আলোচনা আলোচনা খেলা!
কোনো দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, জানুয়ারিতে অনুষ্ঠিত নিরস্ত্রীকরণ সম্মেলনটি ছিল স্রেফ একটি অর্থহীন সম্মেলন।নিরস্ত্রীকরণ চুক্তি বিষয়ে ৬৫টি সদস্য দেশের একটি বহুপক্ষীয় সংগঠন রয়েছে। এ সংগঠনের সদস্যদেশগুলো নিরস্ত্রীকরণ চুক্তি বিষয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করে। বছরে ২৪ সপ্তাহজুড়ে সংগঠনটি আলাপ-আলোচনা চালায়। আর ১৫ বছর ধরে এভাবেই তারা কাজ করে আসছে। কিন্তু মজার ব্যাপার হলো এত আলোচনায় তাদের সাফল্যের খাতা একেবারেই শূন্য। একটি অস্ত্র নিয়েও তারা কোনো ধরনের মতৈক্যে পৌঁছতে পারেনি। দ্য ইকনোমিস্টের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।২০১২ সালকে একটি সফল বছর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে মার্চের মাঝামাঝি সময়ে নিরস্ত্রীকরণ চুক্তির ব্যাপারে একটি প্রস্তাব উপস্থাপন করে মিসর। এই আলোচ্যসূচির ওপর একনিষ্ঠভাবে কাজে ঝাঁপিয়ে পড়তে ফোরাম সদস্যদের অনুমতি দেওয়ার প্রস্তাব করে দেশটি।নিরস্ত্রীকরণ চুক্তিবিষয়ক আলোচনার প্রধান আলোচ্যসূচি হলো পরমাণু নিরস্ত্রীকরণ, পরমাণু অস্ত্রে ব্যবহূত উপাদানের উত্পাদন বন্ধবিষয়ক চুক্তি, পরমাণুশক্তিহীন রাষ্ট্রগুলোর ওপর পরমাণু অস্ত্র ব্যবহার না করার নিশ্চয়তা প্রদান এবং মহাশূন্যে অস্ত্র প্রতিযোগিতা প্রতিরোধ করা।কিন্তু পরমাণু নিরস্ত্রীকরণ-বিষয়ক কর্মসূচিতে বাধা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। ২০০৯ থেকেই তারা পরমাণু অস্ত্রে ব্যবহূত উপাদানের উত্পাদন-বিষয়ক আলোচনায় না যাওয়ার কথা জানিয়ে আসছে। ভারতের মজুদ পরমাণু ভান্ডারের কারণে ঈর্ষাণ্বিত হয়ে তারা এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে অনেকের ধারণা। ফলে বরাবরের মতো ১৬তম সম্মেলনটিও ব্যর্থতায় পর্যবসিত হয়।গত বছর অস্ট্রেলিয়া, মেক্সিকো ও নরওয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে সংগঠনের প্রধান আলোচ্যসূচি নিয়ে কাজ করার জন্য আলাদা কিছু দল তৈরি করার প্রস্তাব দেয়। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে পদক্ষেপটি কার্যকর হতে পারে।জাতিসংঘ মহাসচিবের হুঁশিয়ারি সত্ত্বেও পরমাণু শক্তিসমৃদ্ধ দেশগুলো সম্ভবত এই সম্মেলন চালিয়ে যাবে। পাকিস্তানের একগুঁয়েমিতে বিস্ময়ের কোনো কারণ ছিল না। মহাশূন্যে রাশিয়া ও চীনের পাল্লা দিয়ে অস্ত্র প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের বড়ই অপছন্দ। ফ্রান্স পরমাণু নিরস্ত্রীকরণের চেয়ে অন্য অস্ত্র কমানোর ব্যাপারে বেশি মনোযোগী।তবে বাস্তবতা হচ্ছে, সদস্যদেশগুলো মতৈক্যে পৌঁছানোর চেয়ে নিরস্ত্রীকরণ সম্মেলনটি নিষ্ক্রিয় রাখতেই বেশি পছন্দ করে। তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে যেকোনো কিছুকে ব্যর্থ করে দিতে এই সম্মেলনটিকে ব্যবহার করে।