলো ছড়াতে পারেন যাঁরা, তাঁদের পরিচয় করিয়ে দিতেই এই বিশেষ আয়োজনকাকাদেশ: ব্রাজিলবয়স: ২৮পজিশন: মিডফিল্ডারক্লাব: রিয়াল মাদ্রিদআন্তর্জাতিক ম্যাচ: ৭৮গোল: ২৭এসি মিলানের মাঝমাঠটাকে এক সুতোয় বেঁধে কী অসাধারণভাবেই না খেলাটাকে গড়তেন ব্রাজিলিয়ান প্লে-মেকার কাকা। ২০০৩ থেকে ২০০৯—এই ৬ বছরে এসি মিলানকে জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগ, সিরি ‘আ’ শিরোপা আর ক্লাব বিশ্বকাপের মতো বড় তিনটি শিরোপা। মিলানকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে ২০০৭ সালে পেয়েছেন ফিফা ও ইউরোপের বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি। এরপর গত বছর নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদে। কিন্তু মিলানের সেই দুর্দান্ত ফর্মটা আর নিয়ে যেতে পারেননি স্পেনে। প্রায় পুরোটা মৌসুম ছিলেন নিজের ছায়া হয়েই। সদ্য শেষ হওয়া মৌসুমের হতাশা ভুলে আবার জেগে ওঠার সময় এসেছে। এই বিশ্বকাপে ব্রাজিলের মাঝমাঠটাকে একই সুতোয় গেঁথে রাখার দায়িত্বটা যে কাকার কাঁধেই অর্পিত। পুতুলনাচের পরিচালকের মতো নিপুণ হাতে সুতো টেনে টেনে ব্রাজিলের মাঝমাঠটাকে চালাতে হবে তাঁকেই। এই যে মিলানের খেলা তৈরির কারিগর হওয়া, ব্রাজিলের মাঝমাঠের মেরুদণ্ড হওয়া—এগুলোর কিছুই হয়তো হওয়া হতো না কাকার। ১৫ বছর বয়সে সুইমিংপুলের স্প্রিংবোর্ড থেকে লাফ দিয়ে নিজের মেরুদণ্ডটাই যে ভেঙে গিয়েছিল তাঁর। ফুটবল খেলা তো দূরের কথা, কাকা যে আবার স্বাভাবিক জীবনে ফিরবেন, এটাই তো কেউ ভাবতে পারেননি তখন। কিন্তু ঈশ্বরের অদৃশ্য ইঙ্গিতে কাকা সেরে উঠলেন, আবার ফুটবলে ফিরলেন। জয়ও করলেন অনেক কিছু। সেই থেকে কাকাও তাঁর জীবনটাকে সঁপে দিয়েছেন মহা শক্তিময় ঈশ্বরের কাছে! ধর্মকর্ম পালন করেন মনেপ্রাণে। এমনকি মাঠে গোল করার পরও দু হাত শূন্যে তুলে ঈশ্বরকে জানান ধন্যবাদ। তাঁর বুটের জিহ্বায় লেখা থাকে—আমি যিশুর কাছে সমর্পিত।ঈশ্বরের কৃপাটা বুঝি সত্যিই সব সময় থাকে কাকার সঙ্গী হয়ে। গত বছর কনফেডারেশনস কাপের আগে পর্যন্ত খুব একটা ফর্মে ছিলেন না। অথচ তাঁর জাদুকরি ফুটবলেই কনফেডারেশনস কাপটা জিতল ব্রাজিল। তিনি হলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ঈশ্বরের এই বরপুত্র এবার আরেকবার চাইবেন ঈশ্বর মুখ তুলে তাকান তাঁর দিকে। কার্লোস দুঙ্গার বিশ্বকাপ দলে তারকা খেলোয়াড় খুব একটা নেই। তাই ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিততে কাকার স্বর্গীয় ফর্মের দিকেই তাকিয়ে থাকতে হবে ব্রাজিলকে। বড় মঞ্চে বরাবরই জ্বলে ওঠার নজির কাকার আছে। তাই ধরে নিতে পারেন, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও মাঠ মাতাবেন ব্রাজিলের এই তারকা। দিদিয়ের দ্রগবাদেশ: আইভরিকোস্টবয়স: ৩২পজিশন: ফরোয়ার্ডক্লাব: চেলসিআন্তর্জাতিক ম্যাচ: ৬৮গোল: ৪৪পশ্চিম আফ্রিকার দেশ আইভরিকোস্টকে কেউ হয়তো না-ও চিনে থাকতে পারেন। কিন্তু দিদিয়ের দ্রগবাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। মানুষ আগে চিনত চেলসির দ্রগবা হিসেবে। এখনো ইংলিশ ক্লাব চেলসিই তাঁর ঠিকানা। তবে তাঁর আরও একটা পরিচয় আছে—ছোট দেশের বড় তারকা। আসলেই তাই। ১৯৩০-২০০২, ১৭টি বিশ্বকাপই আইভরিয়ানদের কেটেছে ‘ইস! আমরা যদি বিশ্বকাপ খেলতে পারতাম’ আফসোস করে করে। ২০০৬-এ এসে তাদের সেই আফসোস ঘুচেছে। আফসোস ঘুচিয়ে দিয়েছেন ৩২ বছর বয়সী দ্রগবা। বলতে গেলে তিনি একাই জার্মানি বিশ্বকাপে নিয়ে গিয়েছিলেন আইভরিকোস্টকে। ৪ বছর পর আবার বিশ্বকাপে তারা। এবারও তাদের প্রধান ভরসা দ্রগবা। যদিও জাপানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাত ভেঙেছে দ্রগবার, তবু তিনি বিশ্বকাপ দলে আছেন। সময়মতো ফিট হয়ে উঠলে এই বিশ্বকাপটা আলোকিত হতে পারে তাঁর আলোতেও।চেলসির হয়ে মৌসুমে ৪২ ম্যাচে ২৯ গোল করে লিগ শিরোপা জিতিয়েছেন। এখন তিনি তাকিয়ে আছেন বিশ্বকাপের সোনার জুতো জয়ের দিকে!ওয়েইন রুনিদেশ: ইংল্যান্ডবয়স: ২৪পজিশন: ফরোয়ার্ডক্লাব: ম্যানচেস্টার ইউনাইটেডআন্তর্জাতিক ম্যাচ: ৬০গোল: ২৫তাঁর মতো এত প্রত্যাশার চাপ নিয়ে বিশ্বকাপে যাচ্ছেন খুব কম খেলোয়াড়ই। এর জন্য অবশ্য ‘দায়ী’ ওয়েইন রুনি নিজেই। ক্লাব ও দেশের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্সটা এতটাই দুর্দান্ত যে তাঁর হাত ধরে ৪৪ বছরের শিরোপা-খরা কাটানোর ব্যাপারে নিশ্চিত হয়ে বসে আছেন অনেক ইংলিশ। এতে অবশ্য কিছু এসে যাওয়ার কথা নয় রুনির, চাপের সঙ্গে মানিয়ে নেওয়াটা যে অবশেষে শিখে ফেলেছেন! ১৭ বছর বয়সে আর্সেনালের অপ্রতিরোধ্য যাত্রা থামিয়ে দেওয়া সেই গোলটির পর ইংলিশ মিডিয়ায় মাতামাতির শুরু, অল্প দিনেই তাঁকে বানিয়ে দেওয়া হলো মহাতারকা। খ্যাতির সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খেলেন, গোলের চেয়ে বেশি আলোচনায় আসতে থাকলেন মাঠে মাথা গরম করে। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রিকার্ডো কারভালহোকে মাড়িয়ে দিয়ে দেখলেন লাল কার্ড। তবে এসব এখন অতীত, রুনি এখন আলোচনায় আসলে কাজ দিয়েই। ইনজুরিটা মাঝে মাঝেই ঝামেলা পাকানোর পরও এ মৌসুমে রেড ডেভিলদের হয়ে ৪৪ ম্যাচে করেছেন ৩৪ গোল। বিশ্বকাপ বাছাইপর্বে করেছেন সব মহাদেশ মিলিয়েই দ্বিতীয় সর্বোচ্চ ৯ গোল। ইংলিশদের স্বপ্নটাকে এবার বাড়াবাড়ি বলা যাবে না মোটেও, রুনি যে এখন পরিপক্ব!রবিনহোদেশ: ব্রাজিলবয়স: ২৬পজিশন: ফরোয়ার্ডক্লাব: সান্তোসআন্তর্জাতিক ম্যাচ: ৭৫গোল: ২৩অসাধারণ ড্রিবলিং ক্ষমতার কারণে কেউ কেউ তাঁকে তুলনা করতে শুরু করেছিল কিংবদন্তি গারিঞ্চার সঙ্গে। ফুটবল-সম্রাট পেলে তাঁর মধ্যে দেখতে পেয়েছিলেন নিজের ছায়া—ও ঠিক আমার মতো।গারিঞ্চা আর পেলের যে ছায়া রবিনহোর মধ্যে ছিল, সেটা কি এখন আর দেখতে পাওয়া যায় রবিনহোর মধ্যে? ব্রাজিলের ক্লাব সান্তোসে তাঁর অসাধারণ পারফরম্যান্সের কারণে রিয়াল মাদ্রিদ তাঁকে নিয়ে নিয়েছিল ২০০৫ সালে। প্রথম মৌসুমটা রিয়ালে ভালোই খেলেছিলেন। জায়গা পেয়েছিলেন ব্রাজিলের ২০০৬ বিশ্বকাপ দলেও। তবে সবাইকে হতাশ করেন রবিনহো। বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। অসাধারণ ড্রিবলিং আর চৌকসতা দুটোরই অভাবে কেমন যেন হারিয়ে যেতে থাকে ধীরে ধীরে। সবাইকে অবাক করে ২০০৮ সালে রিয়াল ছেড়ে যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। সিটিতে গিয়ে হারানো ফর্মটা ফিরে পেয়েছিলেন, কিন্তু কোচ মার্ক হিউজের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রবিনহোও ফর্ম হারিয়ে ফেলেন। সিটির নতুন কোচ রবার্তো মানচিনি তাঁকে ধারে পাঠিয়ে দেন তাঁর পুরোনো ক্লাব সান্তোসে। প্রথম কয়েকটা ম্যাচ সান্তোসে ভালোই খেলেছেন রবিনহো। এরপর সেখানেও ম্লান তিনি। এর পরও ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা তাঁকে বিশ্বকাপ দলে রেখেছেন। ভরসা হয়তো রবিনহোর যদি হঠাৎ মনে পড়ে যায় পেলে তাঁকে তাঁর নিজের সঙ্গে তুলনা করেছেন অথবা মনে পড়ে যায়, মানুষ একসময় তাঁকে গারিঞ্চার সঙ্গে তুলনা করতে শুরু করেছিল। এখন আসল সময়ে যদি এসব মনে পড়ে যায় তাঁর! রবিনহো ফিরে পান যদি সেই ড্রিবলিং আর চৌকসতা, তাহলে তিনিও হয়ে উঠতে পারেন এই বিশ্বকাপের বড় তারকা। জাভি হার্নান্দেজদেশ: স্পেনবয়স: ৩০পজিশন: মিডফিল্ডারক্লাব: বার্সেলোনাআন্তর্জাতিক ম্যাচ: ৮৬গোল: ৮‘লোকে বলছে জাভিকে নেওয়া ঝুঁকি হয়ে যাচ্ছে, কিন্তু তারা বুঝছে না, ওকে বাইরে রাখা আরও বেশি ঝুঁকির!’—হাঁটুর ইনজুরিতে ভুগতে থাকা জাভি হার্নান্দেজকে ২০০৬ বিশ্বকাপের দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছিলেন কোচ লুইস আরাগোনেস এভাবেই। জাভি তখনো ছিলেন অপরিহার্য, কিন্তু ফুটবল-বিশ্ব তাঁর সেরাটা তো দেখেছে এরপর! তাঁকে ছাড়া বার্সেলোনা কিংবা স্পেন দলের কথা এখন তাই ভাবাই যায় না, দুটো দলেরই তিনি প্রাণভোমরা। সেই ১১ বছর বয়স থেকেই আছেন ন্যু ক্যাম্পে, বলা যায় বার্সার যুব প্রকল্পের অন্যতম সেরা ‘পণ্য’। বার্সার ফুটবল-দর্শন সব সৌন্দর্য নিয়ে ফুটে ওঠে তাঁর পায়ে। গোল করার চেয়ে করাতেই যেন তাঁর বেশি আনন্দ। জাভির সেরা দেখা গেছে গত মৌসুমে, চ্যাম্পিয়নস লিগে তাঁর পাসে গোল হয়েছিল সর্বোচ্চ ৭টি, লা লিগায় সর্বোচ্চ ২০টি। অবিশ্বাস্যভাবে ২৫৪ পাসের ৮৯ শতাংশই সফল করে ২০০৮ ইউরোতে জিতেছিলেন ‘গোল্ডেন বল’। খেলা বানানোর কারিগরের কাছে বিশ্বকাপেও এমন কিছুর প্রত্যাশা স্পেনের।লুকাস পোডলস্কিদেশ: জার্মানিবয়স: ২৫পজিশন: ফরোয়ার্ডক্লাব: এফসি কোলনআন্তর্জাতিক ম্যাচ: ৭৩গোল: ৩৮ইনজুরি কেড়ে নিয়েছে জার্মানির মাঝমাঠের পুরোনো যোদ্ধা মাইকেল বালাককে। দক্ষ গোলশিকারি মিরোস্লাভ ক্লোসাও হারিয়ে খুঁজছেন নিজেকে। এমনিতেও জার্মানির আশার সওয়ার ছিলেন পোডলস্কি, বালাককে হারানো এবং ক্লোসার অফ ফর্মের কারণে আরও বেশি করেই দায়িত্ব এসে পড়েছে জোসেফ লুকাস পোডলস্কির কাঁধে।