‘সৌরজগৎ ডিম্বাকার, গোলাকার নয় কেন’, ‘মাইনাসে মাইনাসে প্লাস হয় কেন’, ‘অন্ধকারে কিছু দেখতে পারি না কেন’—শিক্ষার্থীদের এমন নানা প্রশ্নের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১১-এর রংপুর অঞ্চলের প্রতিযোগিতা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করে শিক্ষার্থীরা। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের আয়োজনে এই উৎসবে এবারও পৃষ্ঠপোষক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো।উৎসবে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। নির্ধারিত সময়ের আগেই সকালের কুয়াশা ভেদ করে দূর-দূরান্তের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা রংপুর জিলা স্কুল মাঠে উপস্থিত হন। সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবু রায়হান মিজানুর রহমান। বাংলাদেশ ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন যথাক্রমে ডাচ্-বাংলা ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক মঞ্জুরুল কাদির ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান তাজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর সোয়া এক ঘণ্টার মূল্যায়ন পরীক্ষা হয়। এরপর মূল মঞ্চে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিকাশ চন্দ্র সরকার। উল্লেখযোগ্য প্রশ্ন হলো, পদার্থ ও রসায়নে গণিত প্রয়োজন হয়, জীববিজ্ঞানে কেন প্রয়োজন হয় না’, ‘শূন্য যৌগিক না মৌলিক সংখ্যা’, ‘অঙ্কের জন্ম কত সালে’। প্রশ্নোত্তর শেষে বক্তৃতা পর্বে অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘দেশকে মায়ের মতো ভালোবেসে এগিয়ে নিতে হবে। বেশি করে গণিত শিখতে হবে। তোমরাই হবে দেশের ভবিষ্যৎ।’ শিক্ষক মিজানুর রহমান বলেন, এই দেশ মায়ের মতো। এ দেশের দামাল ছেলেরা নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে। মঞ্জুরুল কাদির বলেন, গণিতের এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা বাড়াবে। রংপুরের বিশিষ্ট উদ্যোক্তা মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর প্রথম আলোর ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ ব্যক্ত করেন। তিনি বলেন, ভালো কাজ করে এই দেশকে বদলাতে হবে। নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে। এ ছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন দিনাজপুরের গণিতের শিক্ষক একরামুল হক। পুরো অনুষ্ঠানে প্রাণবন্ত উপস্থাপনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। উৎসব শেষে ৬০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। জাতীয় সংগীত ও গণিতের গান পরিবেশ করে বন্ধুসভার বন্ধু ও অগ্নিবীণা ললিতকলা একাডেমির শিল্পীরা। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক।