প্রথম আলোর কাছ থেকে ফরমাশ এসেছে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির মাধ্যমে দেশের কোন ধরনের সমৃদ্ধির স্বপ্ন আমরা দেখি সে সম্বন্ধে বলতে। হঠাৎ করে এমন একটা প্রশ্নের চটজলদি উত্তর দেওয়া কঠিন। তবে এ কথা তো বলতেই হবে যে, এত দিন ধরে শ্রমে-কষ্টে-চেষ্টায়-যত্নে যে কাজটা আমরা করে চলেছি তা একেবারে অকারণ হতে পারে না। ছোট হোক, সামান্য হোক, তার সামনে নিশ্চয়ই কোনো স্বপ্ন বা সাধ তো আছেই। আমার ধারণা, আমাদের স্বপ্নটাকে আমরা আমাদের স্লোগানটার ভেতর তুলে ধরেছি। স্লোগানটা হলো: ‘আলোকিত মানুষ চাই।’ অনেকেই প্রশ্ন তুলতে পারেন, বই কী করে মানুষকে পুরো আলোকিত করতে পারে? আমিও তাঁদের সঙ্গে সুর মিলিয়ে বলি, না, পুরোপুরি পারে না, তবে অনেকটাই যে পারে, অন্তত আলোকিত হওয়ার যোগ্য করে তুলতে পারে তাতে কোনো সন্দেহ নেই। এ নিয়ে দু-একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব।আমি নিজে কোনো পণ্ডিত বা বইয়ের অনির্বাণ পাঠক নই, কিন্তু বইকে আমি মানবজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। গত কয়েক হাজার বছরের মানুষের জ্ঞান, অনুভব, স্বপ্ন আর অভিজ্ঞতার ভান্ডারকে বই তার পৃষ্ঠায় ধারণ করে আছে—তা সে বই পাথরের ফলকেই লেখা হোক বা গাছের পাতাতেই হোক, কাগজের পৃষ্ঠাতেই হোক বা কম্পিউটারের পর্দাতেই হোক। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের আত্মার আলো এর ভেতর জ্বলছে। যে জাতি এই আলোকে যত বেশি আত্মস্থ করছে, সে জাতি তত এগিয়ে যাচ্ছে। আজ এ কথা তো প্রমাণিত যে পৃথিবীতে যে জাতির ভেতর পাঠক যত বেশি, সে জাতি তত ওপরে। কাজেই আমাদেরও যদি ওপরে উঠতে হয় তবে আমাদের ভেতর বই পড়ার সংস্কৃতিকে আরও গভীর, ব্যাপক ও সর্বত্রগামী করা দরকার। আমি বিশ্বাস করি, কাজটাকে অর্থবহভাবে করতে পারলে জাতীয় জীবনে আলোকের পরিমাণ বাড়বে, আমরা উচ্চতর জীবনের দিকে এগিয়ে যাওয়ার পথ পাব। না হলে এ সম্ভাবনা হারিয়ে যাবে। মানুষ অন্ধ আর জাতি আলোকিত—এ হতে পারে না।২.প্রায় সমর্থন বা সহযোগিতাহীনভাবে দীর্ঘ ৩৩ বছর ধরে দেশে আমরা কিশোর, তরুণ ও যুবকদের মধ্যে তাই বই পড়ার সংস্কৃতি গড়ে তুলতে চেষ্টা করছি। আমরা যখন প্রথম যাত্রা শুরু করি তখন দেশ সব অর্থেই ছিল দরিদ্র। বিত্তের দারিদ্র্যে, চিত্তের দারিদ্র্যে, রুচির দুর্ভিক্ষে দেশ তখন হতদুর্ভাগা। দেশের সাধারণ মানুষ তো গরিব ছিলই, বড়লোকেরাও ছিল গরিব। এ ধরনের কাজের মূল্য দেওয়া বা পৃষ্ঠপোষকতা করার মতো মানুষ তখন ছিল একেবারেই হাতে গোনা। যারা ছিল তারাও অধিকাংশ ছিল সামর্থ্যহীন। গত তিন দশকে বইয়ের ব্যাপারে জাতির সচেতনতা একটু একটু করে বেড়েছে। আজ জনগণ ও সরকারের মধ্যে অনেক মানুষই বই পড়াকে দেশের জন্য জরুরি ভাবছেন। আমরা তাই আর আগের মতো একা বা নিঃসঙ্গ নই। বিদেশি সহযোগিতার ওপর ভিত্তি করে আমরা আমাদের আন্দোলনকে গড়ে তোলার চেষ্টা করিনি। তাতে অস্তিত্ব-হারানোর আশঙ্কা ছিল। প্রথম থেকেই আমরা চেষ্টা করেছি দেশের জনগণের সহযোগিতা নিয়ে দেশীয় প্রতিষ্ঠান হিসেবে একে গড়ে তুলতে। তাই আমাদের অগ্রগতি হয়েছে খুব মন্থর, অর্থকষ্ট ছিল আমাদের নিত্যসঙ্গী। দুঃখে-নিষ্পেষণে আমরা ক্ষতবিক্ষত হয়েছি। কিন্তু আজ দেশের সরকার, বিভিন্ন লোকহিতৈষী ব্যক্তি ও প্রতিষ্ঠান আমাদের দিকে সাহায্যের হাত প্রসারিত করে দিচ্ছেন। আমরা এখন আগের তুলনায় অনেক দ্রুত বিকশিত হচ্ছি। আগেই বলেছি, তরুণ সম্প্রদায়ের হাতে আমরা বই তুলে দেওয়ার চেষ্টা করছি—তাদের মন ও বয়সের উপযোগী সবচেয়ে সুন্দর উপভোগ্য ও শ্রেষ্ঠ বইগুলো। তরুণদের হাতে বই দিচ্ছি, কেননা তারা কচি, অনুভূতিময়, উৎকর্ণ, উন্মুখ। তাদের প্রাণ তাজা গ্রেনেডের মতো শক্তিশালী। শিশুর ভেতরকার এই শক্তিকে অনুভব করেছিলেন বলেই শিশুকে ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন, ‘ফাদার অব দ্য ম্যান।’ যেকোনো নতুন ভাবনা বা অনুভূতিকে শোষণ করার ক্ষমতায় শিশুরা হাঙরের মতো ক্ষিপ্র। সেই শিশু-হূদয়ের মধ্যে বড় স্বপ্ন ও বড় আকাঙ্ক্ষার বীজ বুনতে হবে আমাদের, তাদের আনন্দে ও সৌন্দর্যে দীপান্বিত, মানবিকতায় উদ্বুদ্ধ করতে হবে। বইয়ের মাধ্যমে শ্রেষ্ঠ মানুষদের আত্মার আলোয় আমরা তাদের দীপিত করতে চাই। তাহলে সে বড় হয়ে উঠবে। তাই শিশুদের হাতে বই তুলে দেওয়ার ওপর আমরা এত জোর দিয়েছি। শিশুকে বড় করে তোলা মানে গোটা জাতিকে বড় করে তোলা। ৩.বহুদিন পর্যন্ত সারা দেশে হাতে গোনা কিছু মানুষ ছাড়া প্রায় কাউকেই ‘আলো’র প্রয়োজনীয়তার কথাটা বোঝাতে পারিনি। যে দেশে মানুষের অন্ন নেই, বস্ত্র নেই, খাদ্য-শিক্ষা-চিকিৎসা নেই সেখানে আলোর কথা বললে কে-ই বা সহযোগিতার হাত বাড়াবে। সেদিন একজন আমাকে বলছিলেন, ‘আপনি যদি “আলো চাই” না বলে বলতেন “আলু চাই”, তাহলে এ দেশে অনেক বেশি সাহায্য-সমর্থন পেতেন।’ তাঁর কথা ভুল নয়। উন্নত মানুষের জন্য সহযোগিতা না চেয়ে উন্নত হাঁস-মুরগি-গবাদিপশুর জন্য চাইলে হয়তো সাহায্যের বন্যা বয়ে যেত। অথচ আমরা বলতে গেছি আলোকিত মানুষের কথা যার অর্থ না বুঝি নিজেরা, না বোঝাতে পারি অন্যকে। দেশের মানুষ তো বটেই, বিদেশিদের পর্যন্ত কথাটা বোঝাতে পারি না। আমি তাদের অনেকবার বলতে চেষ্টা করেছি, তোমরা কেন আমাদের দেশে তোমাদের দেশের উল্টোটা ঘটাতে চাও? তোমাদের দেশে তো আগে সম্পদের বিকাশ হয়নি, আগে হয়েছে চিত্তের বিকাশ, তারপর বিত্তের। আগে এসেছে রেনেসাঁ, তারপর শিল্পবিপ্লব। আমাদের জাতিকে বড় হতে হলেও ঠিক সেটিই করতে হবে। না হলে সে সমৃদ্ধি সুস্থির হবে না।৪.এই মুহূর্তে আমাদের বইপড়া কর্মসূচির সঙ্গে সারা দেশে আট লাখ ছেলেমেয়ে জড়িত রয়েছে। আগামী বছর এটা ১০ লাখ ছাড়াবে। এদের অধিকাংশই অন্তত পাঁচ বছর এই কার্যক্রমে থাকবে। এদের ১০ ভাগ ছেলেমেয়েও যদি আন্তরিক ও নিমগ্ন হয়, তবে ভাবতে পারি, প্রতি পাঁচ বছরে অন্তত এক লাখ সংস্কৃতিমনা ও মানবতাবোধসম্পন্ন ছেলেমেয়ে আমাদের সমাজে তৈরি হবে। যাদের চিত্ত শৈশব-কৈশোরে আলো আর সৌন্দর্যের স্পর্শ পাচ্ছে, যাদের মনের জানালা কমবেশি খুলছে, চোখের সামনে বড় স্বপ্ন এসে ভিড় করছে। তাদের বড় স্বপ্ন, বড় চাউনি জাতিকে একদিন সম্পন্ন কিছু উপহার দেবে, একি খুব অসম্ভব প্রত্যাশা? কে জানে এদের সংখ্যা আরও অনেক বেশি হবে কি না? তা ছাড়া ওই ১০ লাখ ছেলেমেয়ের প্রত্যেকের মনের ভেতর যে বিন্দু বিন্দু আলোর কণা জন্ম নিচ্ছে তার যোগফলটাও কি ফেলে দেওয়ার মতো? আর কে জানে, এই ব্যাপক আয়োজনের ভেতর থেকে প্রতিভার দীপ্তিতে প্রজ্বলিত এমন কিছু শক্তিমান মানুষ উঠে আসবে কি না যারা একদিন পুরো জাতিকে পাল্টে দেবে। পাঠক বা জ্ঞানবানেরাই তো চিরকাল পৃথিবীকে পাল্টে দিয়েছেন, আমাদের ব্যাপারে তা পুরো ব্যর্থ হবে এ কথাটাই বা কী করে ভাবি? ১০ লাখ ছেলেমেয়ের পর এখন আমাদের পেয়ে বসেছে ২০ লাখের স্বপ্ন। আমরা ভেবে দেখেছি, যদি প্রতি পাঁচ বছরে ২০ লাখ ছেলেমেয়েকে উৎকর্ষের সন্ধান দেওয়া যায় তাহলে ১৫ বছরে হয়তো ৬০ লাখ ছেলেমেয়ে এ থেকে উপকার পাবে। ভাবলে হয়তো ভুল হবে না যে তখন এর বিরাট সংখ্যাধিক্যের কারণে এ হয়ে উঠতে পারে একটা বড় ধরনের জাতীয় ঘটনা। সারা দেশে শুরু হতে পারে এর স্নোবল এফেক্ট। আনন্দময় সহমর্মিতার ভেতর দিয়ে বিপুলসংখ্যক মানুষের মধ্যে জন্ম নিতে পারে মানস-বাণিজ্য ও আত্মিক লেনদেন, উষ্ণতা-প্রেম-আনন্দ ও আলোর বিনিময়। হয়তো তখন বহুজন মিলে তৈরি করতে চাইবে একটা অর্থপূর্ণ জাতীয় স্বপ্ন—যে স্বপ্ন জাতির সমৃদ্ধির পক্ষে, আলোকিত জীবনের পক্ষে।৫.আমি সব সময় আশার কথা বলি এ জন্য যে, আশা জীবনের পক্ষে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা যদি ভাবতেন, যুদ্ধে তাঁরা হেরে যাবেন, পরাজয় অনিবার্য, সুসজ্জিত দুর্নিবার পাকিস্তানি বাহিনীর সঙ্গে কিছুতেই তাঁরা পারবেন না (যে ভাবনা ছিল খুবই সংগত) তাহলে তাঁরা কি জয়ী হতেন? নিশ্চয় তাঁরা ভেবেছিলেন, আমরা মরব, আমাদের মতো লাখ লাখ মানুষ প্রাণ দেবে, অনেক বিপর্যয় আসবে, কিন্তু মানুষের ভেতরকার পরাভবহীন শক্তি একদিন জয়ী হবেই। আমি মনে করি, মানুষের আশা ভুল হলেও তা উত্তম। কেননা তা জীবনসঞ্চারী। আশা থেকে মানুষের শক্তি বাড়ে, জগৎকে জয় করার সাহস ও আত্মবিশ্বাস জাগে। আমি স্বপ্ন দেখি, বাংলাদেশ একদিন আলোকিত হবে। ভাবতে ভালোবাসি, এই অসংখ্য মানুষের কোটি কোটি আলোর কণা উজ্জ্বল মশালের মতো জ্বলে উঠে একদিন দেশকে অন্ধকারমুক্ত করবে। আবদুল্লাহ আবু সায়ীদ: লেখক। প্রতিষ্ঠাতা, বিশ্বসাহিত্য কেন্দ্র।