বয়স মোটে ২৫। অথচ এই বয়সেই জার্মানির জার্সি গায়ে খেলে ফেলেছেন ৭৩ ম্যাচ। কোচের আস্থার মর্যাদা দিতে পোডলস্কি যে নিবেদিতপ্রাণ, ৭৩ ম্যাচে ৩৮ গোল করে রেখেছেন তার প্রমাণ। ক্লোসার সঙ্গে তরুণ তুর্কি পোডলস্কি জুটি যেকোনো দলের জন্য বড় হুমকি, ২০০৬-এ জার্মানি বিশ্বকাপেই তা দেখেছে সবাই। আর পোডলস্কি জিতেছিলেন বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার। এবার তো অনেক বেশি পরিণত তিনি। বালাকহীন জার্মানি এবার কত দূর কী করতে পারে কে জানে, তবে পোডলস্কি কিন্তু এবারও খেলতে পারেন মাঠ মাতানোর মতো খেলা।মিরোস্লাভ ক্লোসাদেশ: জার্মানি বয়স: ৩২পজিশন: ফরোয়ার্ডক্লাব: বায়ার্ন মিউনিখআন্তর্জাতিক ম্যাচ: ৯৬গোল: ৪৮ফুটবল-বিশ্ব চেনে মিরোস্লাভ ক্লোসা নামে। ভালোবাসার সঙ্গে শ্রদ্ধা মিশিয়ে ভক্তরা ডাকে ‘সাল্টো ক্লোসা’ নামে। আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ২০০১ সালে। সেই থেকেই জার্মানির ‘গোলমেশিন’। ৯৬ ম্যাচ খেলার অভিজ্ঞতায় পরিপুষ্ট ক্লোসা সেই আগের ক্লোসা নেই। ইনজুরি আর ফর্মহীনতায় তিনি যেন এখন নিজের ছায়া।ক্লাব বায়ার্ন মিউনিখ ঘরে তুলেছে লিগ শিরোপা। উঠেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। কিন্তু এতে ক্লোসার অবদান নেই! নেই মানে, ইনজুরি আর পড়ন্ত ফর্ম মিলিয়ে বায়ার্নের জার্সি পরে মাঠেই নামা হয় না অনেক দিন ধরে। তার পরও ক্লোসাকে ঘিরে জার্মানদের অনেক আশা-ভরসা। কোচ জোয়াকিম লোও আস্থা রেখেছেন ক্লোসায়। এটা যে বিশ্বকাপ। আর প্রায় ৬ ফুট উচ্চতার ক্লোসা তো বিশ্বকাপেরই খেলোয়াড়। ২০০২ ও ২০০৬ দুটি বিশ্বকাপ খেলেছেন। দুবারই করেছেন সমান ৫টি করে গোল। ২০০২-এ কোরিয়া-জাপান বিশ্বকাপে জিতেছেন রুপার জুতো। ৪ বছর পর নিজ দেশের বিশ্বকাপে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। এবার তাঁর সামনে রোনালদোকে (১৫) টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার হাতছানি। জার্মানদের ‘সাল্টো ক্লোসা’ও নিশ্চয়ই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ শুরুর অপেক্ষাতেই আছেন!ফার্নান্দো তোরেসদেশ: স্পেনবয়স: ২৬পজিশন: ফরোয়ার্ডক্লাব: লিভারপুলআন্তর্জাতিক ম্যাচ: ৭৩গোল: ২৪গোলকিপার ভাইকে দেখে ছেলেবেলায় হতে চেয়েছিলেন গোলকিপার। একবার গোলকিপিং করতে গিয়ে দাঁত ভেঙে ফেললেন। মা ফ্লোরির আদেশ, ‘হয় পজিশন বদলাও, নয়তো ফুটবল বাদ দাও।’ সেই শুরু, একসময়ের গোলকিপার এখন গোলকিপারদের আতঙ্ক। গতি, ক্ষিপ্রতা, সুযোগসন্ধানী, ঠান্ডা মাথা, নিখুঁত ফিনিশিং, দক্ষ হেড—সব মিলিয়ে সম্ভবত বিশ্বের সবচেয়ে পরিপূর্ণ স্ট্রাইকার। বয়স মাত্র ২৬, লিভারপুলে যোগ দিয়েছেন তিন বছরও হয়নি। এরই মধ্যে ঢুকে গেছেন ক্লাবের গ্রেটদের তালিকায়। বিদেশি ফুটবলার হিসেবে ইংলিশ লিগে প্রথম মৌসুমেই করেছিলেন রেকর্ড ২৪ গোল, গড়েছেন অল রেডদের হয়ে দ্রুততম ৫০ গোলের রেকর্ড। স্পেনের হয়ে রেকর্ডটা এখনো ক্লাবের মতো চোখ ধাঁধানো নয়, তবে তিনি বড় মঞ্চের খেলোয়াড়। ২০০৬ বিশ্বকাপ বাছাইপর্বে করেছিলেন স্পেনের সর্বোচ্চ ৭ গোল, পরে বিশ্বকাপেও করেছিলেন ৪ ম্যাচে ৩ গোল। ২০০৮ ইউরোর ফাইনালে তাঁর গোলেই ৪৪ বছর পর বড় কোনো শিরোপা জিতেছে স্পেন। ইনজুরি আছে, তার পরও তাঁকে দলে না রাখার কথা ভাবতে পারেননি ভিসেন্তে দেল বস্ক। এবার গোল্ডেন বুট জয়েও হট ফেবারিট তিনি। ইউরোর মতো বিশ্বকাপটাও এনে দিতে পারলে নিশ্চিতভাবেই স্পেনের ফুটবল ইতিহাসে অমরত্ব পেয়ে যাবেন। সুযোগটা নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবেন না ‘এল নিনো’!লুইস ফ্যাবিয়ানোদেশ: ব্রাজিলবয়স: ২৯পজিশন: ফরোয়ার্ডক্লাব: সেভিয়াআন্তর্জাতিক ম্যাচ: ৩৮গোল: ২৫বিশ্বকাপ মানেই ব্রাজিল অবধারিত ফেবারিট। তা দলটা যেমনই হোক, বড় নাম থাকুক আর না থাকুক। কার্লোস দুঙ্গার বিশ্বকাপ দলে নেই দুবারের ফিফা বর্ষসেরা রোনালদিনহো। নেই সৃজনশীল ফরোয়ার্ড পাতো-আদ্রিয়ানো। তবে এঁরা না থাকলেও দক্ষিণ আফ্রিকায় প্রতিপক্ষের জাল খুঁজে পাওয়ার টেনশন মনে হয় ব্রাজিলকে করতে হবে না। লুইস ফ্যাবিয়ানো আছেন না! ব্রাজিলের হয়ে খুব বেশি ম্যাচ খেলা হয়নি ফ্যাবিয়ানোর—মাত্র ৩৮টি। তবে এই কটি ম্যাচেই ২৫ গোল করে প্রমাণ করেছেন, তিনি দক্ষ গোলশিকারি। গত বছর ব্রাজিলকে কনফেডারেশনস কাপ জেতাতে রেখেছিলেন বড় ভূমিকা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফাইনালে করেছিলেন জোড়া গোল। পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে তাঁর হ্যাটট্রিকেই ব্রাজিল জিতেছিল ৬-২ গোলে। ষষ্ঠবিশ্বকাপ জয়ের অভিযানেও এমন ঝলক দেখাতে চাইবেন ফ্যাবিয়ানো।