মুখে তারুণ্যের উচ্ছ্বাস। তাতে আবার দৃঢ়তারও কমতি নেই। জাকার্তার ইন্তান রাতিহ কুমালাসারি নামের ১৭ বছর বয়সী এই তরুণীর বক্সিং অনুশীলনের এক আলোকচিত্রে দেখা গেল এমন দৃশ্য। এটি ক্যামেরাবন্দী করেছেন ইন্দোনেশিয়ার আলোকচিত্রী রনি জাকারিয়া। আলোকচিত্রীর এমন আরও কিছু ছবি শোভা পেয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায়। শুধু এখানেই নয়, নগরের প্রধান গ্যালারিগুলো এখন ভরে আছে ছবিমেলার আলোকচিত্রে। কারণ, নগরের সাতটি গ্যালারিতে একযোগে চলছে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবি মেলা ৬’।দৃক ও পাঠশালার এই যৌথ আয়োজনে পৃথিবীর আলোকচিত্রীদের মিলনমেলা বসেছে ঢাকা শহরে। কারণ, ৩১টি দেশের আলোকচিত্রীরা এবারের ছবিমেলায় অংশ নিয়েছেন। তাঁদের আলোকচিত্রগুলো নগরকে উৎসবের ছোঁয়া দিয়েছে। এর পাশাপাশি যান্ত্রিক নগরের ব্যস্ত নাগরিকেরাও ছবিমেলায় পাচ্ছেন বিনোদনের খোরাক। তাঁরা পরিচিত হচ্ছেন পৃথিবীর আলোকচিত্রচর্চার বর্তমান ধারার সঙ্গে। ছবিমেলার তথ্যবহুল আলোকচিত্রগুলো নিজ নিজ অবস্থান তুলে ধরেছে দর্শকদের সামনে।যুদ্ধ, ইতিহাস, সংস্কৃতি, ধর্ম, প্রকৃতিসহ বিভিন্ন বিষয় আলোকচিত্রীরা ক্যামেরায় ধারণ করেছেন। মেক্সিকোর আলোকচিত্রী কার্লোস কাজালিসের ছবিতে হাইতির স্বাধীনতা-পূর্ব ও পরবর্তীকাল—দুই সময়ই ফুটে উঠেছে। এসেছে যুদ্ধের সময় হাইতির মানুষের জীবনযাপন। আবার পাকিস্তানের আসিম রফিকি ইসরায়েলের অপারেশন ‘কাস্ট লেড’-এর পর ফিলিস্তিনের গাজার চিত্র তুলে ধরেছেন। বাংলাদেশের রশিদ তালুকদারের একাত্তরের মুক্তিযুদ্ধের চিত্রও রয়েছে ছবিমেলায়। অন্যদিকে বিভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষ যে এক দেশে মিলেমিশে থাকতে পারে, তা আলোকচিত্রে তুলে এনেছেন ভারতের অমিত মেহরা।‘এই সব ছবি তুলতে কি কম কষ্ট করতে হয়েছে? বলতে হয়, আলোকচিত্রীদের ক্যামেরার চোখ অসাধারণ।’ এভাবেই আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা দেওয়া ছবি সম্পর্কে মন্তব্য করছিলেন একজন দর্শনার্থী। সত্যিই আলোকচিত্রীরা ছবির মাধ্যমে নতুন ধারার জন্ম দিয়েছেন, কথা বলেছেন ভিন্ন ভাষায়। তাঁদের ছবির রহস্যময়তাও রয়েছে কোনো কোনোটায়। আলোকচিত্রেও রয়েছে কিছু বিমূর্ত বিষয়। আলোকচিত্রগুলোর পাশাপাশি রয়েছে সেসব সম্পর্কে কিছু আলোকচিত্রীর কথা, ছবিসহ তাঁর পরিচয়।ছবিমেলায় শুধু ছবিই নয়, ছবির নির্মাতা অর্থাৎ আলোকচিত্রীদেরও মিলনমেলা বসেছে। ছবিমেলা উপলক্ষে অন্যান্য দেশের আলোকচিত্রীরা এখন ঢাকা শহরে এসেছেন। তাঁরা নগরে ঘুরছেন, দেখছেন, ছবি তুলছেন এবং চিন্তাভাবনা বিনিময় করছেন একে অপরের সঙ্গে। ছবিমেলায় আলোকচিত্রের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় গ্যেটে ইনস্টিটিউটে বসছে বিভিন্ন আয়োজন। এর মধ্যে রয়েছে কর্মশালা, পোর্টফোলিও মূল্যায়ন, চলচ্চিত্র ও নাটক প্রদর্শনী। ছবিমেলায় গ্যালারি ছাড়াও ১০টি রিকশাভ্যানের মাধ্যমে ভ্রাম্যমাণ প্রদর্শনীও হচ্ছে নগরের বিভিন্ন সড়কে। ‘স্বপ্ন’ প্রতিপাদ্য নিয়ে এবারের উৎসব ষষ্ঠবারের মতো হচ্ছে। ছবিমেলা প্রথম অনুষ্ঠিত হয় ১৯৯৯ সালে। এই আন্তর্জাতিক আলোকচিত্র উৎসবের ছবি শুধু উপভোগই নয়, বিভিন্ন দেশের ছবি সম্পর্কে ধারণা দিচ্ছে আলোকচিত্রপ্রেমীদের।