আলোকচিত্রী আমানুল হক আর নেই
দেশের প্রখ্যাত আলোকচিত্রশিল্পী আমানুল হক আর নেই। গতকাল বুধবার রাতে তিনি ৮৮ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অকৃতদার আমানুল হক দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কবি বেলাল চৌধুরী শেষ দিনগুলোতে তাঁর ঘনিষ্ঠ সাহচর্যে থেকে চিকিৎসার বন্দোবস্ত করছিলেন।কবি বেলাল চৌধুরী প্রথম আলোকে জানান, আমানুল হক শাহবাগের আজিজ কো-অপারেটিভ সোসাইটির একটি ফ্ল্যাটে থাকতেন। দুই সপ্তাহ আগে তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। তবে তাঁর অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। গতকাল অবস্থার আরও অবনতি হলে তাঁকে রাতে ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগেই রাত আনুমানিক নয়টায় তিনি ইন্তেকাল করেন। মরদেহ রাতে সেন্ট্রাল হাসপাতালের হিমঘরে রাখা হয়।আমানুল হকের মৃত্যুর খবরে তাঁর ঘনিষ্ঠজনেরা হাসপাতালে ছুটে যান। প্রাবন্ধিক মফিদুল হক প্রথম আলোকে জানান, আজ বৃহস্পতিবার বেলা তিনটা থেকে এক ঘণ্টা সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।আমানুল হকের জন্ম ১৯২৫ সালে, সিরাজগঞ্জের শাহজাদপুরে। ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ ছবি তিনি তুলেছিলেন। বিশেষ করে জীবনের ঝুঁকি নিয়ে ভাষাশহীদ রফিকের মাথায় গুলিবিদ্ধ হওয়ার যে ছবিটি তুলেছিলেন, সেটিতে প্রমাণিত হয়েছিল যে মিছিল ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি নয়, হত্যার জন্যই সেদিন মিছিলে গুলি করা হয়েছিল। তাঁর এসব ছবি পত্রপত্রিকায় প্রকাশিত হয়। একপর্যায়ে তিনি শাসকদের কোপানলে পড়েন এবং কলকাতায় চলে যান।কলকাতায় অবস্থানকালে কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সঙ্গে তাঁর অন্তরঙ্গতা গড়ে ওঠে। সেই সুবাদে তিনি পথের পাঁচালিসহ সত্যজিতের বিভিন্ন ছবিতে স্থির চিত্রগ্রাহক হিসেবে কাজ করার দুর্লভ সুযোগ পান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদেরও ঘনিষ্ঠ সাহচর্য লাভ করেছিলেন এবং তাঁদের বিভিন্ন সময়ের ছবি তুলেছিলেন তিনি। আমানুল হক একুশে পদকসহ বিভিন্ন পদক ও সম্মাননা পেয়েছেন।