আন্দ্রেস ইনিয়েস্তাদেশ: স্পেনবয়স: ২৬পজিশন: মিডফিল্ডারক্লাব: বার্সেলোনাআন্তর্জাতিক ম্যাচ: ৪৩গোল: ৬লা লিগাটা জিতলেও বার্সেলোনাকে গত মৌসুমের মতো অপ্রতিরোধ্য রূপে দেখা যায়নি কেন? কেন সুন্দর ফুটবলের পসরাটাও ছিল অধারাবাহিক? কিংবা গত কনফেডারেশনস কাপে কেন প্রত্যাশিত ফল পেল না স্পেন? উত্তর খুব সহজ, আন্দ্রেস ইনিয়েস্তার ইনজুরি! কনফেডারেশনস কাপে খেলতে পারেননি ইনজুরিতে, মিস করেছেন এ মৌসুমের প্রায় পুরোটাই। শঙ্কা ছিল বিশ্বকাপটা নিয়েও, কিন্তু ভিসেন্তে দেল বস্ক তাঁকে ঠিকই দলে রেখেছেন। কারণটা ভালো বলেছেন সতীর্থ জাভি হার্নান্দেজ, ‘অনেকটা ব্যবধানে এগিয়ে স্পেনের সেরা ফুটবলার সে। কারণ ও এমন কিছু করতে পারে, যা আর কেউ পারে না।’ এই জাভির সঙ্গেই তাঁর মিলটা বেশি—গড়নে, খেলার ধরনে। গতি ততটা নেই, নেই খেলায় শক্তির প্রদর্শনীও, ইনিয়েস্তার সবচেয়ে বড় শক্তি বল পায়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা আর ডিফেন্স-চেরা নিখুঁত পাস। প্রয়োজনের সময় খুঁজে নিতে পারেন প্রতিপক্ষের জালটাকেও। দীর্ঘদিন জাভির আড়ালে থাকার পর পুরোপুরি প্রস্ফুটিত হয়েছেন বার্সার ট্রেবলজয়ী গত মৌসুমে। ‘ডন আন্দ্রেস’কে বিশ্বকাপেও দেখা দিতে হবে ওই রূপে।ফ্রাঙ্ক ল্যাম্পার্ডদেশ: ইংল্যান্ডবয়স: ৩১পজিশন: মিডফিল্ডারক্লাব: চেলসিআন্তর্জাতিক ম্যাচ: ৭৮গোল: ২০চেলসির দলীয় চিকিত্সক ব্রায়ান ইংলিশ রীতিমতো বিস্মিত। গত বছরের মার্চে চেলসি ফুটবলারদের ‘আইকিউ টেস্ট’ করিয়েছিলেন তিনি। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের স্কোর ভেঙে দিল পরীক্ষা নেওয়া কোম্পানিটির ইতিহাসের যাবতীয় রেকর্ড! এমন বুদ্ধিমত্তার ছাপ মাঠেও নিয়মিত দেখা যায়, এ জন্যই তো চেলসির মূল চালিকাশক্তি ল্যাম্পার্ড। মাঝারি মানের ক্লাব থেকে চেলসি যে আজ বিশ্বের অন্যতম সেরা, এতে বড় একটা ভূমিকা আছে তাঁর। জেরার্ডের মতোই একজন অ্যাটাকিং মিডফিল্ডারের সব গুণের একটি সম্মিলিত ‘প্যাকেজ’ তিনি, গোলসংখ্যা লজ্জা দেবে অনেক স্ট্রাইকারকেও। এর বাইরেও ল্যাম্পার্ডের একটি বড় গুণ, প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়ার ক্ষমতা। তবে এসবই বলা হচ্ছে চেলসির ল্যাম্পার্ড সম্পর্কে, ইংল্যান্ডের ল্যাম্পার্ডকে সেরা রূপে পাওয়া গেছে খুব কম সময়ই। ২০০৪ ইউরোতে ৪ ম্যাচে ৩ গোল করে জায়গা পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা একাদশে, কিন্তু বিশ্বকাপের ল্যাম্পার্ড মানেই একরাশ হতাশা। বাছাইপর্বে ৫ গোল করে গত বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন। কিন্তু মূল টুর্নামেন্টে কোনো গোল তো করতে পারেনইনি, উল্টো পর্তুগালের বিপক্ষে মিস করেছিলেন টাইব্রেকার। বরাবরের মতোই চেলসির হয়ে এবার ছিলেন দুর্দান্ত ফর্মে। লিগে ৩৬ ম্যাচে করেছেন ২২ গোল, পূর্ণ করেছেন ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরি। এবার জাতীয় দলের জার্সিতেও যদি এমন খেলেন, ইংল্যান্ডকে রুখে দেওয়ার সাধ্য আছে কার!জন টেরিদেশ: ইংল্যান্ডবয়স: ২৯পজিশন: ডিফেন্ডারক্লাব: চেলসিআন্তর্জাতিক ম্যাচ: ৬০গোল: ৬ছেলেবেলায় ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক অথচ তিনি এখন হয়ে উঠেছেন চেলসির প্রতিশব্দ। ১৫ বছর ধরে আছেন স্টাম্পফোর্ড ব্রিজে, জন টেরি এখন ক্লাবের নিজস্ব সম্পদ। সম্পদ অবশ্য ইংল্যান্ডেরও। ক্লাবের হয়ে দুর্দান্ত, দেশের হয়ে নেই—বেশির ভাগ ইংলিশ ফুটবলারের যখন এই দুর্নাম, টেরি সেখানে উজ্জ্বল ব্যতিক্রম। গায়ের জার্সিটা চেলসির নীল হোক বা ইংল্যান্ডের সাদা, সব সময়ই তিনি রক্ষণদুর্গের সবচেয়ে বড় ভরসা। সময়টা অবশ্য ঠিক তাঁর অনুকূলে নয়, বরং বলা যায় মৌসুমটা ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে কঠিন। ওয়েইন ব্রিজের সাবেক প্রেমিকার সঙ্গে গোপন সম্পর্কের ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় তাঁর ‘আদর্শ পিতা’ কিংবা ‘নিখাদ ভালো মানুষ’ ভাবমূর্তিটাই ভুলুণ্ঠিত হয়েছে। প্রভাব পড়েছিল খেলায়ও, চেলসির হয়ে এমন কিছু ভুল করলেন, যা আগে ভাবাও যেত না। তবে শেষ দিকে আবার গুছিয়ে উঠেছেন, অধিনায়ক হিসেবে ক্লাবকে জিতিয়েছেন ডাবল। কিন্তু বছর চারেক ধরে থাকা ইংল্যান্ড অধিনায়কের আর্মব্যান্ডটা হারাতে হয়েছে। এটাই আরও তাতিয়ে দিতে পারে টেরিকে, প্রতিপক্ষের ফরোয়ার্ডদের জন্য মায়াই হচ্ছে!