আলোকচিত্রে সুবর্ণ বাংলাদেশ
ছুটির দিনের সকাল। শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় অনেক লোকের সমাগম। আগতদের বেশির ভাগের কাঁধের ক্যামেরাই বলে দেয় তাঁরা প্রায় সবাই আলোকচিত্রী। প্রধান প্রবেশপথ দিয়ে ঢুকতেই একটি বিশাল আকারের আলোকচিত্র চোখে পড়ল। ফুলে ফুলে ছেয়ে যাওয়া শহীদ মিনারের বেদীর সামনে ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছেন মানুষটি। যিনি ক্যামেরাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে খ্যাতি পেয়েছেন ‘ক্যামেরাযোদ্ধা’ হিসেবে। তিনি রশীদ তালুকদার। গত মঙ্গলবার না-ফেরার দেশে চলে গেছেন তিনি। তাঁর স্মৃতির প্রতি উৎসর্গ করে গতকাল শুক্রবার থেকে শুরু হলো ‘বিপিএস-স্যামসাং দশম আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী’।বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) ও শিল্পকলা একাডেমীর যৌথভাবে আয়োজন করা এ প্রদর্শনীর নাম ‘সুবর্ণ বাংলাদেশ’।সকাল থেকেই প্রবীণ-নবীন আলোকচিত্রীদের আগমনে মুখরিত হয়ে উঠে শিল্পকলা চত্বর। সকালে একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, স্যামসাং বাংলাদেশের মহাব্যবস্থাপক সাং ওয়া সং। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিপিএসের সভাপতি মুজিবর রহমান। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ১৩ জন আলোকচিত্রীর হাতে পুরস্কার ও অর্থমূল্য তুলে দেওয়া হয়।প্রদর্শনীতে স্থান পাওয়া আলোকচিত্রগুলোর বিষয়বস্তু বিচিত্র। তবে গ্রামবাংলাকে ঘিরেই নানা বিষয় বন্দী হয়েছে দক্ষ আলোকচিত্রীদের ক্যামেরায়। সেখানে রয়েছে কোনো এক গ্রামে শীতের রাতে বাউল গানের আসর, ধান ভাঙা, চরক পূজা, গ্রামের বিয়ের বরবরণ, নৌকাবাইচ, জেলে, যাত্রাপালাসহ সুবর্ণ বাংলাদেশের নিসর্গ।প্রদর্শনী আগামী ৩ নভেম্বর পর্যন্ত বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে।