আলোচনা করতেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আলোচনা করতেই হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় এর বিকল্প নেই। আলোচনায় যেতে না চাওয়া গণতান্ত্রিক আচরণ ও রীতিনীতির পরিপন্থী।বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গতকাল সংবাদ সম্মেলনে আলোচনার সুযোগ বা প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন। তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি বাতিল হলে লাগাতার কর্মসূচি দেওয়ারও হুমকি দেন তিনি। বিরোধীদলীয় নেতার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের নেতারা এসব কথা বলেন। বিশিষ্ট নাগরিকেরাও মনে করেন, আলোচনাই সমস্যা সমাধানের একমাত্র পথ। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ প্রথম আলোকে বলেন, রাজনীতিতে আলোচনা ছাড়া সমাধান হয় না। আর সরাসরি আলোচনায় না গেলে তৃতীয় পক্ষের মাধ্যমেও তা হতে পারে। তিনি বলেন, মানুষ হরতাল-অবরোধ সহ্য করে না। বাস্তবতার ভিত্তিতে রাজনীতি না হলে তা সার্থক হয় না।কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে কথা বলতেই হবে। পৃথিবীর গণতান্ত্রিক সব দেশেই আলোচনা হয়। কিন্তু বিরোধীদলীয় নেতার সবকিছুতেই ‘না’ বলা অভ্যাস। উনি আদালত মানেন না, খায়রুল হককে মানেন না, সংসদে প্রস্তাব দেবেন না। তাঁর রাজনীতি শুধু ‘না’ দিয়ে।এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেতার বক্তব্য একান্তই তাঁর বিষয়। সরকার জনগণের সেবা করে যাবে। মাঝপথে উনি বাধা দিলে আমরা তা অতিক্রম করেই কাজ করব।’ যোগাযোগ করা হলে ব্যারিস্টার রফিক-উল হক বলেন, শুধু রায় নিয়ে আলোচনার সুযোগ নেই। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে দুই নেত্রীর আলোচনা করতেই হবে। তিনি বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক। তাই দুই নেত্রী আলোচনা করে একটা ফর্মুলা বের করবেন, সিদ্ধান্তে পৌঁছাবেন বলে আশা করছি।’বেগম জিয়া গতকালের সংবাদ সম্মেলনে আদালতের রায় মানা বাধ্যতামূলক নয় বলে মন্তব্য করেন। এ সম্পর্কে রফিক-উল হক সংবিধানের ১১১ অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, সংসদ সার্বভৌম। রায় মানতে সংসদ বাধ্য নয়। তাই দুই নেত্রী যে সিদ্ধান্ত নেবেন, সেটাই চূড়ান্ত।সূত্রমতে, মহাজোটের নেতারা আদালতের রায় মেনে সমস্যার সমাধান চান। তাঁরা মনে করেন, নির্বাচন কমিশনকে কার্যকরভাবে স্বাধীন ও শক্তিশালী করা হলে তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই। কারণ, নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন, সরকার নয়। তা ছাড়া বর্তমান সরকারের সময়ে অনুষ্ঠিত কোনো উপনির্বাচন ও স্থানীয় নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি। এমনকি বিএনপির নেতা মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার বর্তমান সরকারের সময়েই উপনির্বাচনে বিজয়ী হয়েছেন।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিরোধী দল যদি রাজপথে সমস্যা সমাধান হবে বলে মনে করে, তাহলে তা ভুল হবে। আলোচনার মাধ্যমে সংসদেই সবকিছুর সমাধান হতে পারে।মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, আলোচনার সুযোগ নেই বলে বিরোধীদলীয় নেতা প্রমাণ করেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তাঁদের প্রধান ইস্যু নয়। তা না হলে তাঁরা ফর্মুলা নিয়ে আসতেন। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে অতীতে আন্দোলনের সময় আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার কথা বলেছি, কিন্তু তাঁরা আলোচনা করতে চাননি। তাই আলোচনায় যেতে না চাওয়া তাঁদের অসৎ উদ্দেশ্য বলে প্রতীয়মান হয়।’মহাজোটের অপর শরিক জাতীয় পার্টিও খালেদা জিয়ার বক্তব্যকে অগণতান্ত্রিক বলে মনে করে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রথম আলোকে বলেন, আলোচনার দরকার নেই বলে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তা দুঃখজনক। গণতান্ত্রিক রীতি অনুযায়ী রাজপথে রাজনৈতিক সমাধান হয় না। সবকিছুরই সংসদে সমাধান হয়।