ইকার ক্যাসিয়াসদেশ: স্পেনবয়স: ২৯পজিশন: গোলরক্ষকক্লাব: রিয়াল মাদ্রিদআন্তর্জাতিক ম্যাচ: ১০৪লুফে নেওয়ার কাজটা ইকার ক্যাসিয়াস খুব ভালো পারেন। শুধু বল নয়, সুযোগও। রিয়াল মাদ্রিদের মূল দলে সুযোগ পেয়ে প্রথম মৌসুমেই এমন পারফরম্যান্স দেখালেন যে নিয়মিত গোলকিপার বোডো ইগনারকে চলে যেতে হলো বেঞ্চে। অথচ তখনো টিনএজ পেরোননি। পরের বছর গড়েছেন সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলার রেকর্ড। ২০০২ বিশ্বকাপে তিনি ছিলেন স্পেনের দ্বিতীয় গোলকিপার। মূল গোলকিপার সান্তিয়াগো ক্যানিজারেসের ইনজুরিতে সুযোগ পেয়ে এমন খেললেন যে ক্যানিজারেসই পরে হয়ে গেলেন দ্বিতীয় গোলকিপার। শুধু ক্লাব বা দেশের নয়, এরপর তিনি হয়ে উঠেছেন বিশ্বেরই সেরা। এতটাই বিশ্বস্ত যে ভক্তরা নাম দিয়েছেন ‘সেইন্ট ইকার!’ মাত্রই ঊনত্রিশ পেরিয়েছেন, কিন্তু এখনই তিনি ক্লাব ও দেশের কিংবদন্তি। রিয়ালের হয়ে জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লিগ, চারটি লা লিগা, একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ। ৪৪ বছর পর দেশ বড় কোনো শিরোপা জিতেছে তাঁর নেতৃত্বেই। বিশ্বকাপে কাগুজে বাঘ থেকে সত্যিকারের বাঘ হয়ে ওঠায় স্পেনের বড় ভরসা ক্যাসিয়াস, গোলপোস্টের নিচে থাকবেন আস্থার মূর্ত প্রতীক হয়ে।কার্লোস তেভেজদেশ: আর্জেন্টিনা বয়স: ২৬পজিশন: ফরোয়ার্ডক্লাব: ম্যানচেস্টার সিটিআন্তর্জাতিক ম্যাচ: ৫২গোল: ৯শরীরে একটা ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন সেই ছোট্টবেলা থেকে। গায়ে গরম পানি পড়েছিল, আর তাতেই তৈরি হয়েছিল ক্ষতটি। কার্লোস তেভেজের মনেও একটি ক্ষত এখন। যেটা তৈরি হয়েছে গত বিশ্বকাপে আর্জেন্টিনার অকাল বিদায়ে। ছোটবেলা কান আর বুকের মাঝবরাবর যে ক্ষতটি তৈরি হয়েছে, সেটি এখন ইচ্ছে করলেই প্লাস্টিক সার্জারি করে মুছে ফেলতে পারেন তেভেজ। হাতে কত কত টাকা তাঁর। কিন্তু এই অস্ত্রোপচারের কারণে চার মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে, তাই ওই ক্ষতটাও আর মুছে ফেলা হচ্ছে না। তবে এবার মনের ক্ষতটি মুছে ফেলার বড় এক সুযোগ তেভেজের সামনে। ডিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপ দলে আছেন তিনি এবং বিশ্বকাপ জিতে মুছিয়ে দিতে পারেন গত বিশ্বকাপের ব্যর্থতার দাগ। বিশ্বকাপ দলে থাকলেও তেভেজের জন্য মাঠে নামাটা একটু কঠিনই হবে। লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, ডিয়েগো মিলিতো আর মার্টিন পালের্মোদের টপকেই আর্জেন্টিনার আক্রমণভাগে জায়গা করে নিতে হবে তাঁকে। সেটা আদৌ সম্ভব কি না কে জানে। তবে একটা ব্যাপার সত্য। ক্যারিয়ারে অনেক চড়াই-উতরাই পেরোনো তেভেজ সম্প্রতি কাটিয়েছেন দুর্দান্ত একটি মৌসুম। ১৩ বছর বয়সে বোকা জুনিয়র্সে যোগ দিয়েছিলেন। এরপর ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানস আর ইংল্যান্ডের নিচের সারির ক্লাব ওয়েস্ট হাম ঘুরে নাম লিখিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। কিন্তু বড় ক্লাবে খেললেও তেভেজ ছিলেন তাঁর ছায়া হয়ে। সেখানে দুটি মৌসুম কাটিয়ে এ মৌসুমেই যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। এই সিটিতে গিয়েই তেভেজ আবার ফিরেছেন তেভেজে। এ মৌসুমে করেছেন ২৯টি গোল। তেভেজের এই পারফরম্যান্স মনে করিয়ে দিচ্ছে ২০০৪ অলিম্পিকে তাঁরই দুর্দান্ত ফর্মকে। সেবার টুর্নামেন্ট-সর্বোচ্চ আট গোল করে আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন অলিম্পিক পদক। তাঁর এই অতীত ইতিহাস এবং বর্তমান ফর্ম বিবেচনা করে ম্যারাডোনা কি তেভেজকে রাখবেন একাদশে? সুযোগ দেবেন ২০০৬ বিশ্বকাপের দুঃখ মোচনের?