আলোকচিত্র সাংবাদিক নির্যাতনকারী পুলিশদের গ্রেপ্তারের দাবি
আলোকচিত্র সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় ফৌজদারি মামলা গ্রহণ এবং দায়ী পুলিশদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকেরা। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে সাংবাদিকরা এ দাবি জানান। গতকাল শনিবার প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করলেও সর্বস্তরের সাংবাদিকেরা এতে অংশ নেন।গতকালের ঘটনায় দোষী পুলিশের বিরুদ্ধে মামলা গ্রহণ, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, সাংবাদিক নির্যাতন বন্ধ এবং আহত আলোকচিত্র সাংবাদিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান সাংবাদিকেরা।বেলা ১১টায় দিকে সাংবাদিকরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। মানববন্ধন দিয়ে শুরু হয় কর্মসূচি। পরে তাঁরা প্রেসক্লাবসংলগ্ন সড়কে বিক্ষোভ-মিছিল করেন। মিছিল শেষে সমাবেশ ও অবস্থান কর্মসূচি শুরু হয়। বিক্ষুব্ধ সাংবাদিকরা বলেন, সাগর-রুনিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের কারণে ধানমন্ডি থানার ওসিকে প্রত্যাহারের দাবি করা হলেও তা মানা হয়নি। গত ছয় মাসে সারা দেশে শতাধিক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। কোনো ঘটনার বিচার না হওয়ায় পুলিশ বেপরোয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় গতকাল প্রথম আলোর তিন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়েছে। সাংবাদিকেরা বলেন, এসি শহিদুল ইসলামকে প্রত্যাহার করে আমাদের আইওয়াশ দেওয়া হয়েছে। এটা কোনো শাস্তি নয়। এ ব্যাপারে থানায় মামলাও নেওয়া হয়নি। দায়ীদের বিরুদ্ধে মামলা নিয়ে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশ মামলা না নেওয়া পর্যন্ত তাঁরা অবস্থান কর্মসূচি পালন করবেন বলে তাঁরা জানান।গতকাল শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিকের ছাত্রীদের বিক্ষোভের ছবি তুলতে গিয়ে পুলিশের নির্মমতার শিকার হন প্রথম আলোর তিনজন আলোকচিত্র সাংবাদিক। তাঁরা হলেন—খালেদ সরকার, জাহিদুল করিম ও সাজিদ হোসেন। তাঁরা বর্তমানে ট্রমা সেন্টারে চিকিত্সাধীন আছেন।এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পুলিশের নয় সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে। আর ঘটনার মূল হোতা এসি শহীদুলকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে এক সদস্যের কমিটি করেছে ডিএমপি।