আগামী নির্বাচন বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে একটি অবস্থানে পৌঁছাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রবীণ আইনজীবী রফিক-উল হক। আজ শনিবার এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ আহ্বান জানান।রফিক-উল হক বলেন, গণতন্ত্র ও আইনের শাসন যতক্ষণ না স্থাপন হবে, ততক্ষণ দেশের কোনো উন্নতি হতে পারে না। গণতন্ত্রের জন্য বিরোধী দল ও সরকারি দল সংসদে গিয়ে কথা বললে আমরা গণতন্ত্রের পথে এগোতে পারি। কিন্তু দুর্ভাগ্যজনক, বিরোধী দল সংসদে যাচ্ছে না কেন? আমি মনে করি সংসদের দুটি পক্ষ—সরকারি দল ও বিরোধী দল; বিরোধী দল ছাড়া সংসদ খোঁড়া ও চলতে পারে না।রাজধানীর বসুন্ধরা সিটির অষ্টম তলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসি এই বিতর্কের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে রফিক-উল হক বলেন, সংসদে সরকারি ও বিরোধী দলের সমান দায়িত্ব আছে। এই সভার মাধ্যমে আমি বিরোধী দলকে অনুরোধ করব, তাঁরা যেন সংসদে যান। তেমনি সরকারি দলকে বলব, বিরোধী দল সংসদে গেলে টিটকিরি মেরে ও ধিক্কার দিয়ে কিছু বলবেন না। তাঁরা এসেছে বলে স্বাগত জানাবেন। দুই পক্ষই ভালোভাবে একে অন্যের প্রতি সম্মান দেখিয়ে সংসদের কার্যক্রম চালাবেন। আগামী নির্বাচন প্রসঙ্গে রফিক-উল হক বলেন, নির্বাচন এসে গেছে। আট মাস বাকি আছে। তত্ত্বাবধায়ক সরকার না অন্তবর্তীকালীন সরকার—কার অধীনে নির্বাচন হবে, তা ঠিক করতে হবে। এখনই উপযুক্ত সময়। এখন সরকার ও বিরোধী দলকে মিলেমিশে আলোচনা করে এটি ঠিক করতে হবে।বিরোধী দলের উদ্দেশে প্রবীণ এই আইনজীবী বলেন, আজকের এ সংসদের মতো জাতীয় সংসদে গিয়ে একে অন্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে গঠনমূলক পরামর্শ দেবেন ও কাজ করবেন। পরামর্শ গ্রহণ হলো কি হলো না, তা বড় কথা নয়। বাইরে কথা না বলে সংসদে গিয়ে পরামর্শ দেবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রসঙ্গে রফিক-উল হক বলেন, জামায়াত নিয়ে প্রশ্ন উঠেছে। এর সুরাহা করতে হবে। সরকারকে স্পষ্টভাবে বলতে হবে, তারা কী চায়। সরকারি দল হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বিরোধী দল হিসেবে প্রাইম বিশ্ববিদ্যালয় ‘সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তাবয়ন’ বিষয় নিয়ে বির্তক করেন। এতে জয়ী হন প্রাইম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকেরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি হাসান আহমেদ চৌধুরী।