থিয়েরি অঁরিদেশ: ফ্রান্সবয়স: ৩২পজিশন: ফরোয়ার্ডক্লাব: বার্সেলোনাআন্তর্জাতিক ম্যাচ: ১২১গোল: ৫১বাছাইপর্ব-পরবর্তী সময়টাতে আয়ারল্যান্ড-ফ্রান্স প্লে-অফ ম্যাচে থিয়েরি অঁরির হ্যান্ডবল নিয়ে অনেক কথাই হয়েছে। কথা এখনো কম-বেশি হচ্ছে। অঁরি মানসিক দিক দিয়ে আহত হয়েছেন এতে এবং হয়ে চলছেন। তবে দক্ষিণ আফ্রিকার মূল মঞ্চে যখন বিশ্বকাপের মূল অধ্যায় শুরু হয়ে যাবে, তখন আর এ নিয়ে কে কথা বলবে! অঁরিরই কি আর এ কথা মনে থাকবে? তিনি শুধুই ভাববেন কীভাবে তাঁর দেশকে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতানো যায়। অনেকের কাছেই এটি অতি দূরের কল্পনা বলেই মনে হবে হয়তো। এর যথেষ্ট কারণও আছে। গত মৌসুমের মতো সদ্য শেষ হওয়া মৌসুমটাও একেবারেই ভালো যায়নি বার্সেলোনার ফরাসি স্ট্রাইকার অঁরির। আর ফ্রান্সও আগের সেই শক্তি নয় এখন। তবু যদি ফ্রান্সের আশা-ভরসা কিছু টিকে থাকে তা এই অঁরিকে কেন্দ্র করেই। তাঁর তিনটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আর দলকে এক সুতোয় বেঁধে রাখার আশ্চর্য ক্ষমতাই ফ্রান্সকে এই বিশ্বকাপে নিয়ে যেতে পারে অনেক দূর। তা হবে কি না কে জানে, তবে ৩২ বছর বয়সী অঁরিকে বিশ্বকাপে দেখার শেষ সুযোগ মনে হয় এটাই। অঁরি কি পারবেন ক্যারিয়ার সায়াহ্নে এসে আরেকবার জ্বলে উঠতে? পারবেন বিশ্বকাপটাকে আপন আলোয় আলোকিত করতে?ফ্রাঙ্ক রিবেরিদেশ: ফ্রান্সবয়স: ২৭পজিশন: উইঙ্গারক্লাব: বায়ার্ন মিউনিখআন্তর্জাতিক ম্যাচ: ৪৫গোল: ৭ফুটবলে শুরুটা একটু দেরিতেই হয়েছে ফ্রাঙ্ক রিবেরির। তাও আবার ব্যর্থতা দিয়েই। ১৩ বছর বয়সে লিলের একাডেমিতে যোগ দিয়েছিলেন এই ফরাসি উইঙ্গার কাম মিডফিল্ডার। তবে কিছুদিন পরই তাঁকে অযোগ্য বলে বেরও করে দিয়েছিল কর্তৃপক্ষ। পরের গল্পটা কিন্তু আর এমন ব্যর্থতায় পূর্ণ নয় রিবেরির। বিশ্ব ফুটবলে নিজেকে চেনাতে শুরু করেন তিনি সবচেয়ে বড় ফুটবল উপলক্ষ দিয়েই। ২০০৬ বিশ্বকাপের আগে যে নামটিকে কেউ চিনতই না, সেই রিবেরিই জার্মানিতে বিশ্বকাপে দুর্দান্ত খেলে পরিণত হন বড় এক নামে। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পান বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি। বিশ্বকাপের চোখ ধাঁধাঁনো সেই পারফরম্যান্সটা বায়ার্নেও নিয়ে যান তিনি। প্রথম মৌসুমেই করেন ১১টি গোল, সতীর্থদের করান ৭ গোল। ২০০৭-০৮ মৌসুমে বুন্দেসলিগার সেরা খেলোয়াড়ও রিবেরি। এই ফর্ম নিয়েই এবারের বিশ্বকাপে যাচ্ছেন জিনেদিন জিদানের সঙ্গে ফরাসি ফুটবলের রত্ন বলে বিবেচিত রিবেরি। ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের অন্যতম ভরসা তিনি। যেমন ফর্মে আছেন এর অনুবাদ মাঠে করতে পারলে জার্মানি বিশ্বকাপের মতো দক্ষিণ আফ্রিকাতেও দেখা যেতে পারে রিবেরি-জাদু। আরিয়েন রোবেনদেশ: হল্যান্ডবয়স: ২৬পজিশন: ফরোয়ার্ডক্লাব: বায়ার্ন মিউনিখআন্তর্জাতিক ম্যাচ: ৪৭গোল: ১৩দুর্দান্ত এক উইঙ্গার আরিয়েন রোবেন। বিশ্বের যেকোনো বড় দলেই জায়গা পেতে পারেন অনায়াসে। পায়ে বলসহ অসাধারণ গতি দিয়ে বিশ্বের যেকোনো ডিফেন্ডারকে চমকে দিতে পারেন তিনি। আর চোখ ধাঁধানো ড্রিবলিংয়ে ফাঁকি দিতে পারেন যে কাউকেই। পিএসভিতে গাস হিডিঙ্কের অধীনে এই ডাচ উইঙ্গারের অসাধারণ এই গুণাবলি দেখে মুগ্ধ হয়েছিল চেলসির স্কাউট দল। রোবেনের ঠিকানা হয় চেলসি। রোবেন-জাদুতে ৫০ বছরের মধ্যে প্রথম লিগ শিরোপা জেতে ইংলিশ ক্লাবটি। কিন্তু পরিকল্পনার সঙ্গে মিলছে না বলে মাইকেল বালাককে এনে রোবেনকে ছেড়ে দেয় চেলসি। তাঁর ঠিকানা হয় রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত পারফরম্যান্স ছিল তাঁর সেখানেও। তবে স্থায়িত্ব মেলেনি রিয়ালেও। ঠাঁই হয় তাঁর বায়ার্ন মিউনিখে। ঠিকানা স্থায়ী না হলেও ফর্মটা স্থায়ীই হয়ে গেছে রোবেনের। সদ্য শেষ হওয়া মৌসুমটাতে বায়ার্নের জার্সি গায়ে অসাধারণ খেলছেন। স্থায়ী এই ফর্মটা বিশ্বকাপে অনুবাদ করতে পারলে রোবেনের পা থেকে চোখ ধাঁধানো ড্রিবলিং কিংবা অসাধারণ কিছু গোল আপনি দেখতেই পারেন। সে জন্য অবশ্য সবার আগে ইনজুরিকে জয় করতে হবে তাঁর। গঞ্জালো হিগুয়েইনদেশ: আর্জেন্টিনা বয়স: ২২পজিশন: ফরোয়ার্ডক্লাব: রিয়াল মাদ্রিদআন্তর্জাতিক ম্যাচ: ৫গোল: ৩ড্যানিয়েল প্যাসারেলা কি জ্যোতিষ নাকি? গঞ্জালো হিগুয়েইনকে নিয়ে করা তাঁর ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলে গেল যে? প্রায় ৪ বছর আগের কথা। হিগুয়েইন তখন রিভারপ্লেটের স্ট্রাইকার। বোকা জুনিয়র্সের বিপক্ষে ডার্বি ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি। এর পরই রিভারপ্লেট কোচ ড্যানিয়েল প্যাসারেলা বলেছিলেন কথাগুলো—ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। বড় তারকা হওয়াটাই ওর নিয়তি।সত্যি হিগুয়েইন আজ তারকা। ক্রিস্টিয়ানো রোনালদো আর কাকার ভিড়ে হারিয়ে না গিয়ে তিনিও রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সদ্য শেষ হওয়া মৌসুমটাতে তাঁর দল শিরোপা জেতেনি ঠিক, তবে তিনি জিতে নিয়েছেন ডিয়েগো ম্যারাডোনার মন। রিয়ালে অসাধারণ পারফরম্যান্সই তাঁকে জায়গা করে দিয়েছে ম্যারাডোনার বিশ্বকাপ দলে। রিয়ালে রোনালদো-কাকার ছায়ায় ঢাকা না পড়লেও আর্জেন্টিনা দলে তিনি ঢাকা পড়ে আছেন লিওনেল মেসির তারকাদ্যুতিতে। অথচ কারও ছায়ায় ঢাকা পড়ে না থাকার সুযোগ কিন্তু এসেছিল তাঁর। আর্জেন্টাইন বাবার সন্তান তিনি। আছে ফরাসি পাসপোর্টও। ২০০৬ সালের শেষের দিকে ফরাসি কোচ রেমন্ড ডমেনেখ তাঁকে ফ্রান্স দলে ডেকেছিলেনও। ডমেনেখের দলে তাঁকে কারও ছায়ায় ঢাকা পড়ে থাকতে হতো না অন্তত। কিন্তু আর্জেন্টিনায় খেলবেন বলে সেই সুযোগ পায়ে ঠেলে দিয়েছেন। মেসির ছায়ায় থাকলেও যেকোনো বড় আসরকে আলোকিত করার সামর্থ্য তাঁর আছে। হিগুয়েইন কি পারবেন নিজের আলোয় বিশ্বকাপটাকে আলোকিত করতে? ডেভিড ভিয়া দেশ: স্পেনবয়স: ২৮পজিশন: ফরোয়ার্ডক্লাব: বার্সেলোনাআন্তর্জাতিক ম্যাচ: ৫৮গোল: ৩৮গত বছর পাঁচেক খেলেছেন ভ্যালেন্সিয়ার মতো ক্লাবে, জাতীয় দলেও পড়ে থেকেছেন ফার্নান্দো তোরেসের আড়ালে। যতটা প্রাপ্য, প্রচারের আলোটা তাই ঠিক ততটা পড়েনি ডেভিড ভিয়ার ওপর। না হলে গোল করায় তাঁর যে ধারাবাহিকতা, বিশ্বসেরাদের একজন নয়, তাঁকে সরাসরিই বলা হতো বিশ্বসেরা স্ট্রাইকার। স্পেনের হয়ে প্রতি দেড় ম্যাচে করেছেন ১টি করে গোল, ভ্যালেন্সিয়ার হয়ে তাঁর ১০৮ গোল এসেছে মাত্র ১৬৬ ম্যাচে। ফার্নান্দো তোরেসের সঙ্গে গড়েছেন বিশ্বের সবচেয়ে ভয়ংকর স্ট্রাইকিং জুটি। জার্মানিতে বিশ্বকাপের অভিষেক ম্যাচেই করেছিলেন দু গোল, তিন গোল করেছেন গত কনফেডারেশনস কাপে, গত ইউরোতে জিতেছেন গোল্ডেন বুট। দক্ষিণ আফ্রিকায় গোল্ডেন বুট জয়েও বাজিকরদের ফেবারিট ভিয়া। বাজিকরদের অনুমানকে সত্যি করার জন্য এখন প্রার্থনায় বসতে পারে পুরো স্পেন। ভিয়া গোল্ডেন বুট জিতলে অধরা বিশ্বকাপটাও তো ঘরে আনতে পারে স্পেন!লিওনেল মেসিদেশ: আর্জেন্টিনাবয়স: ২২পজিশন: ফরোয়ার্ডক্লাব: বার্সেলোনাআন্তর্জাতিক ম্যাচ: ৪৪গোল: ১৩গড়নে ছোটখাটো। তবে পাকা গোলশিকারি। ভয়ালসুন্দর সৃজনশীলতার সঙ্গে দুর্দান্ত কৌশল মিলে তাঁর পজিশনে লিওনেল মেসি হয়ে উঠেছেন অতুলনীয়। মেসির পজিশন আসলে কোনটা? তিনি যখন মাঝমাঠে তখন দাপিয়ে বেড়ান পুরো মাঝমাঠ, আক্রমণভাগের অগ্রে থাকলে পেনাল্টি বক্সের মধ্যে তাঁর চেয়ে ভয়ংকর আর কে আছে! তবে মেসির সেরা পজিশন মনে হয় আক্রমণভাগের ডান প্রান্তই। ওই পজিশনে তিনি একেবারেই অপ্রতিরোধ্য। বলসহ দোর্দণ্ড গতি মেসির। আর এই গতি দিয়েই তিনি করেছেন ফুটবল ইতিহাসের অবিস্মরণীয় কিছু গোল। এর মধ্যে ২০০৭-এর কোপা ডেল রের সেমিফাইনালে করা গোলটি তো রূপকথার মতোই। যে গোলটিকে অনেকেই তুলনা করেছেন ছিয়াশির বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করা ডিয়েগো ম্যারাডোনার ‘গোল অব দ্য সেঞ্চুরি’র সঙ্গে। আর্জেন্টিনাকে ছিয়াশির বিশ্বকাপ জেতানো সেই ম্যারাডোনা এখন আর্জেন্টিনার কোচ। আর্জেন্টাইনদের বিশ্বাস, ম্যারাডোনা তাদের আরেকটি বিশ্বকাপ জয়ের সারথি হবেন। আর ম্যারাডোনার মূল ভরসা এরই মধ্যে তাঁর সঙ্গে তুলনীয় হয়ে ওঠা মেসি। ২০০০ সালে আর্জেন্টিনার নিউ ওয়েলস বয়েজ থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন, এর পর থেকেই আপন মহিমায় ভাস্বর তিনি। ২০০৪ সালে অভিষেক হয় বার্সেলোনার মূল দলে। সেই শুরু থেকেই বার্সেলোনার নায়ক মেসি। জিতেছেন তিনটি লিগ শিরোপা এবং দুটি চ্যাম্পিয়নস লিগ। গত বছর বার্সেলোনা যে ছয়টি শিরোপা জিতল, তাতে বড় অবদান মেসিরই। এর পুরস্কারস্বরূপ জিতেছেন ফিফা ও ইউরোপের বর্ষসেরার পুরস্কার। এর পরও মেসির ক্যারিয়ারে একটি প্রশ্নচিহ্ন—ক্লাবের এই দুর্দান্ত ফর্মটা আর্জেন্টিনা দলে কই? এই প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে আফ্রিকার প্রথম বিশ্বকাপটা কি নিজের করে নিতে পারবেন মেসি? পারবেন আর্জেন্টাইনদের আরেকটা বিশ্বকাপ জয়ের স্বপ্নের পূর্ণতা দিতে?