আলোচনা অস্ত্র ছেড়ে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের তালেবান-প্রধান হাকিমুল্লাহ মেহসুদ এক ভিডিওবার্তায় বলেছেন, তাঁরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি, তবে অস্ত্র ছেড়ে নয়। গতকাল শুক্রবার তালেবানের এক ভিডিওবার্তায় তালেবান-প্রধান পাকিস্তান সরকারকে এ বার্তা দিয়েছেন বলে পিটিআইয়ের খবরে বলা হয়। খবরে বলা হয়, বার্তা ছাড়াও ৪০ মিনিটের ওই ভিডিওচিত্রে দেখানো হয়েছে, এ মাসেই পেশোয়ারে তালেবান তিনটি বড় ধরনের হামলা চালিয়েছে। এর মধ্যে বিমানবন্দরে বেশ কয়েকটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। বোমার বিস্ফোরণ ঘটিয়ে একজন জ্যেষ্ঠ রাজনীতিকসহ আটজনকে হত্যা করা হয়। এ ছাড়া গত বৃহস্পতিবার আধাসামরিক বাহিনীর ২২ জন সদস্যকে অপহরণ করেছে তালেবানরা। হাকিমুল্লাহ মেহসুদ বলেন, ‘আমরা আলোচনায় বিশ্বাস করি। কিন্তু তা কোনোভাবেই হালকা হওয়া উচিত নয়। আমাদের অস্ত্র ফেলে দিতে বলাটা কৌতুকের নামান্তর।’গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তালেবান বলেছে, ইসলামি শাসন চালু করতে পাকিস্তানে নতুন সংবিধান চায় তারা। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট ভেঙে আফগানিস্তানে যুদ্ধ বন্ধ করতে হবে। তালেবান হামলায় জ্যেষ্ঠ রাজনীতিক নিহত হওয়ার ঘটনায় মেহসুদ বলেন, ‘আমরা গণতান্ত্রিক পদ্ধতির বিপক্ষে, কারণ এটা ইসলামি নিয়ম মেনে চলে না। আর আমাদের সংগ্রাম কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেও নয়।’