স্যামুয়েল ইতোদেশ: ক্যামেরুনবয়স: ২৯পজিশন: ফরোয়ার্ডক্লাব: ইন্টার মিলানআন্তর্জাতিক ম্যাচ: ৯৬গোল: ৪৪গতি এবং নিখুঁত ফিনিশিং মিলিয়ে বিশ্বের অন্যতম ভয়াল স্ট্রাইকার স্যামুয়েল ইতো। এই গুণাবলি দিয়েই ক্যারিয়ারে একের পর এক অর্জন করে গেছেন এই ক্যামেরুনিয়ান স্ট্রাইকার। গত বছর বার্সেলোনা যে প্রথম স্প্যানিশ ক্লাব হিসেবে শিরোপাত্রয়ী জিতল তাতে তাঁর অবদান অনেক। ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়ার আগে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ দশ গোলদাতার তালিকায় লিখিয়ে গেছেন নিজের নাম। অসাধারণ এই গোলশিকারি ২০০৭ ও ২০০৮ সালে আফ্রিকান নেশনস কাপে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। ক্যামেরুনের বিশ্বকাপ বাছাইপর্ব অভিযানেও তাঁর গোলসংখ্যা ৯। শুধু গোল করাই নয়, আন্তর্জাতিক মঞ্চে তাঁর অভিজ্ঞতাও বড় একটা বিষয় ক্যামেরুনের জন্য। লম্বা ক্যারিয়ারে ইতো খেলেছেন দুটি বিশ্বকাপ ও ৫টি আফ্রিকান নেশনস কাপ (এর মধ্যে দুটি জিতেছেন)। এ মৌসুমেই বার্সা থেকে ইন্টার মিলানে নাম লিখিয়েছেন। তবে বার্সেলোনার ফর্মটা আর নিয়ে যেতে পারেননি। তার পরও নিজ মহাদেশের বিশ্বকাপে ক্যামেরুনের যেটুকু আশা-ভরসা তা এই ইতোকে ঘিরেই। স্টিভেন জেরার্ড দেশ: ইংল্যান্ডবয়স: ৩০পজিশন: মিডফিল্ডারক্লাব: লিভারপুলআন্তর্জাতিক ম্যাচ: ৮০গোল: ১৬গতি, শক্তিমত্তা, নিখুঁত পাস, অসাধারণ ফ্রি-কিক, প্রয়োজনের সময় গোল করার ক্ষমতা—এর সবকিছুই আছে স্টিভেন জেরার্ডের। ছন্দে থাকলে তিনি পরিপূর্ণ ফুটবলারের চেয়েও বেশি কিছু। কিন্তু ঝামেলাটা অন্য জায়গায়। লিভারপুলের জার্সি গায়ে এমন ছন্দে প্রায়ই থাকেন, আর ইংল্যান্ডের হয়ে কখনো কখনো! প্রায় একক দক্ষতায় অল রেডদের জিতিয়েছেন একটি চ্যাম্পিয়নস লিগ, দুটি এফএ কাপ, দুটি লিগ কাপ ও একটি উয়েফা কাপ। আর ইংল্যান্ডের হয়ে? শুধুই হতাশার গল্প। ২০০২ বিশ্বকাপে খেলতে পারেননি ইনজুরিতে। ২০০৪ ইউরোতে ব্যর্থ হয়েছেন, গত বিশ্বকাপে দুটি গোল করলেও কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিপক্ষে মিস করেছেন টাইব্রেকার। গত ইউরোতে তো ইংল্যান্ড বাছাইপর্বই উতরাতে পারেনি। এ মৌসুমে অবশ্য লিভারপুলের হয়েও ছিলেন অনেকটা অচেনা হয়ে। ইনজুরি, ফর্মহীনতা মিলিয়ে ক্লাবের মতো হতাশার একটা মৌসুম গেছে নিজেরও। ইংলিশদের প্রিয় ‘স্টিভি জি’ নিশ্চয়ই এই হতাশা দূর করতে চাইবেন বিশ্বকাপে!ক্রিস্টিয়ানো রোনালদো দেশ: পর্তুগালবয়স: ২৫পজিশন: ফরোয়ার্ডক্লাব: রিয়াল মাদ্রিদআন্তর্জাতিক ম্যাচ: ৭২গোল: ২২গত বিশ্বকাপটা শেষ করেছিলেন একটা দুশ্চিন্তা নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওয়েইন রুনির লাল কার্ডে তাঁর ভূমিকায় তুলোধুনো হয়েছিলেন ইংলিশ মিডিয়ায়। জনপ্রিয়তায় ভাটা পড়েছিল আশঙ্কাজনকভাবে, ম্যানচেস্টার ইউনাইটেডে তো বটেই, ক্রিস্টিয়ানো রোনালদোর ইংলিশ ফুটবলে থাকা নিয়েই দেখা দিয়েছিল শঙ্কা। শেষ পর্যন্ত ইংলিশ ফুটবল ছেড়েছেন। তবে তার আগে পৌঁছেছেন জনপ্রিয়তা, খ্যাতি আর সাফল্যের চূড়ায়। সেই রুনির পাশে থেকেই ২০০৭-০৮ মৌসুমে করেছেন ৪২ গোল, জিতেছেন ফিফা বর্ষসেরা, ব্যালন ডি’অরসহ অসংখ্য পুরস্কার। এরপর গত বছর ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে গিয়েছেন রিয়াল মাদ্রিদে। ইনজুরির জন্য রিয়ালের হয়ে সব মিলিয়ে মৌসুমে ২৯ বার মাঠে নামতে পেরেছেন, এতেই করেছেন ২৬ গোল। ফুটবলার হিসেবে রোনালদোকে বলা যায় পরিপূর্ণ। দুর্দান্ত গতি, অসাধারণ ড্রিবলিং, দু পায়েই সমান দক্ষ, গোল করতে পারেন দুরূহ সব কোণ থেকে, ফ্রি-কিকটাও গোলকিপারদের জন্য দুঃস্বপ্ন। আর প্রতিপক্ষকে বোকা বানানো বিখ্যাত ‘স্টেপ ওভার’ তো আছেই। গোল করার মতো গোল করানোতেও জুড়ি নেই তাঁর। যেকোনো পাশেই খেলতে পারেন, তবে সবচেয়ে ভয়ংকর সেন্টার ফরোয়ার্ড হিসেবে, যেখানে খেলতে পারেন অনেক স্বাধীনতা নিয়ে। লিওনেল মেসির উত্থানে একটু যেন আড়ালেই পড়ে গেছেন রোনালদো। আলোর পুরোটা দিজের দিকে টেনে নেওয়ার জন্য বেছে নিতে পারেন এই বিশ্বকাপকেই!গ্রন্থনা: আবিদুল ইসলাম আরিফুল ইসলাম ও খলিলুর রহমান